ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী


অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী

বরিশাল, ১০ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই আমাদের জন্য অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র।

তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধি, পোশাক রপ্তানি, রেমিট্যান্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে দু’দেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

আজ (সোমবার) বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’: রিজভী

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের সবচেয়ে বড় রফতানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীরা প্রতিনিয়ত বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন। এছাড়া বাংলাদেশে আসা মোট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) সিংহভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে, যা আমাদের সার্বিক অর্থনৈতিক প্রক্রিয়ায় বড় অবদান রাখছে।’

মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলায় ঘুরতে যাওয়ায় তাকে স্বাগত ও অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরও পড়ুন: সউদীতে ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, কারাদণ্ড ২৫ বছর বাড়ানো হয়েছে

তিনি আরও বলেন, ‘এখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা হয়ে আসছে, যা এই অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে।’

নিজ দেশের মূলনীতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘চলতি বছর যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ২৫০ বছর উদযাপন করছে। আমাদের দেশের অন্যতম মূল ভিত্তি হলো ধর্মীয় স্বাধীনতা-যেখানে প্রতিটি মানুষ কোনো ভয়ভীতি বা নিপীড়ন ছাড়া স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারে। এই নীতি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা থেকেই চলে আসছে।’

প্রতি বছর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন প্রকাশ করে বিশ্বজুড়ে সম্প্রীতির পক্ষে অবস্থান তুলে ধরে বলেও জানান তিনি।

উৎসবে সার্বজনীনতার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘উৎসব সবার জন্য হওয়া উচিত। যুক্তরাষ্ট্রেও আমরা ঈদ, দেওয়ালি, ক্রিসমাস ও ইস্টারের মতো অনুষ্ঠানগুলো রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে পালন করি, যা বিভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের মানুষের মাঝে মেলবন্ধন তৈরি করে।’

আরও পড়ুন: ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, নিসচার র‍্যালি ও আলোচনা সভা

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ধর্মীয় গুরুদের অবদান অপরিসীম। স্থানীয় কোনো ধর্মীয় বিরোধ যেন বড় কোনো সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে ধর্মীয় ও স্থানীয় নেতাদের সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশের এই ধারণা একটি চমৎকার উদ্যোগ।

গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, আগৈলঝাড়ার উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, কলেজ অব ক্রিশ্চিয়ান থিওলজি বাংলাদেশের উপাচার্য রেভারেন্ড ড. পলাশ রায়সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জে, ০৯ আগস্ট, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান ফরিদপুর জেলা প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ফুলের সুবাসে নতুন অধ্যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে ঘিরে প্রত্যাশার আলো

ফুলের সুবাস এবং শুভকামনার উষ্ণতায় যেন অন্যরকমভাবে প্রাণ ফিরে পেয়েছিল আলফাডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ। নতুন দিনের স্বপ্ন এবং প্রত্যাশাকে সঙ্গে নিয়ে দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ নতুন অধ্যক্ষ মো. আলমগীর হাসান অফিসে যোগদান করেন।

রোববার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলেজের শিক্ষক-কর্মচারীরা তাকে বরণ করে নেন।

নতুন অধ্যক্ষের আগমনে কলেজজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সহকর্মীদের আন্তরিকতা এবং শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। যেন অভিজ্ঞতার দীর্ঘ পথ পেরিয়ে নতুন এক ঠিকানায় গোপন শুরু হলো আরেকটি নতুন যাত্রা।

মো. আলমগীর হাসান ১৮তম বিসিএসের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রায় তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করেছেন। যোগদানের আগে তিনি ফরিদপুর সরকারি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়ে গত ৬ আগস্ট তিনি ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ে যোগদান করেন। পরে তাকে আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, নতুন অধ্যক্ষের দীর্ঘ শিক্ষকতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তাঁর দক্ষ নেতৃত্বে আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক পরিষদ তার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ মো. আলমগীর হাসান বলেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করা এবং শিক্ষক-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চান।

দায়িত্ব গ্রহণের মুহূর্তে ফুলের শুভেচ্ছার আড়ালে ছিল অনেক প্রত্যাশা এবং অনেক স্বপ্ন। শিক্ষক-কর্মচারীদের চোখে ছিল নতুন নেতৃত্বকে ঘিরে আশার আলো। তাদের প্রত্যাশা হল, অভিজ্ঞতার পরিপক্বতা এবং নতুন উদ্যমের সমন্বয়ে কলেজের একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

সংশ্লিষ্টদের আশা, অভিজ্ঞতার আলো এবং নতুন দিনের উদ্যমকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ মো. আলমগীর হাসানের নেতৃত্বে আলফাডাঙ্গা সরকারি কলেজ আরও দূরে এগিয়ে যাবে। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের একটি শক্তিশালী ক্ষেত্র হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল একজনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল একজনের

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের কারণে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (৩০) ওই এলাকার আব্দুল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এর আগে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানি হয়। তবে সুরাহা হয়নি।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ রয়েছে, সোমবার দুপুর আড়াইটার দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমিতে হালচাষ করে রোপা আমন রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তার স্বজনরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার কোঁচ দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে আটক করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আসামির সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে। স্থানীয় ব্যক্তিরা আমাদের জানিয়েছেন, আরও দু-তিনজন পলাতক রয়েছেন। তাদের ধরার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের সাবেক ডিসি খায়রুল আলমের বিরুদ্ধে তদন্তে নামল মন্ত্রিপরিষদ বিভাগ: নিষেধাজ্ঞা অমান্য করে বাণিজ্য মেলার অনুমতিসহ ১৯ খাতে অনিয়মের অনুসন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদ বরিশাল

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


বরিশালের সাবেক ডিসি খায়রুল আলমের বিরুদ্ধে তদন্তে নামল মন্ত্রিপরিষদ বিভাগ: নিষেধাজ্ঞা অমান্য করে বাণিজ্য মেলার অনুমতিসহ ১৯ খাতে অনিয়মের অনুসন্ধান

বরিশালের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোঃ খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ওঠা প্রশাসনিক অনিয়ম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের তদন্তে নেমেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল কালেক্টরেট স্কুল ও কলেজ প্রাঙ্গণে ‘বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা’ আয়োজনের অনুমোদনের বিষয়টি তদন্তের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে সামনে এসেছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে কেবল দাপ্তরিক কাগজপত্র পর্যালোচনা নয়, সরেজমিন অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত দুই সদস্যের তদন্ত দল সম্প্রতি বরিশালে অবস্থান করে বর্তমান জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তদন্তের প্রয়োজনে ভিডিও, লিখিত ও মৌখিক বয়ান রেকর্ড করা হয়েছে।

৯ জুলাই গঠিত কমিটি ও ১৯ বিষয়ে নথি তলব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে গত ৯ জুলাই ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শৃঙ্খলা অধিশাখা থেকে এই কমিটি গঠন করা হয় (স্মারক নম্বর: ০৪.০০.০০০০.০০০.৫১১.২৭.০১০৯.১৭.৪২৫)। এতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মখলেছুর রহমানকে আহ্বায়ক এবং একই বিভাগের উপসচিব মিজ শারমিন ইয়াসমিনকে সদস্য করা হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বরিশাল জেলা প্রশাসনের কাছে ১৯টি নির্দিষ্ট বিষয়ের ওপর বিস্তারিত নথি তলব করা হয়েছে।

বাণিজ্য মেলার অনুমতি ও বিতর্কিত সিদ্ধান্ত

তদন্তের একটি বড় অংশজুড়ে রয়েছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কালেক্টরেট স্কুল মাঠে বাণিজ্য মেলার অনুমোদন প্রদান। এ সংক্রান্ত আবেদনপত্র, অনুমোদনপত্র, মেলা বন্ধে হাইকোর্ট বিভাগের আদেশ, জেলা ও বিভাগীয় প্রশাসনের সভার কার্যবিবরণী পর্যালোচনা করছে কমিটি।

নির্বাচনী বরাদ্দ ও দুর্গম কেন্দ্রের বাজেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বরিশাল জেলায় বরাদ্দকৃত তহবিলের হিসাব চাওয়া হয়েছে। হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার দুর্গম ভোটকেন্দ্রের প্রস্তাবিত তালিকায় পরবর্তীতে কোনো পরিবর্তন আনা হয়েছিল কি না এবং দুর্গম কেন্দ্র বাবদ অতিরিক্ত পাওয়া ৬২ লাখ ৫০ হাজার টাকা খরচের খতিয়ানও খতিয়ে দেখছে কমিটি।

দুর্গাসাগর দীঘি ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া

দুর্গাসাগর দীঘির সংস্কার কাজ, সেখানে কর্মরত ২২ জন কর্মচারীর আউটসোর্সিং নিয়োগপ্রক্রিয়া, বেতন কাঠামো এবং ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালার ফাইল চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া জেলা প্রশাসনের ফ্রন্ট ডেস্ক স্থানান্তর এবং আওতাধীন ৮৩টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম দীর্ঘায়িত করার পেছনে কোনো অনিয়ম রয়েছে কি না—তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনে তোলপাড়

একসঙ্গে এতগুলো গুরুতর প্রশাসনিক বিষয় ও আর্থিক বরাদ্দের নথিপত্র তলব করায় বরিশাল মাঠ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত চলাকালীন এ বিষয়ে জেলা ও বিভাগীয় প্রশাসনের কোনো কর্মকর্তা সংবাদমাধ্যমের কাছে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

তদন্ত কমিটির সংগ্রহ করা নথি, ভিডিও ও মৌখিক বয়ানের ভিত্তিতে তৈরি চূড়ান্ত প্রতিবেদনেই স্পষ্ট হবে সাবেক জেলা প্রশাসকের প্রশাসনিক দায়িত্ব পালনে কোনো ক্ষমতার অপব্যবহার বা বিধি বহির্ভূত কাজ হয়েছিল কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%