ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে গুরুত্বপূর্ণ বার্তা দিল তুরস্ক


বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে গুরুত্বপূর্ণ বার্তা দিল তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উদীয়মান নতুন বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে সক্রিয়ভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশক’ হিসেবে উল্লেখ করেন এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

শনিবার ইস্তাম্বুলে আল শার্ক ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ফিদান এসব কথা বলেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোর সামনে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের একটি বড় সুযোগ তৈরি হয়েছে, কারণ বিশ্বের এক-চতুর্থাংশেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে তারা। কয়েক দশক ধরে যেসব সিদ্ধান্ত মূলত অন্য অঞ্চল থেকে নেওয়া হয়েছে, এখন সেসব সিদ্ধান্তের ক্ষেত্রে মুসলিম দেশগুলোরও ভূমিকা রাখার সময় এসেছে।

ফিদান বলেন, ‘আজ আমরা যেসব সিদ্ধান্ত নেব, সেগুলোই মুসলিম বিশ্বের ভবিষ্যৎ গঠনে নির্ধারক ভূমিকা পালন করবে।’ বিশেষ করে প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিকেন্দ্রের উত্থানের বিষয়টি তিনি তুলে ধরেন।

আরও পড়ুন: কামচাটকায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারী দখলদারদের বিরুদ্ধে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন ফিদান। তিনি বলেন, গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক দৃঢ় অবস্থান নিয়েছে।

ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের নৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশক। গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়া অঞ্চলটি পুনর্গঠনে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ফিদানের মতে, ফিলিস্তিন সংকটের ন্যায়সংগত ও স্থায়ী সমাধান সম্ভব কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে। এ ব্যবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী করার ওপর গুরুত্ব দেন তিনি।

আঞ্চলিক নিরাপত্তা ও সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যেসব দেশ কোনো সিদ্ধান্তের পরিণতি সরাসরি ভোগ করে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের অগ্রণী ভূমিকা থাকা উচিত।

আরও পড়ুন: যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামকে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড

এ প্রসঙ্গে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা প্রতিরক্ষা জোটের কথা উল্লেখ করেন তিনি। শুক্রবার ইসলামাবাদে এই জোটের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।

ফিদান বলেন, জোটের প্রতিটি দেশ নিজস্ব সক্ষমতা ও অভিজ্ঞতা নিয়ে এতে যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো আরো শক্তিশালী হবে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোও এতে যোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া আঞ্চলিক সংকট মোকাবিলায় তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত ‘রিজিওনাল কোয়ার্টেট’-এর কথাও তুলে ধরেন তিনি। এই চার দেশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক সমস্যার অভিন্ন সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন।

মুসলিম দেশগুলোর সহযোগিতা শুধু প্রতিরক্ষা ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন ফিদান। তার মতে, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ গ্রহণও সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: এক দিনেই ২৩০ কোটি ডলার বাড়ল এনভিডিয়া প্রধানের পারিবারিক সম্পদ

তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক ব্যবস্থার কার্যক্রম নির্ধারণে নিজেদের মতামত ও প্রভাব প্রতিষ্ঠা করা। ফিদান এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সব দেশের যথাযথ প্রতিনিধিত্ব থাকবে এবং ন্যায়বিচার ও বৈধতার ভিত্তিতে বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, পরিবর্তনশীল বিশ্বরাজনীতিতে মুসলিম দেশগুলোকে কেবল আন্তর্জাতিক সিদ্ধান্তের প্রভাব মোকাবিলা করলেই চলবে না; বরং নিজেদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এআরবি

আরও পড়ুন: মিয়ানমারে বিয়ের বাড়িতে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার ১৮ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


রোববার ১৮ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ রোববার (২৯ নভেম্বর) শুরু হবে এবং আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত চলবে। প্রথম দিনে কমিশন নিবন্ধিত ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে এই সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।

দেশে আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামত নিতেই এই সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই অবস্থানের কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করব, যাতে জোটের জন্য আলাদা সময় বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করা হয়।" বৈঠকে সবার ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংলাপের বিষয়েও জোটের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরে হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে ১১ দল জাতীয় সংলাপে বসবে এবং সেখানেও জোটগতভাবে একসঙ্গে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের শ্রীপুরে ফ্রিজ বিস্ফোরণে আহত ৪, দুইজন গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


গাজীপুরের শ্রীপুরে ফ্রিজ বিস্ফোরণে আহত ৪, দুইজন গুরুতর

গাজীপুরের শ্রীপুরের নিজমাওনা গ্রামে ফ্রিজ মেরামতের সময় ঘটে যাওয়া বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত দুইজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজমাওনা গ্রামের সাইদুল ইসলামের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, নিজমাওনা গ্রামের আব্দুল বারেকের ছেলে ফিরুজ (৪০), আবু হানিফের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫), এবং নুর মোহাম্মদের ছেলে সাইদুল ইসলাম (৫০)। আহতদের মধ্যে সাইদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে, তবে গুরুতর আহত ফিরুজ ও মঞ্জুরুলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

বাড়ীর মালিক সাইদুল ইসলামের বক্তব্য অনুযায়ী, তার ব্যবহৃত একটি ফ্রিজ অচল হয়ে গেলে তিনি স্থানীয় মেকানিক ফিরুজকে মেরামতের জন্য ডাকেন। শনিবার সকালে ফিরুজ তার সহকারী মঞ্জুরুলকে নিয়ে কিচেন রুমে ফ্রিজটি মেরামত করছিলেন। এ সময় ঝালাই করার সময় বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনিসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যান। সাইদুল ইসলাম পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যান। দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ফ্রিজের বিস্ফোরণের ফলে চারজন আহত হওয়ার পাশাপাশি কিচেন রুমের বিভিন্ন জিনিষপত্রও আগুনে পুড়ে গেছে।

আলহেরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর আনজুম জানিয়েছেন, দগ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। অন্য দুজনের হাত ও পায়ের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এপেক্স ক্লাব অব বগুড়ার নতুন কমিটি গঠন, সভাপতি পাঠান ও সেক্রেটারি প্রতীক ওমর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


এপেক্স ক্লাব অব বগুড়ার নতুন কমিটি গঠন, সভাপতি পাঠান ও সেক্রেটারি প্রতীক ওমর

দেশপ্রেম ও আর্তমানবতার সেবায় নিবেদিত এপেক্স ক্লাব অব বগুড়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০২৭ সালের নতুন বোর্ড নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বগুড়া শহরের একটি রেস্তোরাঁয় এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি অ্যাডভোকেট এপেক্স. নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি এপেক্স. সাইফুদ্দীন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর এপেক্স. মনোয়ার হোসেন লাভলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্যঅতীত জাতীয় সেবা পরিচালক এপেক্স. শাহারুল ইসলাম টিটু, জেলা-৭ এর গভর্নর এপেক্স. জিএম কামরুল হাসান এবং জেলা-৭ এর গভর্নর ইলেক্ট এপেক্স. আহসান হাবীব সেলিম।

এছাড়া, বগুড়া ক্লাবের এজিএম-এর অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধার অতীত সভাপতি এপেক্স. রাশিদুল ইসলাম রাসেল এবং এপেক্স. মাহফুজ আলী শাহ। এজিএম আহ্বায়ক ছিলেন এপেক্স. রেজাউল করিম রেজা। সাধারণ সভায় গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পায়রাবন্দ, মহিমাগঞ্জ, করতোয়া, সৈয়দপুর এবং বগুড়া ক্লাবের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এপেক্স. মনোয়ার হোসেন লাভলু উল্লেখ করেন, "এপেক্স ক্লাব হচ্ছে নিজেকে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাঠশালা। সমাজের পিছিয়ে পড়া ও কম সৌভাগ্যবান মানুষের মুখে হাসি ফোটাতে এপেক্সিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" তিনি আরও বলেন, বগুড়া ক্লাবের নতুন নেতৃত্ব আগামী দিনে সেবামূলক কর্মকাণ্ডকে আরো বেগবান করবে বলে তিনি বিশ্বাস করেন।

সভার দ্বিতীয় পর্বে ২০২৭ সালের বোর্ড সদস্য নির্বাচনের কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা এপেক্স. একেএম রাজিউল্লাহ এবং নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এপেক্স. আব্দুল ওয়াদুদ ও এপেক্স. শারদী সবনম মিথুন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ২০২৭ সালের জন্য নির্বাচিত বোর্ড সদস্যরা হলেন সভাপতি এপেক্স. শহিদুল ইসলাম পাঠান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স. গোলাম কিবরিয়া, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স. অ্যাড. মোঃ সাইফুদ্দিন (সাইফুল), আইপিপি এপেক্স. অ্যাড. নুরুল ইসলাম আকন্দ, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্স. মোঃ ওমর ফারুক (প্রতীক ওমর) এবং কোষাধ্যক্ষ এপেক্স. অধ্যক্ষ এ.কে.এম. রেজাউল আখলাক। এছাড়াও অন্যান্য পদের মধ্যে সার্ভিস ডিরেক্টর পদে এপেক্স. কামরুজ্জামান মোমিন, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেন্ডেন্স ডিরেক্টর পদে এপেক্স. মহররম আলী, ফেলোশিপ এবং রিলেশনশিপ ডিরেক্টর পদে এপেক্স. কোহিনুর খানম, পাবলিক স্পিকিং এবং ডিবেটিং ডিরেক্টর পদে এপেক্স. মোঃ রাশেদুল ইসলাম এবং সার্জেন্ট অ্যাট আর্মস পদে এপেক্স. আবুল কালাম আজাদ (মুন্না) নির্বাচিত হয়েছেন।

প্রতি বছর বার্ষিক সাধারণ সভার মাধ্যমে আগামী এক বছরের জন্য ক্লাব পরিচালনার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের মাধ্যমে সমাজসেবা ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে সোর্সের ভুল তথ্যে বিপাকে ডিবি, ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ উদ্ধার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


টঙ্গীতে সোর্সের ভুল তথ্যে বিপাকে ডিবি, ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ উদ্ধার করল পুলিশ

গাজীপুরের টঙ্গীতে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্ধ দোকানে অভিযান পরিচালনা করতে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর হাতে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে দুই সোর্সকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে নগরীর এরশাদনগর বড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক সোর্স দুজন হলেন আনোয়ার ও শান্ত, যাঁরা উভয়ই ওই এলাকার বাসিন্দা। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাঁদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডিবি পুলিশের কয়েকজন সদস্য দুই সোর্সকে সঙ্গে নিয়ে এরশাদনগর বড় বাজারের একটি বন্ধ দোকানের সামনে যান। একপর্যায়ে দোকানের তালা ভেঙে তাঁরা ভেতরে প্রবেশ করেন। এ সময় স্থানীয় দোকান মালিক সমিতির নেতারা ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চাইলে ডিবি সদস্যরা নিজেদের লোক বলে পরিচয় দেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, দুই সোর্স পরিকল্পিতভাবে দোকানের ভেতরে দেশীয় অস্ত্র রেখে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডিবি সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ডিবি সদস্যদের উদ্ধার করে।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ জোনের পরিদর্শক হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বন্ধ দোকানে অভিযান চালানো হয়েছিল। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই সোর্সকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনার ফলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে তা সমাধান করা হয়েছে।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনকিলাবকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই সোর্সকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%