০৮:২৯ পি.এম
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানিয়েছে, শিগগিরই টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য নতুন ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে। শনিবার বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত একে অপরের পরিপূরক হিসেবে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও একটি ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া বিটিএমএ শুরু করেছে। এ লক্ষ্যে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সংগঠনটির সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে ঘোষিত এই খাতের মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: পদ্মফুলের ডাঁটায় তৈরি ‘লোটাস সিল্ক’ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে
বিটিএমএ উদ্বেগ প্রকাশ করে জানায়, নতুন মজুরির দাবিতে কিছু কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে, যেখানে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সংবাদমাধ্যমের বরাতে সংগঠনটি উল্লেখ করে যে, শিল্প খাতে সৃষ্ট অরাজকতার কারণে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের একটি বিপুল অঙ্কের ক্রয়াদেশ ইতোমধ্যে অন্যত্র স্থানান্তরিত হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক। যে বিষয়ে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে উৎপাদন ব্যাহত করাকে বিটিএমএ ‘আত্মঘাতী’ হিসেবে অভিহিত করেছে।
এই পরিস্থিতিতে শিল্পের স্বার্থে সংশ্লিষ্ট খাতের শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের আগেই একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা কামনা করে বিটিএমএ বলছে, আসন্ন নতুন কাঠামোটি শ্রমিকদের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন