০৭:৪৭ পি.এম
বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে স্বামী ও সন্তানদের নিয়ে দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষকে শোবার ঘর, রান্নাঘর ও খাবার ঘর হিসেবে ব্যবহার করার পাশাপাশি শিক্ষার্থীদের বেঞ্চ, চেয়ার-টেবিল এবং ওয়াশরুমও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযোগ উঠলেই তদন্তের আশ্বাস দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিরুদ্ধে উঠেছে।
ঘটনাটি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম আফরোজা বুলবুল, যিনি বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। স্থানীয়দের অভিযোগ, ২০১২ সালের দিকে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি স্বামী ও তিন সন্তানকে নিয়ে স্কুল ভবনের দুটি কক্ষে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে পারিবারিক সম্পর্কের মাধ্যমে কক্ষ দুটি দখলে নেওয়া হয়।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ব্যবহার করে ব্যক্তিগত বসবাসের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শোবার ঘর, রান্নার জায়গা ও খাবার ঘর তৈরি করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত ওয়াশরুমটিও ওই শিক্ষক দম্পতি ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও বিদ্যালয়ের পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিভাবকদের দাবি।
আরও পড়ুন: ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ
স্থানীয়দের ভাষ্য, একপর্যায়ে বিদ্যালয় ভবন থেকে ওই শিক্ষিকাকে সরিয়ে দেওয়া হলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও আগের কক্ষগুলোতে মালামালসহ বসবাস শুরু করেন তিনি। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে কক্ষ থেকে মালামাল সরাতে দেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা আফরোজা বুলবুলের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এবং ক্লাস্টার কর্মকর্তা ললন কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট সবাই তার বিদ্যালয়ে বসবাসের বিষয়টি জানেন।
তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সরকারি সম্পদ কীভাবে বছরের পর বছর ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে? তাদের অভিযোগ, এ ধরনের অনিয়ম নিয়ে আগেও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্টরা বারবার তদন্তের আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করছেন। এতে প্রশাসনের নজরদারি ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা সরকারি সম্পদ ব্যক্তিগত বসবাসে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি তাদের নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নেওয়া: অর্থমন্ত্রী
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মোংলা পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষার পরিবেশ ও সরকারি প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় শুধু তদন্তের আশ্বাস নয়, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
এমএইচ
আরও পড়ুন: যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন সভাপতি নয়ন, সম্পাদক রিফাত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন