১০:৩১ এম
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন, "এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না।"
পোস্টে তিনি আরো উল্লেখ করেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: বিএনপির শোভাযাত্রা উপলক্ষে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাকে তিনি আরো উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে প্রশ্ন করেন, "দেশে আসলেই কোনো সরকারব্যবস্থা আছে কি না।"
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান এ ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান। তিনি বলেন, "ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন