ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ম্যানচেস্টার সিটির জয়রথ থামাল অ্যাস্টন ভিলা


ম্যানচেস্টার সিটির জয়রথ থামাল অ্যাস্টন ভিলা

মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে যেন আকাশে উড়ছিল ম্যানচেস্টার সিটি। জয়রথে চেপে ছুটে চলছিল তারা। অবশেষে তাদের মাটিতে নামিয়ে আনল অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের দুর্দান্ত জোড়া গোলের ওপর ভর করে বার্মিংহামের ক্লাবটি ম্যানসিটিকে টানা জয়ের রথ থামিয়ে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের প্রথম সাত ম্যাচের সবকটিতে জয় পেয়ে উড়তে থাকা সিটিকে মৌসুমের প্রথম হারের স্বাদ উপহার দিল কিয়ান মারেসকার দল।

অ্যাস্টন ভিলার কোচ হিসেবে উনাই এমেরির দায়িত্ব নেওয়ার চার বছর পূর্তির দিনে স্মরণীয় এই জয় পেল দলটি। সিটির বিপক্ষে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখল ভিলা। এটি ছিল দুদলের শেষ সাতটি মুখোমুখি লড়াইয়ে পঞ্চম জয় এবং ভিলা পার্কে সিটির বিপক্ষে টানা চতুর্থ জয়।

ম্যাচের শুরুতেই ভিলা অধিনায়ক জন ম্যাকগিনের বুদ্ধিমত্তার ফায়দা তোলে স্বাগতিকরা। সিটির ডিফেন্ডার মার্ক গেহির ভুল টাচের সুযোগ নিয়ে ম্যাকগিন বল বাড়ান নিকোলাস জ্যাকসনের দিকে। এলিয়ট অ্যান্ডারসনকে এড়িয়ে পোস্টের ওপর দিয়ে জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন জ্যাকসন।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপের পাওয়ার প্লেতে স্কলার্সের ৮৫ রান

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় অতিথি সিটি। প্রথমার্ধে ইলিম্যান এনদিয়ায়ের শট পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় তারা। তবে দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পরপরই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ডান দিক থেকে এনদিয়ায়ের বাড়ানো ক্রস থেকে দর্শনীয় হেডে বল জালে পাঠান আর্লিং হালান্ড।

সমতার স্বস্তি অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি সিটি। আট মিনিট পরই বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ের নিচু ক্রস থেকে প্রথম স্পর্শেই নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন জ্যাকসন। গোলরক্ষক দোন্নারুম্মার হাতের নিচ দিয়ে জালে জড়ায় বল।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি, কিন্তু হালান্ডের বিপজ্জনক হেড লাইনের ওপর থেকে ক্লিয়ার করে অ্যাস্টন ভিলাকে রক্ষা করেন ইয়ান মাটসেন। ফলে ঘরের মাঠে এই মৌসুমে লিগে নিজেদের প্রথম জয় সুনিশ্চিত করে মাঠ ছাড়ে ভিলা।

এই হারের পরও আর্সেনাল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটি ৩ পয়েন্টের লিড ধরে রেখেছে। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

আরও পড়ুন: মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে এগিয়ে রোনালদো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাকে দেখতে হাসপাতালে গিয়ে আর ফেরা হলো না ১৫ বছরের সামিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৩ এম


মাকে দেখতে হাসপাতালে গিয়ে আর ফেরা হলো না ১৫ বছরের সামিয়ার

মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল সামিয়া নূর (১৫), কিন্তু ভবনের আটতলা থেকে নিচে পড়ে তার মৃত্যু ঘটে। শনিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) আটতলা থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু ঘটে।

নিহত সামিয়া গাজীপুরের কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে গাজীপুরের বোর্ডবাজারের সাইনবোর্ডসংলগ্ন কলমেশ্বর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবা নুরুন্নবী স্থানীয় বাজারে একটি কনফেকশনারির দোকান পরিচালনা করেন।

হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, সামিয়ার মা পারুল আক্তার (৪৫) জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে পিজি হাসপাতালের আটতলার একটি ওয়ার্ডে ভর্তি হন। আগামী ২৮ তারিখ তার অস্ত্রোপচারের কথা ছিল।

সামিয়ার বাবা নুরুন্নবী সাংবাদিকদের জানান, বাইরে থেকে ফিরে সামিয়া মাকে বলেছিল, ‘মা, ক্ষুধা লেগেছে, ভাত দাও।’ ভাত খাওয়ার পর বিছানা থেকে কিছুটা দূরে কোমরসমান উঁচু জানালার মতো একটি জায়গায় গিয়ে বসে সে। তখন তার মা বিছানার নিচে বসে ভাত খাচ্ছিলেন।

নুরুন্নবী বলেন, ওই জায়গায় বসে নিচের দিকে তাকানোর সময় হঠাৎ মাথা ঘুরে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সামিয়া। এতে তার ঘাড় ও একটি হাত ভেঙে যায়। কান দিয়েও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মেয়েকে হারিয়ে শোকাহত বাবা বলেন, ‘আমি নিঃসন্তান ছিলাম। মাত্র তিন বছর বয়সে কলিজার টুকরা মেয়েটিকে দত্তক নিয়েছিলাম। কত আদর করে তাকে মানুষ করেছি! আজ আমি সব হারালাম। এখন আমরা কী নিয়ে বাঁচব?’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সামিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৩ এম


যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারীকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের কাজীপাড়ার পুরাতন কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া, তিনি একাধিক মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে বাঘারপাড়ার উপজেলার ভাটারআমতলায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত জখম হন। এই ঘটনার পর ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বাঘারপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক খোকন লস্কর। মামলার এজাহারে দিলু পাটোয়ারীকে ৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

দিলু পাটোয়ারী যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত গোলাম মাওলা পাটোয়ারীর মেজ ছেলে। তিনি ২০১১ সালের নির্বাচনে প্রথমবার এবং ২০১৬ সালে পরপর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর ২০২০ সালে বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে পরাজিত হন দিলু।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৪ এম


ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

বাংলাদেশ মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির অপরাধ, বিচার প্রক্রিয়া এবং দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে। একই সঙ্গে, তাদের মরদেহের অবস্থান এবং বিচারের সময় আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে ঢাকা থেকে।

গত ১৯ অক্টোবর, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় পাঠানো এক কূটনৈতিক চিঠিতে ছয়টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের এ দণ্ড বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি হিসেবে দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, দুই বাংলাদেশি কী অপরাধ করেছিলেন, সেই অপরাধ কখন ও কোথায় সংঘটিত হয়েছিল এবং তাদের কবে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, দণ্ডাদেশের সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য চেয়েছে বাংলাদেশ। প্রকাশ্যে তলোয়ারের আঘাতে শিরশ্ছেদ করা হয়েছে, নাকি অন্য কোনো পদ্ধতিতে দণ্ড কার্যকর করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া, দণ্ড কার্যকরের পর দুই বাংলাদেশির মরদেহ কোথায় রাখা হয়েছে এবং সেগুলো বাংলাদেশে পাঠানো হবে, নাকি সৌদি আরবেই দাফন করা হয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে ঢাকা থেকে। তদন্ত ও বিচার চলাকালে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না এবং তারা কেউ আইনি সহায়তা চেয়েছিলেন কি না, সে প্রশ্নও তোলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৪ এম


মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মীদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যে দেখা দিতে শুরু করেছে। আদালতের কিছু কর্মী ব্যাংকিং-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে, আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজাত শামিম খান জানিয়েছেন, এসব নিষেধাজ্ঞার ফলে আদালতের কার্যক্রম ব্যাহত হয়নি, বরং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি মাসে আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। আদালতটি ট্রাম্প প্রশাসনের নিয়মিত সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় তিনি এটিকে ‘দুষ্ট আদালত’ হিসেবে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন, ‘হয় আইসিসি তাদের হুমকি দেওয়া বন্ধ করবে, নয়তো আমরাই আইসিসির সমাপ্তি ঘটাব।’

নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগ না হওয়া পর্যন্ত নাজাত শামিম খান যৌথভাবে কার্যালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও আদালত তার কার্যক্রম অব্যাহত রেখেছে। ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে সংশ্লিষ্ট তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। প্রসিকিউটরের দাখিল করা আদালতের নির্দেশে আরো কয়েকটি আবেদন গোপন রাখা হয়েছে।

নাজাত শামিম খান বলেন, গত ৯ অক্টোবর নিষেধাজ্ঞা ঘোষণার পর সেগুলো কার্যকর হতে ছয় মাস সময় নির্ধারণ করা হলেও এর মধ্যেই আইসিসির কিছু কর্মী ব্যাংকিং সমস্যায় পড়েছেন। নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট পরিধি নিয়ে অনিশ্চয়তার কারণে ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় বেশি সতর্কতা অবলম্বন করছে।

ফিজির নাগরিক এই ডেপুটি প্রসিকিউটর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নীতিগতভাবে এসব নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমাদের কর্মীদের সরাসরি আক্রান্ত হওয়ার কথা নয়। কিন্তু কর্মীদের কাছ থেকে জানতে পারছি, তাঁদের কেউ কেউ ব্যাংকিং কার্যক্রমে সমস্যার মুখে পড়ছেন।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় আইসিসি বিকল্প ব্যবস্থাও গ্রহণ করছে। আদালতটি মাইক্রোসফটের পরিবর্তে ইউরোপীয় বিকল্প সফটওয়্যার ব্যবহার শুরু করেছে। পাশাপাশি ব্যাংকিং ও স্বাস্থ্যবিমা-সংক্রান্ত সেবা সচল রাখতে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে।

খান বলেন, ‘বিভিন্ন পরিস্থিতি সত্ত্বেও সব ধরনের তদন্ত অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার কারণে আমাদের কাজের সক্ষমতা বা উৎপাদনশীলতা কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তবে, নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হলে সেগুলোর পূর্ণাঙ্গ প্রভাব কী হতে পারে, তা আগাম অনুমান করা কঠিন বলেও স্বীকার করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%