মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৩ পি.এম
নেত্রকোনার পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন স্থানীয় সরকারি কর্মকর্তা, অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।
পরে বিদ্যালয় মাঠে স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিশকাকুনী ইউনিয়ন ও ধলামূলগাঁও ইউনিয়নের দল মুখোমুখি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পূর্বধলা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও আনোয়ারুল ইসলাম আনার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে দেশব্যাপী ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ নিবন্ধন করেছে বলে জানা গেছে।
আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটবে। পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়বে এবং তারা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সিজন ১’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাকর ফাইনালে আনাস একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে আকাশ-নিলয় একাদশ।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর রেল স্টেশন সংলগ্ন পূর্ব গাইলকাটা খেলার মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করে ‘পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহল’।
বিকেলে ফাইনাল খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মো. কামরুল ইসলাম মুছা।
এ সময় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছা বলেন, "খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। যুবসমাজ ও তরুণরা সঠিক পথে এগিয়ে গেলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।"
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ বলেন, "গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা আজ হারিয়ে যাওয়ার পথে। পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহলের এই উদ্যোগ আমাদের শৈশবের সেই হারানো ঐতিহ্য ও খেলাধুলার আমেজকে আবার ফিরিয়ে এনেছে। খেলোয়াড়দের সুন্দর ক্রীড়াশৈলী ও উভয় দলের চমৎকার মনোভাব দেখে আমি সত্যিই মুগ্ধ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আলী সোহেল, কামাল আহমেদ ও মোবারক হোসেন।
বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ ধারায় টিকিয়ে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট পরিচালনায় স্থানীয় যুবক ও তরুণদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
ফাইনালে আকাশ-নিলয় একাদশ ও আনাস একাদশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। শেষ পর্যন্ত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আকাশ-নিলয় ফুটবল একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এলাকার ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ