০১:৪৫ পি.এম
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে শিল্পায়ন ও উৎপাদন বৃদ্ধি করা জরুরি হলেও পরিবেশের ক্ষতি করে কোনো ইন্ডাস্ট্রি বা শিল্পকারখানা স্থাপন করা যাবে না, এ বিষয়ে পরিষ্কার মনোভাব প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে বক্তব্য রাখেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সুনির্দিষ্ট উৎসগুলো আগে চিহ্নিত করতে হবে, যাতে প্রতিরোধমূলক পদক্ষেপ গৃহীত করা সম্ভব হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন
পরিবেশমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের পরিণতি ও ক্ষয়ক্ষতি বেশি আলোচনার বিষয় হলেও এর মূল সোর্স বা উৎসগুলো কি কি, তা নিয়ে আলোকপাত করা হয় না। অথচ উৎপত্তিস্থলগুলো সঠিকভাবে শনাক্ত করা না হলে টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়।’
বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ুকে মানুষের সহনশীল পর্যায়ে আনার উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘যতদূর আমি এই মন্ত্রণালয়ে যুক্ত আছি, ততদিন পরিবেশ সুরক্ষাকে দেশের উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নজর দিতে হবে। প্রবৃদ্ধি বাড়াতে হলে উৎপাদন বৃদ্ধি অপরিহার্য, আর উৎপাদন বাড়াতে হলে ইন্ডাস্ট্রি প্রয়োজন। তবে ইন্ডাস্ট্রি গড়ার নামে পরিবেশকে বিপন্ন করতে চাই না।’
সেমিনারে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। বক্তারা দেশের পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক সহায়তা চাইবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন