ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলন বিচার বিভাগের পদত্যাগ করেছেন


ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলন বিচার বিভাগের পদত্যাগ করেছেন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের প্রধান হারমিত ধিলন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ধিলন তার দায়িত্ব পালনকালে বিভাগটির কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ধিলন প্রথম পদত্যাগকারীদের একজন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পদত্যাগপত্রে ধিলন উল্লেখ করেন, গত অক্টোবরেই তিনি হোয়াইট হাউসকে পদ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পদত্যাগের পর তিনি নিজের আইন প্রতিষ্ঠান ‘দ্য ধিলন ল গ্রুপে’ ফিরে যাবেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন।

আরও পড়ুন: পশ্চিম তীরে দরজা ভেঙে ফিলিস্তিনিদের আরও আটটি বাড়ি দখল

ধিলনের নেতৃত্বে বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগে বড় ধরনের পুনর্গঠন করা হয়। ঐতিহাসিকভাবে বিভাগটি ভোটাধিকার সুরক্ষা এবং বর্ণবৈষম্যবিরোধী আইন বাস্তবায়নে কাজ করত। তবে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার অনুযায়ী এর কার্যক্রমে পরিবর্তন আনা হয়। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ (ডিইআই) চ্যালেঞ্জ করা, বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদিবিদ্বেষের অভিযোগ তদন্ত এবং অস্ত্র বহনের অধিকারসংক্রান্ত মামলা গুরুত্ব পায়।

এসব পরিবর্তনের ফলে বিভাগটির দীর্ঘদিনের কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে অনেক অভিজ্ঞ কর্মকর্তা চাকরি ছেড়ে দেন। ধিলনের অভিযোগ ছিল, বিভাগের আইনজীবীরা আগে উদারপন্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিতেন এবং ট্রাম্প প্রশাসনের নীতি বাস্তবায়নে অনাগ্রহী ছিলেন।

পদত্যাগের ঘোষণায় নিজের দায়িত্বকালকে সফল হিসেবে তুলে ধরেছেন ধিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, অবৈধ ডিইআই কার্যক্রমের পতন ঘটানো এবং নারীদের ও মেয়েদের খেলাধুলার অধিকার সুরক্ষায় তারা লড়াই করেছেন। এ জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

তবে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিচার বিভাগে পদোন্নতি না পাওয়ায় ধিলন হতাশ ছিলেন। এ কারণে নিজের আইন প্রতিষ্ঠানকে নতুন করে শক্তিশালী করতে তিনি সেখানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ট্রাম্পের কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ, যুদ্ধের অবসানে প্রচেষ্টা

বিশ্ববিদ্যালয়গুলোতে চাপ ও বিতর্কিত তদন্ত

ধিলনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগ। এসব তদন্তের মূল বিষয় ছিল ইহুদিবিদ্বেষ, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক নীতি এবং হিজড়া ব্যক্তিদের অধিকারসংক্রান্ত অভিযোগ।

এসব তদন্তের ফলে দেশটির কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শত শত মিলিয়ন ডলারের সমঝোতা আদায় করে ট্রাম্প প্রশাসন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টকেও পদত্যাগ করতে হয়। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বড় অঙ্কের অর্থ দিতে অস্বীকৃতি জানিয়ে প্রশাসনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা করে।

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে অ-নাগরিকদের ভোট দেওয়া ঠেকানোর প্রচেষ্টায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভাগটি। যদিও স্বাধীন পর্যালোচনায় দেখা গেছে, দেশটিতে অ-নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যের বিরুদ্ধে বিচার বিভাগ একাধিক মামলা করলেও সেগুলোতে হেরে যায়। মঙ্গলবারের নির্বাচনে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য প্রায় এক হাজার কর্মীও মোতায়েন করা হয়েছিল।

আরও পড়ুন: ইরান: হামলার ক্ষেত্রে ভৌগোলিক সীমা মানবে না

এ ছাড়া ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলায় যুক্ত ছিল বিভাগটি। গত জানুয়ারিতে মিনেসোটায় ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে একটি গির্জার উপাসনাকর্মে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সিএনএন উপস্থাপক ডন লেমনসহ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে বিভাগটি।

এ ছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার দিন ট্রাম্পের ভূমিকা নিয়ে কংগ্রেসে সাক্ষ্য দেওয়া সাবেক হোয়াইট হাউস সহযোগী ক্যাসিডি হাচিনসনের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনার চেষ্টা করেছিল বিভাগটি। তবে সেই চেষ্টা সফল হয়নি।

অন্যদিকে, নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাস্টিস কানেকশনের প্রধান স্টেসি ইয়ং ধিলনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। তার ভাষায়, প্রায় ৭০ বছর ধরে নাগরিক অধিকার বিভাগ মার্কিন নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে অধিকার সুরক্ষার আইন বাস্তবায়নে কাজ করেছে। কিন্তু ধিলন সেই প্রতিষ্ঠানকে কার্যত ধ্বংস করে দিয়েছেন।

আরও পড়ুন: এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ এম


নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ, তদন্ত চলছে

ক্ষমতা ছাড়তে রাজি নন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নির্বাচনে পরাজয়ের পরও। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ভোটের ফল পাল্টাতে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ব্যবহার করা হচ্ছে। বিরোধী রাজনীতিক এবং বিশ্লেষকেরা এই ঘটনার প্রেক্ষিতে নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি ভোটারদের ভোট নিয়ে তদন্ত শুরু করেছে শিন বেত। এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির প্রধান ডেভিড জিনি। নির্বাচনে জালিয়াতি, ঘুস এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে, এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

সমালোচকদের মতে, ফিলিস্তিনিপন্থী রাজনৈতিক দল রা'আম ও জয়েন্ট লিস্টের নির্বাচনী সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতেই এই তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, উক্ত দল দুটি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন লাভ করেছে। নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে।

মঙ্গলবার, শিন বেত মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদক আবদ আবু শাহাদেহকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে নিরাপত্তাসংশ্লিষ্ট তদন্তের কথা জানানো হয়েছে। এছাড়াও, ফিলিস্তিনি রাজনৈতিক নেতা আহমাদ তিবি, সামি আবু শাহাদেহ, মানসুর আব্বাস ও আয়মান ওদেহকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে গোয়েন্দা সংস্থাটি, এমন খবর প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম।

ইসরাইল বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেছেন, দেশের গণতন্ত্র বর্তমানে হুমকির মুখে রয়েছে। বুধবার তিনি অভিযোগ করেন যে, পুলিশ বিনা পরোয়ানায় রাজনৈতিক কর্মীদের আটক করছে। শিন বেত নির্বাচিত জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে, কোনো প্রমাণ ছাড়াই। একই সঙ্গে বিদায়ী সরকার নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকার করছে।

পরে, গোলান নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা এবং জোর করে ক্ষমতা দখলের অভিযোগ তোলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লাপিদও একই ধরনের অভিযোগ করেছেন। তিনি মঙ্গলবার বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে থাকা সরকারের অনুগত ব্যক্তিদের সহযোগিতায় নেতানিয়াহু গণতন্ত্রকে ধ্বংস এবং নির্বাচনের ফল চুরি করার চেষ্টা করছেন।

বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটও নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলের গণতন্ত্রকে পরিকল্পিতভাবে দুর্বল করার অভিযোগ তুলেছেন। তাঁর মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, রাজপথে উত্তেজনা সৃষ্টি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দুর্বল করার মাধ্যমে এই প্রচেষ্টা চালানো হচ্ছে।

ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজের সাংবাদিক আমোস হেরেলও নেতানিয়াহুর কর্মকাণ্ডকে অভ্যুত্থানের চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, প্রধানমন্ত্রী, তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং নিরাপত্তা ও সংবাদমাধ্যমের কিছু অংশ মিলে দেশটিকে ইতিহাসের সবচেয়ে গুরুতর সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

এদিকে, বুধবার ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি, ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগও কমিশন নাকচ করেছে।

তবে, শিন বেতের তদন্ত অব্যাহত রয়েছে। সংস্থাটির তদন্ত সম্পর্কে অবগত একটি সূত্র ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে জানিয়েছে, এসব তদন্তের পক্ষে প্রাথমিক পর্যায়ের প্রমাণও নেই। কোনো আইনপ্রণেতাকে তদন্তের আওতায় আনতে হলে অনুমানের চেয়ে অনেক বেশি তথ্য-প্রমাণ প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী জালিয়াতির অভিযোগে এক হাজারের বেশি অভিযোগ পর্যালোচনা করেছে শিন বেত। কিন্তু একটিকেও বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করা হয়নি।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে এ-সংক্রান্ত মাত্র একটি তদন্ত শুরু হয়েছিল। নেতানিয়াহুর জোট নির্বাচনে হেরে যাচ্ছে, তা স্পষ্ট হওয়ার পর বাকি তদন্তগুলো শুরু হয়।

শিন বেতের প্রধান ডেভিড জিনি গত বছর নেতানিয়াহুর নিয়োগ পেয়েছিলেন। তাঁর কট্টর ডানপন্থী অবস্থান এবং ইসরাইলের বসতি স্থাপনকারী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে শুরু থেকেই সমালোচনা রয়েছে।

ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর এক সূত্র অভিযোগ করেছে, জিনি কোনো প্রমাণ ছাড়াই বিভিন্ন ব্যক্তির নাম সামনে আনছেন এবং ক্ষমতাসীন লিকুদ পার্টির বক্তব্যের প্রতিধ্বনি করছেন। এতে কয়েক দশকের মধ্যে শিন বেতের প্রতি সবচেয়ে বড় আস্থার সংকট তৈরি হয়েছে।

এদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর শিন বেতের তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন সংস্থাটির উপপ্রধান। তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত। তদন্তকারীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্ত্বেও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেল-সার-গার্মেন্টসকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ এম


তেল-সার-গার্মেন্টসকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা ভাটা পড়েছে। সবাই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, "রাজনীতি যদি আমরা ধরে রাখতে না পারি, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের পরিণতি খারাপ হবে। রাজনৈতিক যেকোনো কর্মসূচিতে আমাকে ডাকবেন, আমি চলে আসব।"

আসাদুল হাবিব দুলু আরও জানান, নানা সংকটের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, "সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কখনো তেল, কখনো সার, আবার কখনো গার্মেন্টস খাতকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এগুলো সবই উসকানি, এগুলো কোনো সমস্যা নয়। আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।"

মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বলেন, ১০ ডিসেম্বরের আগে তফসিল ঘোষণা হতে পারে। এ কারণে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, ২ আসনের এমপি আব্দুস ছালাম এবং ৩ আসনের এমপি জাহিদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে পর্যটকে প্রাণ ফিরেছে, দ্বীপবাসী স্বস্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ এম


সেন্টমার্টিনে পর্যটকে প্রাণ ফিরেছে, দ্বীপবাসী স্বস্তিতে

দীর্ঘ ১০ মাসের বিরতির পর আবারও দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের পদচারণা শুরু হয়েছে। নীল সমুদ্র, স্বচ্ছ জলরাশি এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন। পর্যটকদের আগমনে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ বিরতির পর এই দ্বীপে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ফিরিয়ে আনার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সেন্টমার্টিনের স্বচ্ছ নীল জলরাশি, শান্ত সমুদ্র এবং দিগন্তজোড়া সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করছে। ছোট ছোট ঢেউয়ের সঙ্গে উপকূলে ভিড়ছে ডিঙি নৌকা। প্রকৃতির এমন রূপ উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে দ্বীপে আসছেন ভ্রমণপিপাসুরা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চলতি পর্যটন মৌসুমে একটি জাহাজে করে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পৌঁছান ৮৩০ পর্যটক। প্রায় ছয় ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে দ্বীপে পৌঁছেই অনেকে এর সৌন্দর্য উপভোগে মেতে ওঠেন। কিছু পর্যটকের কাছে এটি প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা, আবার কারও জন্য নীল জলরাশির মাঝে আনন্দঘন সময় কাটানোর সুযোগ।

প্রথমবার সমুদ্র দেখতে এসে উচ্ছ্বসিত পর্যটক তামান্না রহমান বলেন, ‘আগে কখনো সমুদ্র দেখা হয়নি। জীবনে প্রথমবার সমুদ্র দেখতে এসেছি। সেন্টমার্টিনের মতো সুন্দর একটি জায়গায় আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটি আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। তার ওপর প্রথমবার দ্বীপে এসে ফুল উপহার পেয়ে আনন্দটা যেন আরও বেড়ে গেছে।’

পর্যটক ফারাহ খানম মন্তব্য করেন, ‘এখানকার নীল সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই অসাধারণ। এই সুন্দর পরিবেশে অনেক ছবি তোলার ইচ্ছে রয়েছে। বিশেষ করে সেন্টমার্টিনে বেশি বেশি ছবি তুলব, যাতে এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে পারি।’

সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ আরেক পর্যটক হাবিব উল্লাহ বলেন, ‘এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে, সমুদ্রকে এত কাছ থেকে এবং এত সুন্দরভাবে উপভোগ করতে পারব, তা কখনো কল্পনাও করিনি। আমরা খুবই আনন্দিত। পাশাপাশি আমরা সবাই চাই, দ্বীপের এই অপরূপ প্রাকৃতিক পরিবেশ যেন অক্ষুণ্ন থাকে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই সচেতন ও দায়িত্বশীল হওয়া উচিত।’

দ্বীপের বাজার ও পর্যটন সংশ্লিষ্ট এলাকাগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ ১০ মাস পর্যটক না থাকায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকানপাট এবং পরিবহন খাতে যে স্থবিরতা তৈরি হয়েছিল, পর্যটকদের আগমনে তা কাটতে শুরু করেছে। হোটেলকর্মী, ইজিবাইকচালক, দোকানি থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের ব্যস্ততা বেড়েছে।

দ্বীপের হোটেল ব্যবসায়ী আলী হোসেন জানান, ‘দীর্ঘ ১০ মাসের প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সেন্টমার্টিন। এতে আমাদের ব্যবসায়িক ব্যস্ততা অনেক বেড়েছে। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আগমনে আমরা আনন্দিত এবং নতুন করে আশার আলো দেখছি।’

ইজিবাইকচালক রফিক বলেন, ‘এখন পর্যটকদের আগমন শুরু হওয়ায় আমাদের কাজের ব্যস্ততা বাড়বে। পর্যটকের সংখ্যা যত বাড়বে, আমাদের আয়ও তত বাড়বে বলে আশা করছি। দীর্ঘদিন পর পর্যটকদের আগমনে আমরা বেশ আশাবাদী।’

পর্যটকদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। ব্যবসায়ী শাহাবউদ্দিন বলেন, ‘পর্যটকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা সব সময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করি। খাবারের মান বজায় রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ভালো খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দেব, যাতে পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে খাবার খেতে পারেন।’

পর্যটকদের সেবা এবং হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করার বিষয়েও স্থানীয় ব্যবসায়ীরা গুরুত্ব দিচ্ছেন। সেন্টমার্টিন দ্বীপের হোটেল-রিসোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেফায়েত উল্লাহ বলেন, ‘পর্যটকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, নির্বিঘ্নে দ্বীপে চলাফেরা করতে পারেন এবং যথাযথ সেবা পান, সে বিষয়ে তারা নজরদারি করছেন। পর্যটকেরা যেন স্বাচ্ছন্দ্যে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।’

পর্যটকদের আগমনের পাশাপাশি দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে পুলিশ ও কোস্টগার্ড। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরওয়ার উদ্দিন বলেন, ‘দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার চেষ্টা করছি। এ ক্ষেত্রে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।’

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। পর্যটকবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল দেয়া হচ্ছে। যাত্রাপথে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা দুর্ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিতে কোস্টগার্ডের জাহাজ ও বোট প্রস্তুত রয়েছে। জরুরি পরিস্থিতিতে পর্যটক ও যাত্রীদের সহায়তায় কোস্টগার্ড সদস্যরা তৎপর রয়েছেন।

প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের সেন্টমার্টিন দ্বীপে বসবাস করেন ১১ হাজারের বেশি মানুষ। তাদের বড় একটি অংশের জীবিকা পর্যটননির্ভর। ফলে পর্যটকদের আগমন দ্বীপের মানুষের জন্য অর্থনৈতিক স্বস্তি নিয়ে এসেছে। তবে একই সঙ্গে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। পর্যটন, স্থানীয় মানুষের জীবিকা এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকুর দায় শোধের পর দেশের রিজার্ভ কমে ৩৪.৮৫ বিলিয়ন ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ এম


আকুর দায় শোধের পর দেশের রিজার্ভ কমে ৩৪.৮৫ বিলিয়ন ডলারে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য আকুর বিল পরিশোধের পর ১ হাজার ৬৪২ দশমিক ৪৬ মিলিয়ন বা ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে ৫ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮৫৫ দশমিক ৮১ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৯৮৫ দশমিক ৭৫ মিলিয়ন বা ২৯ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

গত ৪ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৩৮৩ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৬.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৫১৫ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩১.৫১ বিলিয়ন ডলার।

এটি উল্লেখযোগ্য যে, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।

আকু কী?

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশসহ এশিয়ার ৯টি দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানিসংক্রান্ত লেনদেন আকুর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আমদানি বিল পরিশোধের ফলে রিজার্ভ সাময়িকভাবে কিছুটা হ্রাস পায়।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর ইরানের তেহরানে অবস্থিত। আকুর সদস্যদেশগুলো হলো-বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%