ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সয়াবিন তেলের মূল্য আরো বেশি হওয়ার কথা: বাণিজ্যমন্ত্রী


সয়াবিন তেলের মূল্য আরো বেশি হওয়ার কথা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সয়াবিন তেলের দাম প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আরো বেশি হওয়ার কথা থাকলেও আমদানিকারকদের জোর করে রাজি করিয়ে দাম আটকে রাখা হয়েছে।

তিনি একই সঙ্গে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলেও উল্লেখ করেন।

শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন: ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা রক্ষার আহ্বান

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়। এখন উৎসে (উৎপাদনস্থলে) যে দাম থাকে, সেটা যদি কমে তাহলে আমাদের এখানে এর প্রভাব পড়বে। উৎসে মূল্য বৃদ্ধি পেলে সেটার প্রভাবও আমাদের এখানে পড়বে।”

মন্ত্রী আরও বলেন, “যে ফর্মুলায় আমরা মূল্য নির্ধারণ করি, সেই ফর্মুলা অনুযায়ী মূল্য আরো বেশি হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবেই হোক, এ মূল্যেই আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রেখেছি। একধরনের জোর করেই তাদের রাজি করানো হয়েছে।”

তেলের দাম নির্ধারণের ফর্মুলা সম্পর্কে মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।”

রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।”

আরও পড়ুন: মধ্যরাতে সচিবালয়ের পাশে মেট্রোরেল স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিকাশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন। এটি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি পত্রিকায় দেখেছি, ওখানে যেভাবে টাকা যাচ্ছে, তাতে যথেষ্ট প্রশ্নের উদ্রেক হয়েছে; ওটা স্বাভাবিক প্রবাহ নয়। যে কারণে ওইটার মধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে।”

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমই

আরও পড়ুন: মহাকাশে ডেটা সেন্টার, ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন পেল স্পেসএক্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ এম


রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। এই কারণে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে। সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়বে।

মন্ত্রী আরও বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা সম্ভব হয়েছে। এক ধরনের চাপ প্রয়োগ করেও তাদের রাজি করানো হয়েছে।

তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনা করে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এই হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা যাচাই করতে পারবেন। এটি গোপন কোনো হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেদের হিসাব করতে পারবেন।

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ার কারণে সরকার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রীর আহ্বান: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ এম


অর্থমন্ত্রীর আহ্বান: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রবাসীদের দেশে ফিরে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক মূল্যে রূপান্তরের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, দেশের শিল্পীরা যখন ছবি আঁকেন, তখন অনেক ক্ষেত্রেই তাদের ন্যায্য মূল্য প্রদান করা হয় না। এর ফলে শিল্প-সংস্কৃতি দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারে না। একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে তিনি শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন, মানসম্মত প্রকাশনার পাশাপাশি শিল্পসমালোচক তৈরির এবং দেশে শিল্পকর্মের নিলাম চালুর ওপর গুরুত্ব দেন। ঢাকায় একটি মানসম্মত থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাষ্ট্রসহ সফল দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা রক্ষার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ এম


ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা রক্ষার আহ্বান

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ সংরক্ষণের উদ্যোগে মাছের পাশাপাশি জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে।

তিনি শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গাল রিজিয়ন’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি দেশের অর্থনীতির জন্য এবং অসংখ্য মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস। ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি উল্লেখ করেন, এ খাতের সঙ্গে মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রক্রিয়াজাতকারীসহ মূল্যশৃঙ্খলের অসংখ্য মানুষ জড়িত। মন্ত্রী বলেন, ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়া হয়েছে।

আমিন উর রশিদ বলেন, ইলিশ ব্যবস্থাপনাকে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে অভিযোজন সক্ষম করে গড়ে তোলার তাগিদ রয়েছে। তিনি বলেন, ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, পানির প্রবাহ ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

জেলেদের জীবিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও সংরক্ষণের জন্য অপরিহার্য হলেও এসময় বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী জানান, অধিকাংশ ক্ষেত্রে মৎস্যজীবীরা নিজেরা সরাসরি মাছ বিক্রি করতে পারেন না। তিনি বলেন, মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি ক্রেতাদেরও বেশি মূল্য দিতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%