ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় সিরাপসহ আটক ১


নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় সিরাপসহ আটক ১

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় মাদক ‘ফেয়ারডিল নিউ’ সিরাপসহ মো. ফারুক মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় সিধলী-নেত্রকোনা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় সিমেন্টের সাতটি বস্তা ও দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ লিটার সিরাপ ছিল।

আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়

আটক ফারুক মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।

অভিযানে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতার জয়: বসুন্ধরা শুভসংঘের ‘সেরা সংগঠন সম্মাননা’ পেল Blood Donation Society of Lalmonirhat

আন্তর্জাতিক ডেস্ক

(লালমনিরহাট উপজেলা প্রতিনিধিঃ মো: আব্দুল বারেক)

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


মানবতার জয়: বসুন্ধরা শুভসংঘের ‘সেরা সংগঠন সম্মাননা’ পেল Blood Donation Society of Lalmonirhat

সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বসুন্ধরা শুভসংঘ আয়োজিত ‘সেরা সংগঠন সম্মাননা’ অনুষ্ঠানে সম্মাননাপত্র পেয়েছে *Blood Donation Society of Lalmonirhat*। লালমনিরহাট জেলার সেরা ১০টি সংগঠনের মধ্যে স্থান পেয়ে এ সম্মাননা অর্জন করে সংগঠনটি।

এ অর্জনে সংগঠনটির সদস্য, স্বেচ্ছায় রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এ সম্মাননাকে মানবতার সেবায় কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্মাননা প্রদান ও এমন উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা শুভসংঘের আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ গৌরবময় অর্জন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য, স্বেচ্ছায় রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং ভালোবাসার সম্মিলিত ফসল।

মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ততা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে Blood Donation Society of Lalmonirhat।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকেরও জবাবদিহি থাকা উচিত: মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকেরও জবাবদিহি থাকা উচিত: মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক, শাসনের অধিকার এবং শিক্ষকের দায়িত্ব নিয়ে বক্তব্য দিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।

তাঁর বক্তব্যের মূল কথা—শিক্ষক যদি শিক্ষার্থীকে শাসন করার অধিকার রাখেন, তাহলে কোনো শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ করলে তার বিরুদ্ধেও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীকে শাসন করার অধিকার যদি শিক্ষক রাখেন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে অনৈতিক প্রপোজ করলে সেই শিক্ষকের গালে থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবা রাখেন।”

তাহেরির এই বক্তব্যে শিক্ষকের দায়িত্বশীল আচরণ এবং শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত আস্থা, সম্মান ও নিরাপত্তার ভিত্তিতে। কোনো শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জরুরি।

বিশেষ করে শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের নিরাপত্তা, মর্যাদা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেভাবে নেতানিয়াহু ইসরায়েলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বদলে দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


যেভাবে নেতানিয়াহু ইসরায়েলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বদলে দিয়েছেন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে, ইসরায়েলি রাজনীতিতে দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের ইতিহাসের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রেক্ষিতে, তার দীর্ঘ শাসনকাল এবং ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর তার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। সমর্থকরা তাকে ভালোবেসে ‘কিং বিবি’ বললেও, বিরোধীদের কাছে তিনি দুর্নীতি ও নিরাপত্তার ব্যর্থতার প্রতীক হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর দীর্ঘ ১৯ বছরের ক্ষমতার পালাবদলে ইসরায়েলের রাজনীতি, বিচার বিভাগ, নিরাপত্তা কাঠামো এবং সামাজিক মতাদর্শে যে পরিবর্তন এসেছে, তা দেশটিকে স্থায়ীভাবে ডানপন্থি ও উগ্র জাতীয়তাবাদী ধারার দিকে ঠেলে দিয়েছে। ১৯৯০-এর দশকের শুরুতে ফিলিস্তিন ও সিরিয়ার সাথে শান্তি প্রক্রিয়ার বিরোধিতা করে ইসরায়েলের মূলধারার রাজনীতিতে তার উত্থান ঘটে। পরবর্তীতে, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন হত্যাকাণ্ডের পেছনে নেতানিয়াহুর উসকানিমূলক রাজনৈতিক প্রচারণার ভূমিকা ছিল বলে অভিযোগ করেন তার বিরোধীরা।

ক্ষমতায় আসার পর থেকে, নেতানিয়াহু উগ্র ডানপন্থি এবং ধর্মীয় দলগুলোকে সাথে নিয়ে সরকার গঠন করেন। তার নেতৃত্বাধীন সরকারের আমলে, দেশটিতে ধর্মীয় আদালতগুলোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং রাষ্ট্রীয় তহবিল থেকে অতি-রক্ষণশীল স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বড় অংকের বরাদ্দ দেওয়া হয়।

বিশেষ করে, ২০১৮ সালে নেতানিয়াহুর রাজনৈতিক আদর্শ ও কট্টর জাতীয়তাবাদী এজেন্ডার ভিত্তিতে পাস হওয়া বহুল আলোচিত ‘নেশন-স্টেট বেসিক ল’ (Nation-State Basic Law) ইসরায়েলি রাজনীতিতে একটি বড় মোড় পরিবর্তন করে। এই আইনে ইসরায়েলকে কেবল ইহুদি জনগণের এক্সক্লুসিভ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং অবৈধ বসতি স্থাপনকে জাতীয় অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই আইনকে ফিলিস্তিনিদের প্রতি বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের অন্যতম প্রধান প্রমাণ হিসেবে গণ্য করে।

রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে, বিচারব্যবস্থায়ও বড় ধরনের রদবদল এনেছেন নেতানিয়াহু। নিজ দেশের দুর্নীতির তিনটি আলাদা মামলায় কারাদণ্ড এড়াতে তিনি বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার উদ্যোগ নেন। তার এই তথাকথিত ‘জুডিশিয়াল রিফর্ম’ বা বিচার বিভাগীয় সংস্কারের মূল উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্টের স্বাধীনতা কমিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করা, যার বিরুদ্ধে ইসরায়েলজুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। পাশাপাশি, নিরাপত্তা কাঠামোতেও নিজের অনুগত ও রাজনৈতিক মিত্রদের শীর্ষ পদে বসিয়েছেন তিনি। গাজায় ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা সত্ত্বেও, নেতানিয়াহু দাবি করে চলেছেন যে, তার কাজের এখনো সমাপ্তি ঘটেনি।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে, ইসরায়েলি সমাজে গভীর বিভাজন তৈরি হয়েছে। একদল মানুষ তাকে ইসরায়েলের স্বার্থরক্ষাকারী অবিসংবাদিত নেতা মনে করেন, অপর পক্ষ মনে করে তার দীর্ঘ শাসন ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে এবং অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করে তুলেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


কুয়েতে বাংলাদেশি প্রকৌশলীদের ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

কুয়েতে অনুষ্ঠিত হলো ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে কুয়েত সিটি টাওয়ার হোটেলে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’র (আইইবি) কুয়েত ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ, দক্ষতা ও অবদান তুলে ধরার উদ্দেশ্যে দিবসটি উদযাপন করা হয়।

বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পর এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই কিছু উর্ধ্বতন প্রকৌশলী একটি পেশাদার ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন।

এর ফলে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, যার সদর দফতর ছিল ঢাকায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পাকিস্তান-এর নাম পরিবর্তন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) করা হয়।

প্রতিবছর ৭ মে বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি থাকে। এবছর ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের ধারাবাহিকতায় কুয়েতেও দিবসটি উদযাপিত হলো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবি কুয়েত চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, প্রকৌশলী এমআই আলম, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী মিজানুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুখাই আলী লুৎফর রহমান, আইপিসির সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়েত কান্ট্রি ম্যানেজার একেএম ফারহাদ, স্টেশন ম্যানেজার মো. শাহজাহান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

এছাড়া অনুষ্ঠানে চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইইবি কুয়েত চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিল সদস্য প্রকৌশলী আবদুল কুদ্দুস মল্লিক। এরপর বিমান উড্ডয়ন, এর বিভিন্ন যন্ত্রাংশ এবং ব্যবহারিক দিক নিয়ে চিত্রের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনা করেন চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আইইবি কুয়েত চ্যাপ্টারের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিংহ এবং সম্মানীয় সচিব প্রকৌশলী হুমায়ুন সুলাইমান কবির। কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. জুলফিকার আলী, প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. আবদুল হালিম ও প্রকৌশলী ইউসুফ।

অনুষ্ঠানে কুয়েতের প্রকৌশল ও প্রযুক্তি খাতে বাংলাদেশি প্রকৌশলীদের অবদান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বক্তারা এ সময় কুয়েতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রকৌশলী ও কারিগরিভাবে দক্ষ জনশক্তি নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে এক আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আশরাফ, প্রকৌশলী আবদুস সালাম, দসিনা লাবণি ও ডা. নাজমা তালুকদার। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং দেশের দক্ষ জনশক্তির সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রত্যয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%