০৮:১৮ পি.এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ব্যবস্থাপনা পর্ষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সংক্রান্ত আদালত অবমাননার অভিযোগে নির্বাচনের আট প্রার্থী আইনগত নোটিশ প্রদান করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুস সালাম এবং মহাসচিব মো. হাবিবুর রহমান খানের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টের একাধিক আদেশ লঙ্ঘন করে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য তাদের বিরুদ্ধে সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার কার্যক্রম শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
আট প্রার্থীর পক্ষে আইনজীবী কে এম আশবারুল বারী এই আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী ১০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, তিন সদস্যের নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করতে হবে এবং তিন দিনের মধ্যে সাধারণ সভার (ওজিএম) তারিখ ঘোষণা করতে হবে।
নোটিশে আরো বলা হয়েছে, ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন সংক্রান্ত ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট পিটিশনের শুনানি শেষে সংশ্লিষ্ট দুটি স্মারকের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এর ফলস্বরূপ, ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন হিসেবে পূর্বে গঠিত তিন সদস্যের কমিশন পুনর্বহাল করা হয়।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
আইনি নোটিশের তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ৮ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পরে সময় বাড়িয়ে ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আদালতের আদেশ বহাল থাকা অবস্থায় চেয়ারম্যান ও মহাসচিব তিন সদস্যের নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা না দিয়ে বরং ২৭ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি পৃথক নির্বাচন কমিশন গঠন করেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার মাঝপথে প্রতিনিধি তালিকা পরিবর্তন এবং আদালতে সময় বৃদ্ধির আবেদনের সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে।
গত ২ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১৮ অক্টোবর করা দ্বিতীয় দফা সময় বৃদ্ধির আবেদনটি খারিজ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। আবেদনটি ভুল ধারণার ভিত্তিতে করা হয়েছে বিবেচনায় আদালত তা প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছেন নোটিশদাতারা।
নোটিশে আট প্রার্থীর পক্ষে অধ্যাপক ডা. মো. রফিকুল কবিরকে ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, ২৩ আগস্ট গঠিত ও ১৫ সেপ্টেম্বর পুনর্বহাল হওয়া তিন সদস্যের নির্বাচন কমিশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আপিল বিভাগের আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন