০৪:১১ পি.এম
মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ছয়টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের গাভী পালন ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার বাঁশকান্দী ইউনিয়ন পরিষদ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় বাঁশকান্দী ইউনিয়নের ছয়টি হতদরিদ্র পরিবারের মাঝে ছয়টি গাভী বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের গাভী পালন, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা এ সহায়তাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
গাভীপ্রাপ্ত উপকারভোগীরা হলেন— ফরিদা খাতুন, মো. কামাল হোসেন, রফিকুল ইসলাম ইদ্রিস, রিনা আক্তার, মিজান মিয়া ও লতা বেগম।
অনুষ্ঠানে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম. মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান।
বক্তারা বলেন, এ ধরনের আয়বর্ধক কর্মসূচি হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) দীর্ঘদিন ধরে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন