প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্ধ দোকানে অভিযান পরিচালনা করতে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর হাতে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের হস্তক্ষেপে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে দুই সোর্সকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে নগরীর এরশাদনগর বড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক সোর্স দুজন হলেন আনোয়ার ও শান্ত, যাঁরা উভয়ই ওই এলাকার বাসিন্দা। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাঁদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডিবি পুলিশের কয়েকজন সদস্য দুই সোর্সকে সঙ্গে নিয়ে এরশাদনগর বড় বাজারের একটি বন্ধ দোকানের সামনে যান। একপর্যায়ে দোকানের তালা ভেঙে তাঁরা ভেতরে প্রবেশ করেন। এ সময় স্থানীয় দোকান মালিক সমিতির নেতারা ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চাইলে ডিবি সদস্যরা নিজেদের লোক বলে পরিচয় দেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, দুই সোর্স পরিকল্পিতভাবে দোকানের ভেতরে দেশীয় অস্ত্র রেখে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডিবি সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ডিবি সদস্যদের উদ্ধার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ জোনের পরিদর্শক হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বন্ধ দোকানে অভিযান চালানো হয়েছিল। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুই সোর্সকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনার ফলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে তা সমাধান করা হয়েছে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনকিলাবকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই সোর্সকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন