০৮:০০ এম
পাকিস্তান সফলভাবে নিজেদের প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফায’-এর পরীক্ষা সম্পন্ন করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মাধ্যমে জানানো হয়েছে, এই পরীক্ষার ফলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক অর্জিত হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থা বিদ্যমান। এর ফলে এটি দূরপাল্লা থেকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
আইএসপিআরের বক্তব্য অনুসারে, ‘ফায’ পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করবে এবং দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই সফল পরীক্ষা দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি ও স্বনির্ভরতার প্রতিফলন হিসেবে গণ্য হচ্ছে।
আরও পড়ুন: নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে কারণগুলো বিশ্লেষণ
পরীক্ষার সময় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। সফল পরীক্ষার জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধান সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে, গত মাসে পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ-২ ইআর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষা সম্পন্ন করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন