০৯:৫৪ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের শীর্ষ নেতাদের নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের বিরুদ্ধে ইকরামুল হাসান ফাহিম, যিনি ফাহিম ফারুকী নামে পরিচিত, তাকে আইনি নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে।
রোববার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফের পক্ষে এই নোটিশ পাঠানো হয়।
আরও পড়ুন: লালপুরে জামায়াতের আমির পদে আবুল কালাম, সেক্রেটারি মাসুদ পুনর্নির্বাচিত
নোটিশে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন।
এই অভিযোগগুলোর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সম্পর্ক, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ গ্রহণ, গোপন বৈঠক এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ বা গ্রহণযোগ্য দলিল উপস্থাপন করা হয়নি। নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য ও সমালোচনার সুযোগ থাকলেও প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সাল থেকে স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক স্বকীয়তা বজায় রেখে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরও পড়ুন: প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবেন ডা. শফিকুর রহমান
নোটিশে ফাহিম ফারুকীকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগগুলো প্রত্যাহার করে নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। যে মাধ্যমে বক্তব্য প্রচার করা হয়েছে, একই মাধ্যমে যথাযথ গুরুত্ব ও পরিসরে তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে দলের বিরুদ্ধে চলমান ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিযোগিতা রাজনীতির স্বাভাবিক সৌন্দর্য। তবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি উভয় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেল জানিয়েছে, এসব ঘটনার ধারাবাহিকতায় ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন