ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কেনিয়ায় ১৯১ জন হত্যার দায়ে ধর্মীয় নেতার সাজা


কেনিয়ায় ১৯১ জন হত্যার দায়ে ধর্মীয় নেতার সাজা

কেনিয়ায় ১৯০ শিশু ও এক প্রাপ্তবয়স্ককে হত্যার দায়ে শুক্রবার সাজা ঘোষণা করা হবে ধর্মীয় গোষ্ঠীর নেতা পল ম্যাকেঞ্জির। তবে ভুক্তভোগীদের স্বজনরা উদ্বেগ প্রকাশ করছেন যে, তিনি কারাগারে গেলেও তার অনুসারীদের মধ্যে প্রাণঘাতী মতবাদ ছড়িয়ে দিতে সক্ষম হতে পারেন।

নিহতদের মধ্যে স্টিফেন মুইতির ছয় সন্তান রয়েছে। ২০২২ সালে তার স্ত্রী সন্তানদের নিয়ে শাকাহোলা বনে গিয়েছিলেন। সরকারি আইনজীবীদের অভিযোগ, ম্যাকেঞ্জি অনুসারীদের নিজেদের ও সন্তানদের না খেয়ে মৃত্যুর নির্দেশ দিয়েছিলেন, পৃথিবী ধ্বংস হওয়ার আগে স্বর্গে যাওয়ার আশায়। এটি ধর্মীয় গোষ্ঠীকে ঘিরে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি।

মুইতি চান, ম্যাকেঞ্জি ও তার সহযোগীদের কারাদণ্ড হলে তাদের আলাদা নির্জন কক্ষে রাখা হোক। এতে তারা অন্য বন্দিদের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন না। অভিযুক্তদের মধ্যে মুইতির স্ত্রীও রয়েছেন। ৪৮ বছর বয়সী মুইতি এ সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা বলেন। উপকূলীয় শহর মালিন্দিতে ছেলে স্যামুয়েলের কবর দেখতে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

মুইতির সন্তানদের নিয়ে বনে যাওয়ার সময় স্যামুয়েলের বয়স ছিল প্রায় সাত বছর। তার ছয় সন্তানের মধ্যে শুধু স্যামুয়েলের দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যদের মরদেহ এতটাই পচে গিয়েছিল যে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। শাকাহোলা বন থেকে উদ্ধার হওয়া ৪০০টির বেশি মরদেহের মধ্যে মাত্র ২৬ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন কর্মকর্তারা।

গত মাসে ম্যাকেঞ্জি ও তার সঙ্গে অভিযুক্ত ২৮ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মৃত্যুদণ্ডও হতে পারে। তবে কেনিয়ায় কয়েক দশক ধরে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। মুইতির স্ত্রীসহ বেশির ভাগ অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ম্যাকেঞ্জিও দাবি করেছেন, তিনি কাউকে জোর করে না খেয়ে থাকতে বাধ্য করেননি। তবে মুইতি তার এই দাবি মানতে নারাজ।

তিনি বলেন, ‘ধরে নিলাম, তার কথায় প্রভাবিত হয়ে প্রাপ্তবয়স্করা স্বেচ্ছায় উপবাস করতে রাজি হয়েছিলেন। কিন্তু শিশুদের কী অপরাধ ছিল? ময়নাতদন্তের প্রতিবেদনেও দেখা গেছে, স্যামুয়েলের মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে। সেটাও কি তার নিজের ইচ্ছায় হয়েছিল?’ কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাকেঞ্জি গ্রেপ্তার হওয়ার পরও তার অনুসারীরা তার মতবাদ প্রচার চালিয়ে গেছেন। গত বছর শাকাহোলার কাছের একটি গ্রাম থেকে আরো কয়েক ডজন মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। এসব মৃত্যুর সঙ্গে ম্যাকেঞ্জির ধর্মীয় গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

সন্তানদের শেষবার দেখার পর চার বছর পেরিয়ে গেছে। তবে এখনো তাদের হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি মুইতি। তিনি বলেন, ‘কাজ শেষে বাড়ি ফেরার পথে যখনই কোনো শিশুকে দেখি, আমি চমকে উঠি। কখনো কোনো শিশুকে আমার নিজের সন্তানের মতো দেখতে লাগে। তখন আমি ভীষণ ধাক্কা খাই।’ মালিন্দির একটি কবরস্থানে কাঠের ক্রুশের নিচে কবর দেওয়া হয়েছে স্যামুয়েলকে। সেখানে সন্তানদের কয়েকটি ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন মুইতি। সঙ্গে এনেছিলেন তাদের আগের স্কুলের কিছু পোশাক। সন্তানদের কবর দেওয়ার সময় এসব পোশাকও সঙ্গে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। মুইতি বলেন, ‘আমার কাছে এখন শুধু এই স্মৃতিগুলোই রয়ে গেছে।’

আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের বিরুদ্ধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের বিরুদ্ধে মানববন্ধন

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীবরদী শহরের কাচারী মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রেজাউল করিম বলেন, "আমি হঠাৎ উচ্চ রক্তচাপে ভূগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সেবা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বীথী ও ডা. মঞ্জুরুল আমার সাথে দুর্ব্যবহার করে। এবং সেখানে দায়িত্বরত আনসারদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।"

এছাড়া ওই মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী হাসপাতালের ডাক্তার ও কর্তব্যরত আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।

চিকিৎসকদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও শ্রীবরদী উপজেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, "আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা। উল্টো অভিযোগকারী রেজাউল করিমের বিরুদ্ধে হুমকি প্রদান করার কথা বলেন তিনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন গোলকিপার হেসুস ওউয়োনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন গোলকিপার হেসুস ওউয়োনো

মাঠের সংঘর্ষের ফলে প্রতিপক্ষ দলের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মর্মান্তিক মৃত্যুর কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন ইকুয়েটোরিয়াল গিনির গোলকিপার হেসুস ওউয়োনো। ২৫ বছর বয়সি এই গোলরক্ষক শোক ও মানসিক আঘাত সামলে উঠতে না পেরে জাতীয় দল থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি চলতি মাসে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে দলের হয়ে খেলবেন না। বৃহস্পতিবার ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে আন্দোরা ও তেনেরিফের মধ্যে সংঘর্ষ ঘটে। ম্যাচ চলাকালে বল দখলের চেষ্টায় আন্দোরার গোলরক্ষক ওউয়োনোর সঙ্গে সংঘর্ষ হয় তেনেরিফের ফরোয়ার্ড দে মিগেলের। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে মারা যান এই ফুটবলার।

ইকুয়েটোরিয়াল গিনির ফুটবলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ওউয়োনো। কৈশোর থেকেই জাতীয় দলের গোলপোস্ট সামলানো এই গোলরক্ষক গত তিনটি আফ্রিকা কাপ অব নেশন্সেও ছিলেন দলের প্রথম পছন্দ। ২০২৭ সালের আসরের বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেও তিনি খেলেছিলেন।

তবে সতীর্থের এমন মর্মান্তিক মৃত্যুর পর আপাতত ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ওউয়োনো। এর ফলে আগামী ১২ নভেম্বর নিজেদের মাঠে এবং ১৬ নভেম্বর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে তাকে পাচ্ছে না ইকুয়েটোরিয়াল গিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের মানসিক অবস্থার কথা তুলে ধরেন ওউয়োনো। তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং ঘটে যাওয়া ঘটনাটি মেনে নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ওউয়োনো লেখেন, এই মুহূর্তে কীভাবে নিজের অনুভূতি প্রকাশ করবেন, তা খুঁজে পাচ্ছেন না তিনি। ঘটনাটি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হলেও যথাযথ সম্মান বজায় রেখে সেসবের জবাব দেবেন। তবে এখন তার চিন্তাজুড়ে শুধুই মিগেল ও তাকে হারানোর অসহনীয় বেদনা। বার্তার শেষে প্রয়াত ফুটবলারের আত্মার শান্তি কামনা করেন তিনি।

এদিকে মিগেলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও হয়রানির শিকার হতে হয়েছে ওউয়োনোকে। তার পোস্টে অনেকে আক্রমণাত্মক মন্তব্য করার পাশাপাশি ‘খুনি’ বলেও আখ্যা দেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন তিনি।

এই কঠিন সময়ে গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছে ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে ওউয়োনোর প্রতি পূর্ণ সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেছে সংস্থাটি। একই সঙ্গে জানিয়েছে, তরুণ এই গোলরক্ষক বর্তমানে গভীর শোক ও তীব্র মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান জানালেন আনসার মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান জানালেন আনসার মহাপরিচালক

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আনসার সদস্যদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি উল্লেখ করেছেন, দেশের পাঁচ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং কেপিআইয়ের নিরাপত্তায় প্রায় ৫৫ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা এবং জরুরি পরিস্থিতিতে বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো দেশের গুরুত্বপূর্ণ স্থানে ডাকাতির চেষ্টা প্রতিহত করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধে অঙ্গীভূত আনসার সদস্যরা সাহসিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এই অবদান বাহিনীর গৌরব ও মর্যাদাকে সমুন্নত রেখেছে।

অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে আবদুল মোতালেব বলেন, তাদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত রেস্ট প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি আবাসন ব্যবস্থার উন্নয়ন, নিজ বিভাগে বদলির সুযোগ সৃষ্টি এবং রেশন ব্যবস্থার মান ও পরিমাণ বৃদ্ধিসহ সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাহিনীর সংস্কার ও সদস্যকল্যাণে গৃহীত উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় অঙ্গীভূত আনসার সদস্যদের প্রশিক্ষণকে আরও যুগোপযোগী করা হয়েছে। মৌলিক প্রশিক্ষণে শারীরিক সক্ষমতা, সাধারণ ও অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র পরিচালনা, নিরাপত্তা পদ্ধতি, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি মূল্যায়ন, আইন ও বিধিবিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গর্বিত আনসার। এই পরিচয় তাদের জন্য যেমন সম্মানের, তেমনি দেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও অঙ্গীকার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন অঙ্গীভূত আনসার সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।

গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনব্যাপী অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬৫৪ জন অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণে ফায়ারে প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা জেলার কাজী আবু সাঈদ, ড্রিলে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী জেলার ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন খাগড়াছড়ি জেলার সাবিকুর রহমান। কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার বিতরণ ও বিশেষ অভিনন্দন জানান মহাপরিচালক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুচকাওয়াজ শেষে তুরষ্ক জেন্ডামেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় একটি দাঙ্গা প্রতিরোধ নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে মহাপরিচালক বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আনসার ব্যাটালিয়ন, আনসার গার্ড ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যরা নিজস্ব সক্ষমতায় দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। দাঙ্গা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর এই সক্ষমতার প্রতিফলন সম্প্রতি গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন মোকাবেলায়ও পরিলক্ষিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) সাইফুল্লাহ রাসেল, তুরস্ক থেকে আগত প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-প্রশিক্ষক এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯২ বছরের শিক্ষক ডেরেক বার্কারের বিরুদ্ধে বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


৯২ বছরের শিক্ষক ডেরেক বার্কারের বিরুদ্ধে বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনার অভিযোগ

যুক্তরাজ্যের একটি আবাসিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি এক বালককে ধর্ষণে সহপাঠীকে প্ররোচনা দিয়েছেন। ৯২ বছর বয়সী ডেরেক বার্কারের বিরুদ্ধে চারটি বালকের ওপর যৌন নিপীড়নের আটটি অভিযোগের বিচার চলছে।

বুধবার (৪ নভেম্বর) ব্রিস্টল ক্রাউন কোর্টে অনুষ্ঠিত শুনানিতে এক ভুক্তভোগী জানান, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে সমারসেটের মনকটন কম্বে স্কুলে শিক্ষকতা করার সময় বার্কার তাকে স্কুলের ভেতরে নিজের ফ্ল্যাটে যেতে বলেছিলেন। সেখানে এক জ্যেষ্ঠ শিক্ষার্থী তাকে ধর্ষণ করে। এ সময় বার্কার উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনার আয়োজন করেছিলেন বলে ভুক্তভোগীর অভিযোগ।

ভুক্তভোগী আরও জানান, বার্কার সরাসরি তাকে নির্যাতন না করলেও তিনি ধর্ষণের পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। পরে তাকে পোশাক পরে ক্লাসে যেতে বলেন। একইভাবে একাধিকবার নির্যাতনের শিকার হওয়ার কথাও তিনি পুলিশকে জানিয়েছেন।

২০২২ সালে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন। তবে বার্কারের আইনজীবী তাবিথা ম্যাকফারলেন আদালতে জানান, তার মক্কেল সকল অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সময় উপস্থিত থাকা কিংবা ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগও তিনি মানেননি।

বার্কারের বিরুদ্ধে তিনটি ধর্ষণে সহায়তা ও প্ররোচনা, তিনটি শিশুর সঙ্গে অশালীন আচরণ এবং দুটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। মামলার বিচার চলছে। সূত্র: ইয়াহু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%