০৭:১৫ পি.এম
থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে পড়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজ।
সোমবার (২ নভেম্বর) রাতে, দুবাইয়ের উদ্দেশে উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে। পরবর্তীতে, জরুরি ভিত্তিতে টোয়িং যান পাঠানো হয় উড়োজাহাজটি সরানোর জন্য। এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর উড়োজাহাজটি স্থানান্তর করা সম্ভব হয়।
সুবর্ণভূমি বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১১ মিনিটে এমিরেটসের ইকে৩৭৩ ফ্লাইটটি ট্যাক্সিওয়ে ই২১-এ চলাচলের অক্ষম হয়ে পড়ে। এই খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাংকক ওয়ার্ল্ডওয়াইড ফ্লাইট সার্ভিসেস কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। পরে, একটি পুশব্যাক ট্রাক্টর পাঠিয়ে উড়োজাহাজটি সরানোর ব্যবস্থা করা হয়। রাত ১০টা ১৮ মিনিটে উড়োজাহাজটি আটকে পড়া স্থান থেকে সরানো হয় এবং রাত ১০টা ২২ মিনিটে এটি দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে।
আরও পড়ুন: ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ
থাই এক্সামিনারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উড়োজাহাজটির ভারে ট্যাক্সিওয়ের নিচের মাটি বা পৃষ্ঠ ধসে যাওয়ায় এটি আটকে পড়ে। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ওই এলাকা পরিদর্শন করে ট্যাক্সিওয়ে ই২১-এর কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন পায়।
কর্তৃপক্ষের ধারণা, ব্যাংকক বিমানবন্দরসংলগ্ন এলাকায় টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে ট্যাক্সিওয়ের কিছু অংশ দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে, উড়োজাহাজের অতিরিক্ত ওজনের চাপে সেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমিরেটসের উড়োজাহাজটি সরাতে টোয়িং যানকে প্রায় ৭১ মিনিট কাজ করতে হয়েছে।
এদিকে, এক সপ্তাহের ব্যবধানে একই বিমানবন্দরে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত ২৮ অক্টোবর চায়না এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও ট্যাক্সিওয়েতে আটকে পড়েছিল।
ঘটনার পর থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহণমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন বিমানবন্দরে জরুরি মেরামতের নির্দেশ দিয়েছেন। মেরামতকাজের জন্য একটি রানওয়ে ও একটি ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়েটি ১৩ ঘণ্টা এবং ট্যাক্সিওয়েটি ৬১ ঘণ্টা ব্যবহারের অনুপযোগী থাকবে।
আরও পড়ুন: হরমুজে ৩ জাহাজে আগুন, ইরান দাবি করেছে ২ মার্কিন ড্রোন জব্দ
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মেরামতকাজ শুরু হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। মেরামতের পর বিমান চলাচলের উপযোগী করতে রানওয়ের পৃষ্ঠ পুরোপুরি শক্ত হওয়ার জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সামগ্রিক ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়বে না। বিমানবন্দরের সচল থাকা অন্য দুটি রানওয়ে ব্যবহার করে আগমন ও বহির্গমনকারী উড়োজাহাজের চলাচল স্বাভাবিক রাখা হবে।
সূত্র: এভিয়েশন এ টু জেড ও হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: জেডি ভ্যান্সের ট্রাম্পের থেকে দূরত্ব বাড়ানোর আভাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন