ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ


ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ

সংঘাতের কারণে বিপর্যস্ত প্রতিবেশী দেশ ইয়েমেনে মানবিক সহায়তা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে দেশটির হাজ্জাহ গভর্নরেটে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ২৩২টি সুবিধাসংবলিত আবাসন ইউনিট প্রদান করেছে সউদী আরব।

সউদী ত্রাণ সংস্থা 'কেএসরিলিফ' এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের আওতায় রয়েছে সৌরবিদ্যুৎ সুবিধাসহ নির্মিত বাড়ি, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মসজিদ এবং শিশুদের জন্য দুটি খেলার মাঠ। স্থানীয় আশ্রয়দাতা কমিউনিটির ১৫০টি পরিবারকেও বাড়তি সৌরবিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ করা হয়েছে।

সউদী প্রেস এজেন্সির (এসপিএ) বৃহস্পতিবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে মোট ১,৯৯৪ জন মানুষ উপকৃত হবে। এটি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য আরও স্থিতিশীল জীবনযাপনের সুযোগ এবং মৌলিক সেবা পাওয়ার ব্যবস্থা করবে।

আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ

প্রতিটি আবাসন ইউনিটে রয়েছে দুটি কক্ষ, দুটি বাথরুম, একটি রান্নাঘর এবং একটি উন্মুক্ত উঠান। আবাসন কমপ্লেক্সের বাসিন্দাদের এবং আশপাশের স্থানীয় জনগণের সুবিধার্থে আনুষঙ্গিক এসব প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে।

হাজ্জাহর গভর্নর আব্দুলকারিম আল-সুনাইনি সউদী আরব, দেশটির নেতৃত্ব এবং জনগণের অব্যাহত মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, এই প্রকল্প দীর্ঘদিনের কষ্টের পর বাস্তুচ্যুত পরিবারগুলোকে নতুন করে জীবন গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

আবাসন প্রকল্প হস্তান্তরের পাশাপাশি চলতি সপ্তাহে ইয়েমেনে আরও বেশ কিছু সউদী ত্রাণ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে, যা বাস্তুচ্যুত ও দুর্গত মানুষের প্রতি দেশটির অব্যাহত সমর্থনের বড় প্রমাণ।

লাহাজ গভর্নরেটে জরুরি আশ্রয় কর্মসূচির ৬ষ্ঠ পর্যায় হিসেবে তুবান জেলার সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুতদের মধ্যে ৯০টি তাঁবু ও ৯০টি শেল্টার কিট বিতরণ করেছে কেএসরিলিফ। পাশাপাশি সেখানে নিরাপদ খাওয়ার পানি সরবরাহ করা হয়েছে, যা ১,৯১৯ জন বাস্তুচ্যুত মানুষ ও দুঃস্থ পরিবারকে সহায়তা করেছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

এডেন গভর্নরেটে ১৪টি পয়েন্টের মাধ্যমে বিশুদ্ধ খাওয়ার পানি পৌঁছে দেওয়া হয়েছে এবং ৩৭টি পরিবারের মধ্যে ৪৫৪টি পানি রাখার পাত্র বিতরণ করা হয়েছে। আল-বুরাইকাহ জেলায় পরিচালিত আলাদা একটি জরুরি পানি প্রকল্পের মাধ্যমে দৈনিক প্রায় ২,৮০০ মানুষকে পানের যোগ্য পানি সরবরাহ করা হচ্ছে। এই উদ্যোগে কংক্রিটের বেদির ওপর ২১টি পানির ট্যাংক স্থাপন, বিতরণ ও নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ৮০০টি কন্টেইনার বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে। পানির গুণমান ও নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতে নিয়মিত ল্যাব পরীক্ষাও করা হচ্ছে।

অসচ্ছল ও বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নিরাপদ পানি নিশ্চিত করা, দূষিত পানির কারণে স্বাস্থ্যঝুঁকি কমানো এবং দুর্যোগ সহ্য করার সক্ষমতা বাড়ানোই এসব উদ্যোগের মূল উদ্দেশ্য।

সর্বশেষ এই প্রকল্পগুলো ইয়েমেনে সউদী আরবের টানা মানবিক সহায়তার ধারাবাহিকতা তুলে ধরে। এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাত, অর্থনৈতিক বিপর্যয় এবং মৌলিক সেবার ঘাটতির কারণে দেশটির লাখ লাখ মানুষ এখন ত্রাণের ওপর নির্ভরশীল।

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যবর্তী সংঘাতের ফলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অবকাঠামো ও অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

জাতিসংঘের ২০২৬ সালের মানবিক চাহিদা ও সহায়তা পরিকল্পনা অনুসারে, ইয়েমেনে আনুমানিক ২ কোটি ২৩ লাখ মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। এর মধ্যে প্রায় ৫২ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ রয়েছে। এ ছাড়া ১ কোটি ৮৩ লাখের বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত কেএসরিলিফ-এর মাধ্যমে ইয়েমেনে সর্বোচ্চ পরিমাণ ত্রাণ দেওয়া দেশগুলোর মধ্যে সউদী আরব অন্যতম। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থার সাথে মিলে প্রতিষ্ঠানটি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, শিক্ষা, পুষ্টি ও সুরক্ষাসহ নানা খাতে কাজ করে যাচ্ছে।

এর আগেও সংস্থাটির অধীনে ইয়েমেনের বিভিন্ন প্রান্তে খাদ্য সামগ্রী বিতরণ, ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচি পরিচালনা এবং শরণার্থী ও সংকটাপন্ন মানুষের মাঝে ত্রাণ পৌঁছানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

তৎক্ষণাৎ জরুরি ত্রাণের পাশাপাশি দীর্ঘমেয়াদে জীবনযাত্রার মান উন্নয়ন, মৌলিক সেবা পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্তদের টেকসই পুনরুদ্ধারের লক্ষ্যেই সউদী আরব এসব আবাসন ও পানি প্রকল্প বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: শিল্পী বব ডিলানের সঙ্গে পোপ লিও চতুর্দশের সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


বিশ্বজয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, বিশ্ব-দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে। তিনি বলেছেন, “বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি বিদেশি ভাষা শিখতে পারলে বিশ্বের কোনো শক্তিই বাংলাদেশের নতুন প্রজন্মকে দমিয়ে রাখতে পারবে না।”

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই বাংলাদেশ তোমাদের। তোমাদেরই দেশটিকে গড়ে তুলতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসাডর। বিশ্ব দরবারে বাংলাদেশকে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমাদের নিতে হবে।”

তারেক রহমান বলেন, “কেউ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হবে। কিন্তু শুধু লেখাপড়া করলেই চলবে না। প্রত্যেককে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে। কারণ, বিশ্বকে জয় করতে হলে জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি এসব ক্ষেত্রেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।”

খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক দক্ষতা অর্জনের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিকেএসপির শিক্ষার্থীরা খেলাধুলায় যেমন দক্ষতা দেখিয়েছে, তেমনি নাচ, অ্যাক্রোবেটিকসসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়ও পারদর্শিতা দেখিয়েছে। অর্থাৎ একই সঙ্গে একাধিক ক্ষেত্রে দক্ষতা অর্জন করা সম্ভব।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ শিশু-কিশোরের অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের শিশু-কিশোরদের মধ্যে প্রতিভার অভাব নেই। তাদের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের। সরকার এমন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে নিজেদের যোগ্য করে তুলতে পারে।”

শিশুদের তৃতীয় একটি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলা ও ইংরেজির পাশাপাশি ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে পছন্দমতো একটি শেখার সুযোগ তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বিশ্বের কোনো জাতিই বাংলাদেশের নতুন প্রজন্মকে পিছিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যে দেশকে উদাহরণ হিসেবে তুলে ধরতে অন্য কোনো দেশের নাম নিতে হবে না। বরং বাংলাদেশই হবে সমৃদ্ধ ও শক্তিশালী দেশের উদাহরণ। নতুন প্রজন্মকে সেই অবস্থানে দেশকে নিয়ে যেতে হবে। ভবিষ্যতে শিশু-কিশোরদের সঙ্গে স্কুল-কলেজ, খেলার মাঠ ও সংস্কৃতিচর্চার মঞ্চে আবার দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আরম খান। এ সময় স্থানীয় প্রশাসন এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট থেকে খুলনায় আসার পথে রূপসার কুদির বটতলা ও নগরীর ডাকবাংলা মোড়ে আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দুপুর আড়াইটার দিকে কুদির বটতলায় পৌঁছে নির্ধারিত অভ্যর্থনার অপেক্ষা না করে গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পথসভায় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষ থেকে ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা চলছে অভিযোগ করে তা মোকাবেলায় ২০২৪ সালের মতো আরেকটি আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার জার্মানির ২৪ সদস্যের দল দিলেন ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


এবার জার্মানির ২৪ সদস্যের দল দিলেন ক্লপ

নেশন্স লিগের ম্যাচের প্রস্তুতির জন্য বৃহস্পতিবার জার্মানির ২৪ সদস্যের দলে অভিজ্ঞ স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগকে ফিরিয়ে এনেছেন জার্গেন ক্লপ।

এছাড়া, বরুশিয়া মশেনগ্ল্যাডবাখের টিনএজ মিডফিল্ডার ওয়ায়েল মোহিয়া অপ্রত্যাশিতভাবে জার্মান দলে ডাক পেয়েছেন। জার্মানি সার্বিয়ার বিপক্ষে একটি অ্যাওয়ে ম্যাচ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বার্লিনে একটি ঘরের মাঠের ম্যাচ খেলবে।

দলের প্রতিভা সম্পর্কে আরও ভালো ধারণা পেতে, জার্মানির কোচ হিসেবে প্রথমবার ৪৪ জনের দল ঘোষণা করেছিলেন ক্লপ। তবে, সেখান থেকে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খেলোয়াড় ও তরুণ প্রতিভাকে বাদ দিতে হয়েছে তাঁকে।

নিক উল্টেমাডে, করিম আদেয়েমি, নাদিয়েম আমিরি ও ডেভিড রওমের মতো খেলোয়াড়রা দল থেকে বাদ পড়েছেন। দীর্ঘমেয়াদি চোটের কারণে জামাল মুসিয়ালা ও সার্জি নাবরি এখনও মাঠের বাইরেই আছেন।

ক্লপ মন্তব্য করেন, “সেপ্টেম্বরে ৪৪ জনের দল ঘোষণার পর এসব সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে ইতিবাচক দিক থেকে দেখলে, এটি আসলে ভালো খবর। কারণ, আরও বেশি খেলোয়াড় দলে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “আপনার হাতে যত বেশি মানসম্পন্ন খেলোয়াড় থাকবে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া তত বেশি কঠিন হবে- তবে সেটি ইতিবাচক অর্থেই।”

লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপকে গ্রীষ্মে জার্মানির দায়িত্ব দেওয়া হয়। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে শুরুতেই বিদায়ের পর তিনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব গ্রহণ করেন।

২০২৬ বিশ্বকাপে শেষ ৩২-এর পর্বে প্যারাগুয়ের কাছে হেরে জার্মানি বিদায় নেয়। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল দলটি।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ক্লপ তরুণ দল গড়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, তবে ৩৩ বছর বয়সী ফুলক্রুগের দুর্দান্ত ফর্ম উপেক্ষা করতে পারেননি তিনি।

গ্রীষ্মে ওয়েস্ট হ্যামে এক মৌসুমের ব্যর্থ ধারের অধ্যায় শেষে ওয়ার্ডার ব্রেমেনে ফেরার পর, সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১২ গোল করেছেন ফুলক্রুগ।

ক্লপ বলেন, “সে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে এবং নিঃসন্দেহে দারুণ পারফর্ম করেছে। সব ধরনের গোলই করেছে সে। শুধু গোল করার মাধ্যমে নয়, যেভাবে খেলেছে, তাতেও ওয়ার্ডার ব্রেমেনের ওপর অসাধারণ প্রভাব ফেলেছে। তাকে দলে নেওয়ার সিদ্ধান্তটা বেশ সহজ ছিল। সে দলে আছে, এই খবরটি জানাতে পেরে ভালো লেগেছে।”

১৭ বছর বয়সী মোহিয়া ক্লপের আগের দলে জায়গা পাননি। তবে আক্রমণাত্মক মানসিকতার এই মিডফিল্ডার গ্ল্যাডবাখের হয়ে মৌসুমের শুরুটা ভালো করেছেন।

মোহিয়ার প্রতিভা ও আত্মবিশ্বাসে মুগ্ধ হওয়ার কথা জানিয়ে ক্লপ বলেন, অনুশীলন মাঠে সরাসরি তাঁকে আরও কাছ থেকে দেখার পাশাপাশি মাঠের ভেতরে ও বাইরে তিনি কীভাবে নিজেকে সামলান, সেটিও দেখতে চান।

ব্রাইটন থেকে ধারে আরবি লিপজিগে খেলা ব্রায়ান গ্রুদাও দলে ডাক পেয়েছেন। তাঁর সঙ্গে স্টুটগার্টের ডিফেন্ডার ফিন ইয়েলচও রয়েছেন।

জার্মানি ১৩ নভেম্বর বেলগ্রেডে সার্বিয়ার মুখোমুখি হবে। এর তিন দিন পর বার্লিনে চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে দলটি।

জার্মান ফুটবল দল :

গোলরক্ষক: আলেক্সান্ডার ন্যুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগান, ইয়োনাস উরবিগ

ডিফেন্ডার: ওয়ালডেমার এ্যান্টন, নাথানিয়েল ব্রাউন, ফিন ইয়েলচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড, নিকো শ্লটারবেক, জোনাথন টাহ, মালিক থিয়াও, ফিলিপ ট্রয়

মিডফিল্ডার: টম বিশফ, সাঈদ এল মালা, ব্রায়ান গ্রুদা, লেনার্ট কার্ল, জশুয়া কিমিচ, ওয়ায়েল মোহিয়া, ফেলিক্স এনমেচা, আলেক্সান্ডার পাভলোভিচ, ডেরি শেরহান্ট, ফ্লোরিয়ান রিটজ

ফরোয়ার্ড: ইউনেস এবনুতালিব, নিকলাস ফুলক্রুগ, কেই হাভার্টজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রামায়ণ’-এর সেটে রণবীরের সঙ্গে আলিয়ার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


‘রামায়ণ’-এর সেটে রণবীরের সঙ্গে আলিয়ার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ৫ নভেম্বর মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের মাঝে, অভিনেত্রী আলিয়া ভাট সিনেমার সেটের কিছু বিশেষ মুহূর্ত প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার সঙ্গে তোলা দুটি পর্দার পেছনের ছবি শেয়ার করেছেন। ছবির সাথে রণবীরের কাজের প্রশংসা করে আলিয়া একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

ছবিগুলোর ক্যাপশনে আলিয়া উল্লেখ করেছেন, “তুমি এই কাজের জন্য নিজের সবটুকু দিয়েছ, অথচ তার পরও তার জন্য সবটুকু বাকি রেখেছ। তোমাকে নিয়ে গর্বিত, রণবীর। এই অসাধারণ সিনেমার অভিজ্ঞতা তৈরিতে যারা মনপ্রাণ ঢেলে কাজ করেছেন, তাদের প্রত্যেকের জন্যও গর্ব হচ্ছে। কিছু গল্প আমাদের সবার চেয়েও বড়, ‘রামায়ণ’ তেমনই একটি।”

আগামী ৬ নভেম্বর রাহার চতুর্থ জন্মদিন। তার আগে রণবীর ও রাহার এই ছবিগুলো ভক্তদের নজর আকর্ষণ করেছে।

৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। এর আগে, মঙ্গলবার মুম্বাইয়ে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে রণবীরের স্ত্রী আলিয়া ভাটও উপস্থিত ছিলেন।

এদিকে, সিনেমা হলে বসে ‘রামায়ণ’ দেখার সময় আলিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে রিক্লাইনারে বসে সিনেমা দেখতে দেখা যায়। একটি দৃশ্য দেখে বিস্মিত হয়ে দুই হাতে মুখ ঢেকে ফেলেছেন তিনি। আশপাশে থাকা দর্শকদের চোখে ছিল থ্রিডি চশমা।

এক্সে ছবিটি প্রকাশ করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘রামায়ণ দেখছেন আলিয়া ভাট!’ ছবিটির সত্যতা নিয়ে একজন প্রশ্ন তুললে পোস্টদাতা সেটি সত্য বলে নিশ্চিত করেছেন।

ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রণবীরের কাজ দেখে আলিয়ার মুগ্ধতার কথা লিখেছেন, আবার কেউ তাকে ‘গর্বিত স্ত্রী’ বলে মন্তব্য করেছেন।

‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্বটি ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। ছবিতে রণবীরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে ও যশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে এসএসপি পদে পদোন্নতি লাভ করেছেন ৬৭ জন পুলিশ কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কসার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় কর্মী পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এই মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ নির্দেশনার বিষয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার ভিত্তিতে বায়রা এই চিঠি প্রেরণ করেছে।

উল্লেখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ও সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, বহির্গমন ছাড়পত্র পাওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধুমাত্র ভিসা প্রাপ্তি বা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরির প্রস্তাব পাওয়ার মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট দেশের কর্মসংস্থানের সুযোগ, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা অত্যন্ত জরুরি।

বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে জোরপূর্বক প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে বাংলাদেশিরা প্রতারণা, শোষণ, আটকে রাখা ও মানবপাচারের শিকার হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় বিদেশগামী কর্মীদের কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগ প্রক্রিয়া ও নিরাপদ অভিবাসনের বিষয়টি নিশ্চিত করেই বিদেশযাত্রার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%