০৮:২৩ পি.এম
যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির চ্যাথামে এক শিশুকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে ৫৫ বছর বয়সী বাংলাদেশি ইমাম মোহাম্মদ ইসলামকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তিনি চ্যাথামের একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন।
মেইডস্টোন ক্রাউন কোর্টে ২৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের অভিযোগে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। কারাদণ্ডের পাশাপাশি আদালত তার ওপর যৌন অপরাধ প্রতিরোধের জন্য বিশেষ আদেশ ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।
আদালতের নথি অনুযায়ী, মোহাম্মদ ইসলাম ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে এসব ঘটনা বন্ধ হলেও দীর্ঘ সময় ধরে বিষয়টি প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: কামচাটকায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া
২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন, তবে পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর কেন্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বিচার চলাকালে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা তুলে ধরেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে।
২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করে। কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে।
আরও পড়ুন: টঙ্গীতে সোর্সের ভুল তথ্যে বিপাকে ডিবি, ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ উদ্ধার করল পুলিশ
আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মোহাম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন