০৭:৫৬ পি.এম
আদালতের রায় ও আইনি প্রক্রিয়া উপেক্ষা করে বসতবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ উঠেছে। এতে বসতভিটা হারিয়ে দুই ভাইয়ের পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিনের বসতভিটা, গাছপালা ও সংসারের শেষ আশ্রয় হারিয়ে পরিবার দুটির সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, আদালতের রায় বাতিল হওয়ার কপি দেখানোর পরও এবং সময় চেয়েও কোনো প্রতিকার পাননি। বরং প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর মসজিদপাড়ায় এ ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আহমদ আলী।
লিখিত বক্তব্যে আহমদ আলী জানান, তাদের বসতভিটা নিয়ে ৫/৮৮ নম্বর বাটোয়ারা মামলা দীর্ঘদিন ধরে চলমান ছিল। তাদের দাবি, মামলার মূল বাদী কুলসুমসহ তিনজন এ মামলা করেন। মামলা চলাকালেই তার বাবা বাদীর কাছ থেকে জমি কিনে নেন। এরপর প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে ওই জমিতে পাকা বাড়ি নির্মাণ করে তারা বসবাস করে আসছেন। কিন্তু গত মঙ্গলবার তাদের জীবনে নেমে আসে চরম বিপর্যয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক মেয়রকে গ্রেপ্তারে বাধা, ৪ জনকে কারাগারে পাঠালো পুলিশ
আহমদ আলীর অভিযোগ, ওই দিন রংপুরের সংশ্লিষ্ট প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা জজ আদালতের নাজির পুলিশ ও বুলডোজার নিয়ে তাদের বাড়ি ভাঙতে উপস্থিত হন। এ সময় তারা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র এবং যে মামলার ভিত্তিতে বাড়ি ভাঙতে আসা হয়েছে, সেই মামলার রায়ের কপি সংশ্লিষ্টদের দেখান। তাদের দাবি, ৫/৮৮ নম্বর মামলাটি তিন বছর আগে, অর্থাৎ ২৬/০৬/২০২৩ তারিখে ১৯৯/১৫ নম্বর মামলার মাধ্যমে বাতিল ও রদ করা হয়েছে।
আহমদ আলীর ভাষ্য অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জানান, তিনি আদালতের নির্দেশ বাস্তবায়নে এসেছেন এবং এ বিষয়ে নাজিরকে সহযোগিতা করতে এসেছেন। তাই নাজিরের নির্দেশনা ছাড়া বাড়ি ভাঙার কার্যক্রম বন্ধ করার সুযোগ তার নেই। পরে তারা নাজির মো. আখিরুজ্জামানকে আদালতের রায়ের কপি দেখালেও তিনি উচ্ছেদ কার্যক্রম বন্ধ করেননি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা নাজির আখিরুজ্জামানকে অনুরোধ করেছিলেন, তাদের বাড়ি না ভেঙে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হোক। পাশাপাশি পরদিন আদালতে গিয়ে আগের রায় বাতিলের পরবর্তী রায়টি দেখানোর জন্য সময়ও চান। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে অন্য একটি বাতিল রায় কার্যকর করতে বুলডোজার চালানোর নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে দুই ভাইয়ের পৃথক বাড়ি ভেঙে ফেলা হয়। এতে তাদের প্রত্যেকের আনুমানিক ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিনের সংসারের স্মৃতি ও জীবনের সঞ্চয় মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। আহমদ আলীর দাবি, তার প্রায় ২০ বছরের প্রবাসজীবনের উপার্জন এবং বড় ভাইয়ের পেনশনের অর্থের বড় অংশ দিয়ে বাড়ি দুটি নির্মাণ করা হয়েছিল। তাঁদের স্বপ্নের সেই ঠিকানা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে মো. সোহেলকে ছয় মাসের কারাদণ্ড
সংবাদ সম্মেলনে নাজির আখিরুজ্জামানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন আহমদ আলী। তিনি বলেন, নাজিরের ভূমিকা ও নির্দেশনার কারণেই তাদের বাড়িঘর ভাঙার ঘটনা ঘটেছে। এমনকি আদালতের রায়ের কপি দেখানোর পরও তিনি তাঁদের কোনো কথা শোনেননি। এ ঘটনায় তাঁরা শুধু বসতভিটাই হারাননি, বরং তাঁদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে।
আহমদ আলী আরও জানান, বাড়িঘর ভাঙার পর গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে তারা রংপুরের মিঠাপুকুর সিভিল জজ আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। সেখানে ৫/৮৮ নম্বর মামলাটি ১৯৯/১৫ নম্বর মামলার মাধ্যমে বাতিল হয়েছে বলে উল্লেখ করেন এবং তাদের বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে বলে জানান। তবে এ বিষয়ে কোনো প্রতিকার পাননি তাঁরা।
আদালতের রায় ও ডিক্রির প্রকৃত অবস্থা বিবেচনা না করে কীভাবে এমন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন আহমদ আলী। একই সঙ্গে উচ্ছেদের বৈধতা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসন এবং প্রয়োজনীয় প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন