মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৪৯ পি.এম
নেত্রকোনার পূর্বধলার বিএনপির রাজনীতিতে বিভিন্ন গ্রুপের তৎপরতার মধ্যে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে তিন দিনে তিনটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০, ২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত এসব সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ আবু তাহের তালুকদার। সভায় সভাপতিত্ব করেন মনসুর আজাদ খোকন আকন্দ এবং সঞ্চালনা করেন নাজমুল হুদা ফিরোজ।
পরদিন ২১ অক্টোবর জামতলা বাজারের অস্থায়ী কার্যালয়ে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার।
সর্বশেষ ২৩ অক্টোবর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান। জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি। সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে পৃথক সময়ে একাধিক প্রস্তুতি সভা আয়োজন পূর্বধলার স্থানীয় রাজনৈতিক তৎপরতাকে আলোচনায় এনেছে। তবে এসব সভা দলীয় গ্রুপিংয়ের কারণে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো বক্তব্য বা তথ্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি পূর্বধলার বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক সম্পর্ক কেমন—তা নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করে সে।
নিহত সাব্বির কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়ার বাসিন্দা মিলন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে কসবার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সাব্বির। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় পাঠান। পরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
মাত্র ১৫ বছর বয়সে সাব্বিরের এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘মৌসুমি রাজনীতিবিদ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাক্বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, থানায় গিয়ে রুমিন ফারহানা এক ধরনের ‘মব’ করেছেন এবং ওসিকে ‘চোর’ বলে সম্বোধন করেছেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলেন। কিন্তু বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি দলটির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন।
তিনি আরও বলেন, রুমিন ফারহানা অনেকটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। তাঁর দাবি, প্রয়োজন অনুযায়ী আওয়ামী লীগকে ব্যবহার করছেন রুমিন ফারহানা এবং পরে সেই দলকে নিয়ে সমালোচনা করছেন।
রাশেদ খাঁনের ভাষ্য, “আমার মনে হয় রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন। মানে যখন যেদিকে জোয়ার থাকে, সেদিকে যাওয়ার চেষ্টা করেন।”
তিনি আরও দাবি করেন, রুমিন ফারহানা একসময় মনে করেছিলেন বিএনপি তাঁকে আর দলে ফিরিয়ে নেবে না। এ কারণে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে—এমন সম্ভাবনা বিবেচনায় নিয়ে তিনি কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।
সরাইল থানায় কী ঘটেছিল?
এর আগে নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে সরাইল থানায় যান। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর বাক্বিতণ্ডা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
এদিকে, শুক্রবার ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির নাম উচ্চারণ করলেই বার্সেলোনায় তার ট্রফি জয়ের অসংখ্য ইতিহাস মনে পড়ে। কিংবদন্তি জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কার্লেস পুয়োলের মতো তার সতীর্থদের সঙ্গে তিনি সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। তবে এই ফুটবল মহাতারকের কাছে কাতালান ক্লাবটির সোনালি দিনগুলো কেবল ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোও ছিল সমান গুরুত্বপূর্ণ।
স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার গ্রহণের সময় স্প্যানিশ সংবাদ সংস্থা ‘এফে’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, মেসি তার খেলোয়াড়ি জীবন, বার্সেলোনার প্রতি ভালোবাসা, বিশ্বকাপ জয় এবং প্রয়াত বাবা হোর্হে মেসিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলা এই আর্জেন্টাইন তারকা বার্সেলোনার ড্রেসিংরুম ও অনুশীলনের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, ‘আমাদের সবকিছু জেতার সৌভাগ্য হয়েছিল, এবং যে শৈলীতে আমরা জয়ী হয়েছিলাম সেটাও ছিল বিশেষ। আমরা মাঠে নেমে জিততে ভালোবাসতাম, কিন্তু তারচেয়েও বেশি উপভোগ করতাম প্রতিদিনের অনুশীলনের সময়টুকু। সতীর্থদের সাথে কাটানো সেই দিনগুলো ছিল দারুণ আনন্দের।’
ফ্রান্সের পিএসজিতে খেলার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও বার্সেলোনা এখনও তার কাছে ‘প্রাণের ক্লাব’। তিন সন্তানের জন্মও এই শহরে। তাই বার্সেলোনা শহর ও ক্লাবের সঙ্গে তার সম্পর্ককে ফুটবলের সীমা ছাড়িয়ে এক চিরন্তন ভালোবাসার বন্ধন হিসেবেই দেখেন তিনি।
ক্লাব ফুটবলে দ্রুত সাফল্য পেলেও আকাশী-সাদা জার্সিতে বিশ্বকাপ জয়ের জন্য মেসিকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সেই স্বপ্নপূরণকে ‘স্বপ্নের চেয়েও বড় কিছু’ বলে অভিহিত করেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে করা দুটি গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন উল্লেখ করে মেসি জানান, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও এল ক্লাসিকোর ঐতিহাসিক গোলগুলোর মতোই স্পেশাল ছিল ফাইনালের সেই মুহূর্ত দুটি।
সাক্ষাৎকারের এক পর্যায়ে গত আগস্টে প্রয়াত বাবা হোর্হে মেসিকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা পাওয়ার খবরে তার বাবা দারুণ রোমাঞ্চিত ছিলেন। ব্যস্ত সূচির মধ্যেও ওবিয়েদোয় গিয়ে পুরস্কারটি গ্রহণ করার তাগিদ দিয়েছিলেন বাবাই। বাবার অকালপ্রয়াণে শোক প্রকাশ করে মেসি বলেন, খেলাধুলার অর্জনের বাইরে পাওয়া এই বিশেষ সম্মাননাটি স্বচক্ষে দেখে যেতে পারলে তার বাবা সবচেয়ে বেশি আনন্দিত হতেন।
ক্যারিয়ারের একেবারে শুরুর দিনগুলো থেকে বাবা হোর্হে মেসির দেওয়া একটি মূলমন্ত্র আজও হৃদয়ে লালন করেন এই কিংবদন্তি। বাবার স্মৃতি টেনে মেসি বলেন, ‘বাবা সবসময় বলতেন—কখনও চেষ্টা থামাবে না। বল পায়ে নাও এবং আবার চেষ্টা করো। জিতলে বা হারলে সেই মুহূর্তেই আটকে থেকো না, কারণ নতুন করে চেষ্টা করার সুযোগ বারবার আসবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
লোহিত সাগর ও কৌশলগত হরমুজ প্রণালিতে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা এবং সৌদি আরবে হুথি বাহিনীর আক্রমণের ফলে অঞ্চলটিতে সংঘাতের আরও বিস্তার ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ১১টা ৩৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৪ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১১৫ ডলারে পৌঁছায়, যা গত ৪ মে-র পর সর্বোচ্চ।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০০ ডলার ৯৫ সেন্টে পৌঁছেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়তে চলেছে। চলতি সপ্তাহেই এর দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। তবে সপ্তাহ শেষে ডব্লিউটিআইয়ের দাম ০ দশমিক ৫ শতাংশের মতো কম থাকতে পারে।
সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বাহরাইনের কাছাকাছি উপসাগরীয় অঞ্চলের ধাহরানে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘সৌদি আরামকো’।
সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক ব্যাংক ইউবিএসের জ্বালানি বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো মন্তব্য করেন, সংঘাতের আরও বিস্তার ঘটার আশঙ্কা বাজারে প্রবল। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে। তার মতে, সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা ও পণ্য পরিবহনের উচ্চ ব্যয়ের কারণে বাজারে সরবরাহের স্পষ্ট ঘাটতি তৈরি হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথিদের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান। ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশমুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
আর্থিক পরিষেবা সংস্থা এক্সএস ডটকমের বিশ্লেষক লিন ট্রান বলেন, সরবরাহে প্রকৃতপক্ষে কতটা বিঘ্ন ঘটছে এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কত সময় লাগছে, তা বাজার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ, এসব বিষয়ের ওপরই তেলের চড়া দাম কত দিন স্থায়ী হবে তা নির্ভর করছে।
তিনি আরও বলেন, আক্রমণ যদি এভাবে অব্যাহত থাকে এবং জ্বালানি পরিবহনে দীর্ঘসূত্রতা তৈরি হয়, তবে বিশ্ববাজারে তেলের চড়া দাম বজায় থাকার পক্ষে আরও শক্তিশালী ভিত্তি তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ