ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, চালু হলো দুই সড়কে যান চলাচল


খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, চালু হলো দুই সড়কে যান চলাচল

খাগড়াছড়িতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এই পরিস্থিতিতে, বন্ধ থাকা তিনটি সড়কের মধ্যে দুটি সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত খাগড়াছড়ি পৌর শহরের বাসিন্দারা এখন বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তবে, বাড়িঘরে কাদামাটি জমে যাওয়ার কারণে তারা দুর্ভোগে পড়ছেন। দীঘিনালায় মাইনি নদীর পানি কিছুটা কমেছে। এর মধ্যে, নিম্নাঞ্চলে এখনো পানি জমে রয়েছে। ঝুঁকিতে থাকা পানিবন্দি মানুষের কাছে ইঞ্জিনচালিত নৌকায় করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়া, জেলা পরিষদ, জেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী ও বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দীঘিনালায় ত্রাণ বিতরণ করছেন।

আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান

ইতিমধ্যে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি ও মহালছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে গেছে। তবে, দীঘিনালার সঙ্গে লংগদু উপজেলার যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পুরো জেলায় এখনো ১৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা রয়েছে। তবে, এখনও পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জিওব্যাগ স্থাপনের কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে জিওব্যাগ স্থাপনের কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের অব্যাহত ভাঙন থেকে জনপদ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ভাঙন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১১ জুলাই (শনিবার) সকালে বালুভর্তি জিওব্যাগ স্থাপনের কাজের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, "আড়িয়াল খাঁ নদের ভাঙন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ। মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। আজ জিওব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙন প্রতিরোধের প্রাথমিক কার্যক্রম শুরু হলো। আমরা চাই এই এলাকার মানুষ নিরাপদে বসবাস করুক। ভবিষ্যতে স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।"

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নদীভাঙনের ঝুঁকি বিবেচনায় প্রাথমিক পর্যায়ে বালুভর্তি জিওব্যাগ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ এবং ভাঙনের তীব্রতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদের ভাঙনের কারণে কাজীরটেকসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। অবশেষে ভাঙন প্রতিরোধে কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, জিওব্যাগ স্থাপনের মাধ্যমে প্রাথমিকভাবে ভাঙনের তীব্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতে আরও টেকসই ও স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ এলাকার নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


৫ বছর পর জাতীয় দলে ফিরলেন সাইফউদ্দিন

দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে খেলার দ্বারপ্রান্তে মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস বোলিং অলরাউন্ডার বেশ কিছুটা নাটকীয়তার মধ্যে ডাক পেয়েছেন জিম্বাবুয়ে-বাংলাদেশ ৩য় ওয়ানডে দলের। যদিও সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ওয়ানডে খেলা এই ক্রিকেটারের জন্য একাদশে সুযোগ প্রাপ্তি নিয়ে নিশ্চিত বলা যাচ্ছে না।

অবশ্য, টি-টোয়েন্টি দলের আসা-যাওয়ার মধ্যে থাকলেও ওয়ানডে দলের ডাক পাওয়া সাইফউদ্দিনের জন্য এটি বড় সুখবরই বলা যায়। সৌভাগ্যক্রমে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের চোট তার এই দলে আসার পেছনের একটি বড় কারণ। মুস্তাফিজ যে ৩য় ওয়ানডেতে অংশগ্রহণ করতে পারবেন না তা চোটের কারণে নিশ্চিত। তিনি ২য় ওয়ানডেতেও খেলেননি।

সাইফউদ্দিনকে শেষ ওয়ানডের দলে মুস্তাফিজের বদলি হিসেবে টিম ম্যানেজমেন্ট ডাক দিয়েছে। তবে চোটের কারণে লিটন দাসের পরিবর্তে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে, মুস্তাফিজ শুধুমাত্র ওয়ানডে নয়, চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না। তাই জাতীয় দলের প্রয়োজন অনুযায়ী তাঁকে বদলি হিসেবে তাসকিন আহমেদকে ডাক দেওয়া হয়েছে। তাসকিন ক’দিন পর এলপিএল খেলতে যাবেন বলেও জানানো ছিল, কিন্তু জাতীয় দলের জন্য টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হারারেতে আসন্ন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পাচ্ছেন। মুস্তাফিজুর হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। তদ্ব্যতীত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি দলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করেছে।’

আগামী ১১ জুলাই হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। ইতিমধ্যে তারা দুটি ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজ শেষে ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে আমরাজুড়ি সেতু নির্মাণে নতুন গতি: সন্ধ্যা নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


কাউখালীতে আমরাজুড়ি সেতু নির্মাণে নতুন গতি: সন্ধ্যা নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

পিরোজপুরের কাউখালী এবং নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করার লক্ষ্যে বহুল প্রত্যাশিত 'আমরাজুড়ি সেতু' নির্মাণের উদ্যোগে নতুন গতি এসেছে।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আবদুর রউফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর মোহনা ও গাবখান চ্যানেল এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলটি নদীর নাব্যতা, ভৌগোলিক অবস্থান, সংযোগ সড়কের (অ্যাপ্রোচ রোড) সম্ভাবনা এবং সেতু নির্মাণের কারিগরি বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আবদুর রউফ জানান, আমরাজুড়ি সেতু নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি বিষয়গুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা সব তথ্য সংগ্রহ করছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই সেতু নির্মিত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এই প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, আমরাজুড়ি সেতুটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেতুটি নির্মিত হলে কাউখালী ও নেছারাবাদের মধ্যে শুধু দূরত্বই কমবে না, বরং পিরোজপুর জেলার সামগ্রিক প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক গতি আসবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তি অনেক সহজ হবে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ দল ও স্থানীয় জনগণের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরাজুড়ি ফেরিঘাটে দীর্ঘ বছর ধরে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এখানে এসে আটকে থাকে। একটি স্থায়ী সেতুর দাবি এ অঞ্চলের মানুষের প্রাণের দাবী। বর্তমান সরকারের সেতু সচিবের এই সরেজমিনে পরিদর্শন আমাদের আশার আলো দেখাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ করে এই মেগা প্রকল্পের বাস্তব কাজ শুরু হোক। সেতুটি হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং অবহেলিত এই জনপদের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে যাবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কাউখালী থানার (ওসি) তদন্ত এবাদ আলী, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম দুলালসহ উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, তবে পরিবেশ ধ্বংস করে নয়: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, তবে পরিবেশ ধ্বংস করে নয়: পরিবেশমন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে শিল্পায়ন ও উৎপাদন বৃদ্ধি করা জরুরি হলেও পরিবেশের ক্ষতি করে কোনো ইন্ডাস্ট্রি বা শিল্পকারখানা স্থাপন করা যাবে না, এ বিষয়ে পরিষ্কার মনোভাব প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে বক্তব্য রাখেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সুনির্দিষ্ট উৎসগুলো আগে চিহ্নিত করতে হবে, যাতে প্রতিরোধমূলক পদক্ষেপ গৃহীত করা সম্ভব হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের পরিণতি ও ক্ষয়ক্ষতি বেশি আলোচনার বিষয় হলেও এর মূল সোর্স বা উৎসগুলো কি কি, তা নিয়ে আলোকপাত করা হয় না। অথচ উৎপত্তিস্থলগুলো সঠিকভাবে শনাক্ত করা না হলে টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়।’

বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ুকে মানুষের সহনশীল পর্যায়ে আনার উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘যতদূর আমি এই মন্ত্রণালয়ে যুক্ত আছি, ততদিন পরিবেশ সুরক্ষাকে দেশের উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’

মন্ত্রী আরো বলেন, ‘আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নজর দিতে হবে। প্রবৃদ্ধি বাড়াতে হলে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য, আর উৎপাদন বাড়াতে হলে ইন্ডাস্ট্রি প্রয়োজন। তবে ইন্ডাস্ট্রি গড়ার নামে পরিবেশকে বিপন্ন করতে চাই না।’

সেমিনারে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। বক্তারা দেশের পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%