ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিরাজগঞ্জে সাবেক মেয়রকে গ্রেপ্তারে বাধা, ৪ জনকে কারাগারে পাঠালো পুলিশ


সিরাজগঞ্জে সাবেক মেয়রকে গ্রেপ্তারে বাধা, ৪ জনকে কারাগারে পাঠালো পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের হাতে ৪ জন গ্রেপ্তার হয়েছে।

শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরে, পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লায় মিরুর বাসভবনে অভিযান চালায়। অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বাধা দিতে আসে, ফলে পুলিশকে ফিরে যেতে হয়।

আরও পড়ুন: ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল মিরুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। পুলিশ আসার খবর পেয়ে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন স্লোগান দিয়ে গ্রেপ্তারে বাধা দেয়। সময়ের সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়তে থাকায় পুলিশ মিরুকে গ্রেপ্তার না করেই ফিরে যায়। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের দাবি, পুলিশের গাড়ি মিরুর বাড়ি পর্যন্ত পৌঁছানোর মতো অবস্থা ছিল না; অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়েছে। এই সুযোগে তিনি হয়তো বাড়ি থেকে পালিয়ে গেছেন।

পরে রাতভর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লার আবুল প্রামাণিকের ছেলে রাকিব, নারায়ণদহ গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম, নলুয়া দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ ফরমান প্রামাণিকের ছেলে জেলহাস প্রামাণিক আতিক এবং নলুয়া মধ্যপাড়া মহল্লার আব্দুল হান্নান প্রামাণিকের ছেলে সোহেল রানা।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘হালিমুল হক মিরু বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন।’

আরও পড়ুন: সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নেওয়া: অর্থমন্ত্রী

উল্লেখ্য, হালিমুল হক মিরু জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই হত্যা মামলার প্রধান আসামি সাবেক মেয়র হালিমুল হক মিরু। দীর্ঘদিন তিনি কারাগারে আটক ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মিরুকে পৌর মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি স্কুলের শ্রেণিকক্ষে ১২ বছর ধরে শিক্ষিকার বসবাসের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সরকারি স্কুলের শ্রেণিকক্ষে ১২ বছর ধরে শিক্ষিকার বসবাসের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে স্বামী ও সন্তানদের নিয়ে দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষকে শোবার ঘর, রান্নাঘর ও খাবার ঘর হিসেবে ব্যবহার করার পাশাপাশি শিক্ষার্থীদের বেঞ্চ, চেয়ার-টেবিল এবং ওয়াশরুমও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযোগ উঠলেই তদন্তের আশ্বাস দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিরুদ্ধে উঠেছে।

ঘটনাটি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম আফরোজা বুলবুল, যিনি বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। স্থানীয়দের অভিযোগ, ২০১২ সালের দিকে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি স্বামী ও তিন সন্তানকে নিয়ে স্কুল ভবনের দুটি কক্ষে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে পারিবারিক সম্পর্কের মাধ্যমে কক্ষ দুটি দখলে নেওয়া হয়।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ব্যবহার করে ব্যক্তিগত বসবাসের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শোবার ঘর, রান্নার জায়গা ও খাবার ঘর তৈরি করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত ওয়াশরুমটিও ওই শিক্ষক দম্পতি ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও বিদ্যালয়ের পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিভাবকদের দাবি।

স্থানীয়দের ভাষ্য, একপর্যায়ে বিদ্যালয় ভবন থেকে ওই শিক্ষিকাকে সরিয়ে দেওয়া হলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও আগের কক্ষগুলোতে মালামালসহ বসবাস শুরু করেন তিনি। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে কক্ষ থেকে মালামাল সরাতে দেওয়া হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা আফরোজা বুলবুলের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এবং ক্লাস্টার কর্মকর্তা ললন কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট সবাই তার বিদ্যালয়ে বসবাসের বিষয়টি জানেন।

তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সরকারি সম্পদ কীভাবে বছরের পর বছর ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে? তাদের অভিযোগ, এ ধরনের অনিয়ম নিয়ে আগেও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্টরা বারবার তদন্তের আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করছেন। এতে প্রশাসনের নজরদারি ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা সরকারি সম্পদ ব্যক্তিগত বসবাসে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি তাদের নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মোংলা পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষার পরিবেশ ও সরকারি প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় শুধু তদন্তের আশ্বাস নয়, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল করতে গাইবান্ধায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল করতে গাইবান্ধায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন নবী টিটুল।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কয়লা তুলতে পারে না সুস্থ মস্তিষ্কের মানুষ: অধ্যাপক আনু মুহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কয়লা তুলতে পারে না সুস্থ মস্তিষ্কের মানুষ: অধ্যাপক আনু মুহাম্মদ

অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পের বিষয়ে সরকারের উদ্দেশ্যে মন্তব্য করেছেন যে, "আমাদের কয়লাখনির দরকার নেই, আমাদের বিকল্প পথ আছে।" তিনি উল্লেখ করেন, "উত্তরঙ্গের বিশাল প্রাকৃতিক সম্পদ, উর্বর জমি, পানি, প্রাণ-প্রকৃতি এসব ধ্বংস করে কয়লা উত্তোলন কোন সয়তান করতে পারে অথবা বোধশক্তি নেই এমন মানুষ করতে পারে।" তিনি আরও বলেন, "কোন সুস্থ মস্তিষ্কের মানুষ প্রাকৃতিক এ বিশাল সম্পদ নষ্ট করে কয়লা তুলতে পারেনা।"

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালে বিকল্প উপায়ে পরিবেশ বান্ধবভাবে কয়লা উত্তোলনের বিষয়ে অনুসন্ধান করা হয়েছে এবং সে সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, "পরবর্তী ২০ বছরে নবায়নযোগ্য জ্বালানি সারা বিশ্বে এত পরিমাণ বিকশিত হয়েছে, এর দাম কমেছে, এর ব্যবহার সহজ হয়েছে এবং এর প্রাপ্তি ও উৎপাদন বিকশিত হয়েছে।" তিনি বলেন, "তারপরে কয়লাখনির মত বিপজ্জনক কোন কিছুর মধ্যে আর যাওয়ার দরকার নেই।"

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট মোকাবেলার প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ২০১৭ সালে জাতীয় কমিটির পক্ষ থেকে জ্বালানি সংকট মোকাবেলায় দুটি দিক উল্লেখ করা হয়েছিল। তিনি বলেন, "বাংলাদেশে কম দামে বিদ্যুৎ পাওয়ার জন্য, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য আমাদের নিজেদের গ্যাস অনুসন্ধান করার সক্ষমতা বাড়াতে হবে এবং জাতীয় সক্ষমতা ও জাতীয় প্রতিষ্ঠানের ভিত্তিতে আমাদের নবায়নযোগ্য জ্বালানির বিকাশ ঘটাতে হবে।" তিনি জানান, "এই দুইটি জিনিসকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে আমাদের কয়লার দরকার নেই।"

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, "কয়লা উত্তোলন কিংবা এলএনজি আমদানির বদলে যেহেতু অনেক ভালো বিকল্প পথ আছে, সেই পথ অবলম্বন করা সরকারের দায়িত্ব।" তিনি সতর্ক করে বলেন, "যদি সরকার এই পথ অবলম্বন না করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে প্রতিরোধ করা জনগণের দায়িত্বের মধ্যে পড়ে।" তিনি আরও বলেন, "সেই দায়িত্বই ফুলবাড়ীর জনগণ ২০০৬ সালে পালন করেছেন।"

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "ফুলবাড়ীর আন্দোলন শুধু ফুলবাড়ীর ছয়দফা রক্ষা করার আন্দোলন নয়। এটা সারা দেশের সম্পদ রক্ষার জাতীয় আন্দোলন।" তিনি এশিয়া এনার্জির কার্যক্রমের প্রতি ইঙ্গিত করে বলেন, "এরা ফুলবাড়ীর জনগণকে দেখেনা, ফুলবাড়ীর ভূপৃষ্ঠের বিশাল প্রাকৃতিক সম্পদ, গাছপালা, মাটি, পানি, বায়ু এইসব দেখেনা।" তিনি বলেন, "তাদের ললুপ দৃষ্টি শুধু ফুলবাড়ীর কয়লার দিকে।" তিনি সতর্ক করে বলেন, "এই মুনাফাখোড়দের চোখে আর কোন কিছু চোখে পড়েনা।"

তিনি বলেন, "তাদের ভয়ঙ্কর রকমের প্রকল্প মোকাবেলা করা ছাড়া জনগণের টিকে থাকার কোন উপায় নেই।" তিনি জানান, "সেই লক্ষ্যে খুব দ্রæত নতুন নতুন কর্মসূচি আসবে।" তিনি সর্বস্তরের মানুষ, তরুণ-যুবকদের নিয়ে লুটেরা শ্রেণির মোকাবেলা করার কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার আহŸায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। কমিটির সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক এমএম আকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, নবায়নযোগ্য জ্বালানি গবেষক প্রকৌশলী মাহবুব সুমন, শিক্ষক ও গবেষক ড. মাহা মির্জা এবং স্থানীয় তেল গ্যাস কমিটির সদস্য নুরুজ্জামান।

সভায় শেষে প্রজেক্টরের মাধ্যমে খনি প্রকল্পের বিষয়ে তুলে ধরা হয় এবং প্রশ্ন উত্তরপর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ফুলবাড়ী খনি এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণী পেশার চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

‘মা, তুমি কবে আসবে? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারব না, আমার আর থাকা হবে না। আমি আর পারছি না। কেউ আমাকে বোঝে না, তুমি বোঝো।’ ১৫ বছর বয়সি বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্য, মায়ের সঙ্গে ফোনে শেষবার কথা বলার সময় এভাবেই তার কষ্টের কথা জানিয়েছিল। পরিবারের কাছে সেই কথাগুলো এখন স্মৃতি হয়ে রয়েছে। প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি মায়ের সঙ্গে দেখা করতে না পারার বেদনা নিয়ে শুক্রবার রাতে মারা যায় তূর্য।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তূর্যের মৃত্যু ঘটে। তার বাবা শাহাদাৎ হোসেন নিপু গণমাধ্যমের কাছে ছেলের শেষ কথাগুলো স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তূর্যের মা শারমিন সুলতানা প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ অক্টোবর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে পুলিশ শারমিন সুলতানাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শারমিন সুলতানা ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী। স্বজনদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে পারিবারিক বিরোধ থেকে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক জটিলতায় রূপ নিয়েছে।

মাকে কারাগারে নেওয়ার পর থেকে তূর্যকে তার সঙ্গে সরাসরি দেখা করতে দেওয়া হয়নি। তবে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ পেত সে। সর্বশেষ ফোনালাপে মাকে দ্রুত ফিরে আসার আকুতি জানিয়েছিল তূর্য। ছেলের সেই কথাগুলো স্মরণ করে শোকাহত বাবা জানান, মাকে কাছে না পাওয়ার কষ্টে ভুগছিল সে।

শাহাদাৎ হোসেন নিপু একজন আবৃত্তিশিল্পী এবং কিছুদিন আগে বাংলা একাডেমি থেকে অবসরে গেছেন। শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কাশিমপুর কারাগার থেকে ছেলের মরদেহ নিয়ে ফিরছিলেন।

শাহাদাৎ হোসেন বলেন, প্যারোলে মুক্তির প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। এ জন্য জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করতে হয়। অনুমতি মিললেও নানা ধরনের জটিলতা থাকে। তার ওপর সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ও বন্ধ ছিল।

তিনি জানান, ‘এজন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন। তূর্যের মায়ের সঙ্গে সেখানেই দেখা হয়েছে। এখন আমরা ঢাকার পথে আছি।’

ছেলের মৃত্যুর কারণ সম্পর্কে শাহাদাৎ হোসেন বলেন, ‘বাথরুমে পড়েছিল, সম্ভবত স্ট্রোক করেছে। আমরা যখন দেখি অনেকক্ষণ ধরে বাথরুম থেকে বের হচ্ছে না। তখন দরজা খুলে দেখি পড়ে আছে। স্ট্রোকই হবে। ও মানসিক যন্ত্রণায় ছিল। তাছাড়া ছোটবেলা থেকে বিভিন্ন রোগেও আক্রান্ত ছিল।’

তূর্যের জানাজা ও দাফনের বিষয়ে তার বাবা জানান, শনিবার বাদ আসর আজিমপুর ছাপড়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মোহাম্মদপুরের তাজমহল রোডে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%