বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১৮ পি.এম
সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুর্ঘটনায় জড়িত লরি চালক মোঃ রিয়াজ উদ্দিন (৩২)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিনের পিতা মোঃ আবু তাহের, সাং-বাটির টেক, থানা-নোয়াখালী সদর।
উল্লেখ্য, উক্ত সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ঘাতক লরি চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে অভিযুক্ত চালককে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ