১০:৩৩ এম
কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষা সফরে যাওয়ার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় একটি বাস দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। শনিবার ভোরে আনুমানিক সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল বাসে করে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। যাত্রাপথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং সোহানা আফরোজ।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০ থেকে ৩২ জন হতে পারে।
আরও পড়ুন: ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন বলেন, মাদরাসা থেকে আমাদের কাছে কোন অনুমতির আবেদন করেনি এবং আমাদেরকে মৌখিকভাবে জানায়নি। আমি অধ্যক্ষের সাথে কথা বলেছি।
আরও পড়ুন: মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে, বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন