০৭:১৪ এম
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের জন্য মহাকাশে ডেটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্ক। ইতোমধ্যে, যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্পেসএক্সের ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনায় অনুমোদন প্রদান করেছে।
এআই-এর দ্রুত উন্নতির সাথে সাথে মহাকাশে এর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এ লক্ষ্যে ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। মাস্কের স্টারমাইন্ড প্রকল্পের অনুমোদন দিয়েছে এফসিসি। সংস্থাটির চেয়ারম্যান ব্রেন্ডন কার একটি বিবৃতিতে জানিয়েছেন, এই প্রকল্প যুক্তরাষ্ট্রকে সুপার ইন্টেলিজেন্সের উন্নয়নে সহায়তা করবে, যা প্রযুক্তির ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।
বর্তমানে এআই পরিচালনার ক্ষেত্রে বিশাল ডেটা সেন্টারের চ্যালেঞ্জগুলো বড় হয়ে উঠেছে। এসব কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ বিদ্যুৎ, পানি ও জায়গা। স্পেসএক্সের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে। মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ডেটা সেন্টারগুলোর শক্তির উৎস হবে সূর্য। এই প্রকল্পে এমন কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হবে, যেখানে স্থানীয়ভাবে এআইয়ের কম্পিউটেশন সম্পন্ন হবে। পরে সেখান থেকে প্রাপ্ত ফলাফল কক্ষপথ থেকে পৃথিবীতে পাঠানো হবে।
আরও পড়ুন: ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা রক্ষার আহ্বান
বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার সক্রিয় স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে ১১ হাজারের বেশি স্যাটেলাইট স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্কের। নতুন অনুমোদন অনুযায়ী, ২০৩৩ সালের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের মধ্যে লক্ষ্যমাত্রার ১০ শতাংশ, ২০৩৮ সালের মধ্যে অর্ধেক এবং ২০৪০ সালের মধ্যে পুরো স্যাটেলাইট বহর কক্ষপথে স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তবে এই প্রকল্প নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদীরা এই পরিকল্পনাটির সমালোচনা করেছেন। তাদের মতে, বিপুলসংখ্যক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হলে আকাশ দূষণ বৃদ্ধি পাবে। এতে রাতের আকাশ পর্যবেক্ষণ কঠিন হয়ে পড়বে এবং মহাকাশ গবেষণাও বাধাগ্রস্ত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন