০২:১৩ এম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি অফিসে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে ঘুষ নেবার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর একজন ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসকের এক জরুরি আদেশের মাধ্যমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে রোববার রাতই তাকে বরখাস্ত করা হয়। অভিযুক্ত ব্যক্তি ইমরান শেখ সাতৈর (খ) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
অফিসের ভেতরে বসে সেবাগ্রহীতার কাছ থেকে গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন ভূমি কর্মকর্তা ইমরান শেখ।
রোববার (২৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ এক সেবাগ্রহীতার কাছে বসে টাকা গুনছেন। এই সময় তিনি টাকা দেয়া ব্যক্তির নাম ও পরিচয়ও নোট করে রাখছেন। তবে ভিডিওতে ওই ব্যক্তির পরিচয় অস্পষ্ট থাকায় তা নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
টাকা নেয়ার সময় অভিযুক্ত কর্মকর্তাকে বলতে শোনা যায়, 'আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দিবে, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।'
এ সময় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ইঙ্গিত করে তিনি আক্ষেপের সুরে বলেন, 'উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।'
ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরান শেখ দাবি করেন, 'এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, আবার ফেরত দিয়ে যায়। এটি সেই ধারের টাকা ফেরত নেয়ার সময়কার ভিডিও।' তবে তিনি টাকাগুলো ফিরিয়ে দেয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, এর আগে সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, টাকা নেয়ার অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
ভিডিওটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও সমালোচনার পর ওইদিন রাতেই ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক ২৬ জুলাই থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক বরখাস্তকালীন সময়ে তিনি কেবল খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন