০৯:৪২ পি.এম
শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং শত বছরের ঐতিহ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব তিন দিনব্যাপী ওয়ানগালা শেষ হয়েছে।
উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে রোববার (২২ নভেম্বর) বিকেলে। মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশ, ওএমআই।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভায় সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু। অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুশসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা বক্তব্য দেন।
আরও পড়ুন: বৈশাখী টিভির ডিএমডি টিপু আলমকে গাজীপুর কারাগারে পাঠানো হল
তিন দিনের আয়োজনে গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা, ব্যান্ড সংগীত ও পুরস্কার বিতরণী অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও মান্দি ভাষায় বাণী পাঠ, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা, নকগাথা এবং নতুন ফসল কর্তনের প্রার্থনাসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়।
উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও বিভিন্ন সামগ্রীর অস্থায়ী মেলা বসে। এতে স্থানীয় গারো সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবস্থল মুখর হয়ে ওঠে।
গারো সম্প্রদায়ের কাছে ওয়ানগালা শুধুমাত্র আনন্দ-উৎসব নয়; এটি তাদের জাতিগত পরিচয়, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন ফসল ঘরে তোলার পর শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং পরিবারের ও সমাজের মঙ্গল কামনায় এই উৎসব উদ্যাপন করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় নবজাতকের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন