০৯:৫৭ পি.এম
ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়ের এক সরকারি শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যা ফেসবুকে ‘ইঙ্গিতপূর্ণ ও রহস্যজনক’ পোস্ট দেওয়ার কারণে হয়েছে। রবিবার (২২ নভেম্বর) নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
অভিযুক্ত শিক্ষক হলেন নারম মহসিন আকন্দ, যিনি নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে মহসিন আকন্দ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এখন শরীরে কাঁপন ধরেছে, আগামীতে আরও বাড়বে; কারণ ডিসেম্বরে শীতের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে।’ তিনি পোস্টে আন্তর্জাতিক পুরুষ দিবসসহ বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেন।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের
পোস্টটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। মন্তব্যের ঘরে বিভিন্ন ব্যক্তি পাল্টাপাল্টি ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। জাহিদুল ইসলাম নামের একজন মন্তব্য করেন, ‘আপনার চিন্তা রিয়েলিজম মনে করলেও এটা হাইপারবোল ছাড়া কিছু না।’ খুরশেদ আলম নামের আরেকজন মন্তব্য করেন, ‘পরোক্ষভাবে অনেক কিছুই বোঝালেন।’ অপর একজন প্রশ্ন করেন, ‘স্যার, আপনি সরকারের বেতন ঠিকমতো পাচ্ছেন কি না, সেটা বলেন?’ এ ছাড়া কয়েকজন তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেন। কেউ কেউ আবার ভিন্নমতও জানান।
বিষয়টি প্রশাসনের নজরে আসার পর নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেনেস্তারা সুলতানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের সাম্প্রতিক ফেসবুক পোস্টের বিষয়ে ইউএনও তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মহসিন আকন্দ বলেন, ‘ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আমি এই স্ট্যাটাস দিইনি। বর্তমানে আবহাওয়ার নিম্নচাপের পরিস্থিতি দেখে আসন্ন শীতে তীব্রতা বাড়তে পারে—নিছক এমন আশঙ্কা থেকেই কথাগুলো লিখেছিলাম।’
আরও পড়ুন: কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনোয়ারুল ইসলাম বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন