প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের হাতে ৪ জন গ্রেপ্তার হয়েছে।
শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার দুপুরে, পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লায় মিরুর বাসভবনে অভিযান চালায়। অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বাধা দিতে আসে, ফলে পুলিশকে ফিরে যেতে হয়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল মিরুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। পুলিশ আসার খবর পেয়ে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন স্লোগান দিয়ে গ্রেপ্তারে বাধা দেয়। সময়ের সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়তে থাকায় পুলিশ মিরুকে গ্রেপ্তার না করেই ফিরে যায়। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের দাবি, পুলিশের গাড়ি মিরুর বাড়ি পর্যন্ত পৌঁছানোর মতো অবস্থা ছিল না; অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়েছে। এই সুযোগে তিনি হয়তো বাড়ি থেকে পালিয়ে গেছেন।
পরে রাতভর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লার আবুল প্রামাণিকের ছেলে রাকিব, নারায়ণদহ গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম, নলুয়া দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ ফরমান প্রামাণিকের ছেলে জেলহাস প্রামাণিক আতিক এবং নলুয়া মধ্যপাড়া মহল্লার আব্দুল হান্নান প্রামাণিকের ছেলে সোহেল রানা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘হালিমুল হক মিরু বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন।’
উল্লেখ্য, হালিমুল হক মিরু জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই হত্যা মামলার প্রধান আসামি সাবেক মেয়র হালিমুল হক মিরু। দীর্ঘদিন তিনি কারাগারে আটক ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মিরুকে পৌর মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন