ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ বছরের সাব্বিরের


ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ বছরের সাব্বিরের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করে সে।

নিহত সাব্বির কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়ার বাসিন্দা মিলন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে কসবার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সাব্বির। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় পাঠান। পরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

মাত্র ১৫ বছর বয়সে সাব্বিরের এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রুমিন ফারহানারা মৌসুমি রাজনীতি করেন’ মন্তব্য রাশেদ খাঁনের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


‘রুমিন ফারহানারা মৌসুমি রাজনীতি করেন’ মন্তব্য রাশেদ খাঁনের

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘মৌসুমি রাজনীতিবিদ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাক্‌বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, থানায় গিয়ে রুমিন ফারহানা এক ধরনের ‘মব’ করেছেন এবং ওসিকে ‘চোর’ বলে সম্বোধন করেছেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলেন। কিন্তু বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি দলটির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, রুমিন ফারহানা অনেকটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। তাঁর দাবি, প্রয়োজন অনুযায়ী আওয়ামী লীগকে ব্যবহার করছেন রুমিন ফারহানা এবং পরে সেই দলকে নিয়ে সমালোচনা করছেন।

রাশেদ খাঁনের ভাষ্য, “আমার মনে হয় রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন। মানে যখন যেদিকে জোয়ার থাকে, সেদিকে যাওয়ার চেষ্টা করেন।”

তিনি আরও দাবি করেন, রুমিন ফারহানা একসময় মনে করেছিলেন বিএনপি তাঁকে আর দলে ফিরিয়ে নেবে না। এ কারণে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে—এমন সম্ভাবনা বিবেচনায় নিয়ে তিনি কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।

সরাইল থানায় কী ঘটেছিল?

এর আগে নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে সরাইল থানায় যান। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর বাক্‌বিতণ্ডা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

এদিকে, শুক্রবার ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির মতে, বার্সা এখনও তার ‘প্রাণের ক্লাব’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


মেসির মতে, বার্সা এখনও তার ‘প্রাণের ক্লাব’

আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির নাম উচ্চারণ করলেই বার্সেলোনায় তার ট্রফি জয়ের অসংখ্য ইতিহাস মনে পড়ে। কিংবদন্তি জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কার্লেস পুয়োলের মতো তার সতীর্থদের সঙ্গে তিনি সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। তবে এই ফুটবল মহাতারকের কাছে কাতালান ক্লাবটির সোনালি দিনগুলো কেবল ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোও ছিল সমান গুরুত্বপূর্ণ।

স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার গ্রহণের সময় স্প্যানিশ সংবাদ সংস্থা ‘এফে’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, মেসি তার খেলোয়াড়ি জীবন, বার্সেলোনার প্রতি ভালোবাসা, বিশ্বকাপ জয় এবং প্রয়াত বাবা হোর্হে মেসিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলা এই আর্জেন্টাইন তারকা বার্সেলোনার ড্রেসিংরুম ও অনুশীলনের দিনগুলোর কথা স্মরণ করে বলেন, ‘আমাদের সবকিছু জেতার সৌভাগ্য হয়েছিল, এবং যে শৈলীতে আমরা জয়ী হয়েছিলাম সেটাও ছিল বিশেষ। আমরা মাঠে নেমে জিততে ভালোবাসতাম, কিন্তু তারচেয়েও বেশি উপভোগ করতাম প্রতিদিনের অনুশীলনের সময়টুকু। সতীর্থদের সাথে কাটানো সেই দিনগুলো ছিল দারুণ আনন্দের।’

ফ্রান্সের পিএসজিতে খেলার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও বার্সেলোনা এখনও তার কাছে ‘প্রাণের ক্লাব’। তিন সন্তানের জন্মও এই শহরে। তাই বার্সেলোনা শহর ও ক্লাবের সঙ্গে তার সম্পর্ককে ফুটবলের সীমা ছাড়িয়ে এক চিরন্তন ভালোবাসার বন্ধন হিসেবেই দেখেন তিনি।

ক্লাব ফুটবলে দ্রুত সাফল্য পেলেও আকাশী-সাদা জার্সিতে বিশ্বকাপ জয়ের জন্য মেসিকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সেই স্বপ্নপূরণকে ‘স্বপ্নের চেয়েও বড় কিছু’ বলে অভিহিত করেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে করা দুটি গোলকে ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন উল্লেখ করে মেসি জানান, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও এল ক্লাসিকোর ঐতিহাসিক গোলগুলোর মতোই স্পেশাল ছিল ফাইনালের সেই মুহূর্ত দুটি।

সাক্ষাৎকারের এক পর্যায়ে গত আগস্টে প্রয়াত বাবা হোর্হে মেসিকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা পাওয়ার খবরে তার বাবা দারুণ রোমাঞ্চিত ছিলেন। ব্যস্ত সূচির মধ্যেও ওবিয়েদোয় গিয়ে পুরস্কারটি গ্রহণ করার তাগিদ দিয়েছিলেন বাবাই। বাবার অকালপ্রয়াণে শোক প্রকাশ করে মেসি বলেন, খেলাধুলার অর্জনের বাইরে পাওয়া এই বিশেষ সম্মাননাটি স্বচক্ষে দেখে যেতে পারলে তার বাবা সবচেয়ে বেশি আনন্দিত হতেন।

ক্যারিয়ারের একেবারে শুরুর দিনগুলো থেকে বাবা হোর্হে মেসির দেওয়া একটি মূলমন্ত্র আজও হৃদয়ে লালন করেন এই কিংবদন্তি। বাবার স্মৃতি টেনে মেসি বলেন, ‘বাবা সবসময় বলতেন—কখনও চেষ্টা থামাবে না। বল পায়ে নাও এবং আবার চেষ্টা করো। জিতলে বা হারলে সেই মুহূর্তেই আটকে থেকো না, কারণ নতুন করে চেষ্টা করার সুযোগ বারবার আসবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে ৫ মাসের মধ্যে অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


বিশ্ববাজারে ৫ মাসের মধ্যে অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

লোহিত সাগর ও কৌশলগত হরমুজ প্রণালিতে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা এবং সৌদি আরবে হুথি বাহিনীর আক্রমণের ফলে অঞ্চলটিতে সংঘাতের আরও বিস্তার ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ১১টা ৩৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১৪ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১১৫ ডলারে পৌঁছায়, যা গত ৪ মে-র পর সর্বোচ্চ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০০ ডলার ৯৫ সেন্টে পৌঁছেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়তে চলেছে। চলতি সপ্তাহেই এর দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। তবে সপ্তাহ শেষে ডব্লিউটিআইয়ের দাম ০ দশমিক ৫ শতাংশের মতো কম থাকতে পারে।

সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার বাহরাইনের কাছাকাছি উপসাগরীয় অঞ্চলের ধাহরানে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘সৌদি আরামকো’।

সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক ব্যাংক ইউবিএসের জ্বালানি বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো মন্তব্য করেন, সংঘাতের আরও বিস্তার ঘটার আশঙ্কা বাজারে প্রবল। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে। তার মতে, সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা ও পণ্য পরিবহনের উচ্চ ব্যয়ের কারণে বাজারে সরবরাহের স্পষ্ট ঘাটতি তৈরি হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথিদের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান। ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশমুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

আর্থিক পরিষেবা সংস্থা এক্সএস ডটকমের বিশ্লেষক লিন ট্রান বলেন, সরবরাহে প্রকৃতপক্ষে কতটা বিঘ্ন ঘটছে এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কত সময় লাগছে, তা বাজার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ, এসব বিষয়ের ওপরই তেলের চড়া দাম কত দিন স্থায়ী হবে তা নির্ভর করছে।

তিনি আরও বলেন, আক্রমণ যদি এভাবে অব্যাহত থাকে এবং জ্বালানি পরিবহনে দীর্ঘসূত্রতা তৈরি হয়, তবে বিশ্ববাজারে তেলের চড়া দাম বজায় থাকার পক্ষে আরও শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনতে চুক্তি করেছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনতে চুক্তি করেছে কাতার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে কাতারের নিজস্ব গ্যাস উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার কারণে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে কাতার। মার্কিন জ্বালানি কোম্পানি চেনিয়ের এনার্জির সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায়, ২০৫৪ সাল পর্যন্ত প্রতিবছর ৪০ লাখ টন এলএনজি ক্রয় করবে কাতারএনার্জি। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, মার্কিন কোম্পানি চেনিয়ের এনার্জির দুটি উৎপাদন কেন্দ্র থেকে প্রতি বছর ২০ লাখ টন এলএনজি ক্রয় করবে কাতারএনার্জি। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অবস্থিত সাবিন পাস এবং টেক্সাসের করপাস ক্রিস্টি কেন্দ্র থেকে এই গ্যাস সরবরাহ করা হবে। ২০৩০-এর দশকের শুরুতে সরবরাহ শুরু হবে এবং ২০৫৪ সাল পর্যন্ত চলমান থাকবে।

যুদ্ধ শুরু হওয়ার আগে কাতার ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রফতানিকারক দেশ। তবে মার্চে যুদ্ধের প্রথম মাসে ইরানের হামলার ফলে দেশটির রাস লাফান গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এই কারণে এশিয়ার ক্রেতাদের সঙ্গে সরবরাহ চুক্তি পূরণ করতে বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের প্রয়োজন দেখা দিয়েছে।

এছাড়া, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন এবং বিভিন্ন জাহাজে ইরানের হামলার কারণে কাতারের এলএনজি রপ্তানিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কাতারএনার্জি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত গোল্ডেন পাস এলএনজি রফতানি প্রকল্পের সংখ্যাগরিষ্ঠ মালিক। চলতি বছরের ৩০ মার্চ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হয়েছে এবং ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

যদিও কাতারের নিজস্ব উৎপাদন কেন্দ্রে ক্ষতি হয়েছে, তবুও যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক এলএনজি বাজারে নিজেদের অবস্থান ধরে রাখার সুযোগ পাবে কাতারএনার্জি।

বিশ্ব জ্বালানি বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি রফতানি ব্যাহত হওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও শক্তিশালী হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির গবেষক ইরা জোসেফ মে মাসে মন্তব্য করেছিলেন, "সরবরাহে বিঘ্নের কারণে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিযোগীরা চাপে পড়েছে এবং এর ফলে জ্বালানির দাম বাড়ছে। এতে মার্কিন তেল ও গ্যাস উৎপাদকরা বড় ধরনের আর্থিক সুবিধা পাচ্ছেন।"

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আঞ্চলিক এলএনজি আমদানিকারক হয়ে উঠবে। ওই মাসে এশিয়ায় ২০২ বিলিয়ন ঘনফুট মার্কিন এলএনজি সরবরাহ করা হবে। ২০২৪ সালের আগস্টের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানিতে ইউরোপকে ছাড়িয়ে যাবে এশিয়া।

কাতারের নতুন চুক্তি একদিকে দেশের দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করবে, অন্যদিকে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া পরিবর্তনের মধ্যেও যুক্তরাষ্ট্রের এলএনজি বাজার সম্প্রসারণের সুযোগ বাড়াবে।

তথ্যসূত্র: দ্য ক্র্যাডল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%