০২:২৯ এম
ফুটবল উন্মাদনায় কত কিছুই না ঘটে! তবে এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটেছে একটি ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘকাল ধরে প্রিয় দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছেন দুই ফুটবলপ্রেমী। আর এই দলবদল স্মরণীয় করে রাখতে তারা রীতিমতো ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে তা জানিয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এই ঘটনা সংগঠিত হয়।
দলবদলকারী ওই দুই যুবক হলেন রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী এবং ওহিদুল শেখ।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
স্থানীয়রা জানিয়েছেন, হাসিব ও ওহিদুল দীর্ঘদিন ধরেই ব্রাজিলের ভক্ত ছিলেন। তবে চলতি বিশ্বকাপ সেমিফাইনালে লিওনেল মেসির জাদুকরি এবং অসাধারণ পারফরম্যান্স তাদের মন জয় করে নেয়। মেসির ফুটবলশৈলীতে মুগ্ধ হয়ে তারা ব্রাজিলের মায়া ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
শনিবার সকালে টুঙ্গু বাজারে তারা ১০ লিটার খাঁটি দুধ এনে সবার সামনে গোসল করেন। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে ব্রাজিলের সমর্থক হিসেবে অতীত ধুয়ে-মুছে তারা এখন ‘খাঁটি’ আর্জেন্টিনার সমর্থক।
হাসিব মুন্সী বলেন, "আমরা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এককথায় অবিশ্বাস্য। মেসির এ ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে আমরা এখন থেকে আর্জেন্টিনা করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে আমরা দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম।"
ওহিদুল শেখ বলেন, "ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের খেপাবে জানি। কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। আমাদের এ দলবদলকে স্মরণীয় রাখতে দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।"
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
এদিকে, দুধ দিয়ে গোসল করে দলবদলের এই খবর দ্রুত টুকু বাজার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখানে উৎসুক জনতীর ঢল নামে। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে শত শত মানুষ ভিড় জমান। উপস্থিত অনেকেই এই দৃশ্যকে মুঠোফোনে ভিডিও করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে এখন নেটদুনিয়ায় হাসির রোল এবং তুমুল আলোচনা-সমালোচনা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন