১০:৫৮ পি.এম
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল হিসেবে চিহ্নিত একটি গোডাউন থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গমিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম। অভিযানে মুক্তারপুর নৌপুলিশ সহযোগিতা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের সদস্য এবং মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক রিটন
মৎস্য বিভাগ জানিয়েছে যে, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল নিয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন