বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০১:৪৮ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি সম্পর্ক বিদ্যমান এবং এটি প্রমাণিত।
তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই অভিযোগ করেন।
রিজভী বলেন, জামায়াত অপপ্রচার চালাচ্ছে যে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, "আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। এই দুই দলের আচরণ একই।"
দুর্গাপূজা উদযাপন নিয়ে তিনি বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
চিকিৎসাসেবা নিয়ে রিজভী বলেন, "কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এই কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গের মালদহে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর তাকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয়।
বুধবার রাতে মালদহের ইংরেজবাজার থানার অন্তর্গত রামকেলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সমীর ঘোষ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। ঘটনার পেছনে কী কারণ রয়েছে, কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং এটি পূর্বপরিকল্পিত কিনা—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পরিবারের অভিযোগ, বিজয়া দশমীর রাতে এলাকার মানুষ যখন প্রতিমা বিসর্জনে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সুযোগে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতকারী সমীর ঘোষের বাড়িতে ঢুকে পড়ে। সে সময় তিনি বাড়িতে একাই ছিলেন। দুষ্কৃতকারীরা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং পরবর্তীতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সমীরের ভাইয়ের দাবি, বিজেপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে দীর্ঘদিন ধরেই তার ভাইকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে হুমকি সত্ত্বেও তিনি ভিটেমাটি ছেড়ে যাননি।
পরিবারের তরফ থেকে এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় শাসকদল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারীদের দায়ী করা হয়েছে। নিহতের ভাই অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা দীর্ঘদিন ধরেই সমীরকে হত্যার ছক কষছিল। তবে পরিবারের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এদিকে হত্যাকাণ্ডের পেছনে সরাসরি কোনো রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি।
বিজয়া দশমীর রাতে এমন নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও ঘাতকদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি স্কুলবাস চালক অসুস্থ হয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারানো বাসটি থামিয়ে ২০ জন শিশুর জীবন রক্ষা করেছেন এব্রো আহমেদ (২৭)। তিনি ঝুঁকি নিয়ে বাসের ভেতরে উঠে জরুরি ব্রেক কষে একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।
এই ঘটনা স্থানীয় সময় গত সোমবার মিনেসোটার সেন্ট পল এলাকায় ঘটে। এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এব্রো আহমেদ বলেন, “আমি সত্যিই মনে করেছি, এটা আমার দায়িত্ব। আর এখানে আমরা শিশুদের কথা বলছি। এমনকি এ কাজ করতে গিয়ে আমার মৃত্যু হলেও তা সার্থক হতো।”
সোমবারের ঘটনাটি একটি নজরদারি ক্যামেরায় ধারণ করা হয়। পরে ইয়্যা ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো নামের দোকান কর্তৃপক্ষ ভিডিওটি প্রকাশ করে।
এব্রো জানান, তিনি তখন দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং একটি স্কুলবাসকে পাশ দিয়ে যেতে দেখেন, যার দরজা খোলা ছিল। বাসের ভেতরে তাকিয়ে তিনি চালককে সমস্যায় ভুগতে দেখেন। এই অবস্থায় তিনি দৌড়ে বাসের কাছে যান, ভেতরে উঠে পড়েন এবং কয়েক সেকেন্ডের মধ্যে জরুরি ব্রেক টেনে ধরেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার ভয়াবহতা বর্ণনা করে এব্রো বলেন, “কিছু শিশু চিৎকার করছিল, আবার কেউ শান্ত ছিল। সামনের আসনে থাকা দুটি মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। আমি তাদের একজনের হাতে আমার ফোন ও চশমা দিয়ে সেগুলো ধরে রাখতে বলেছিলাম।”
এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে এব্রো জনপ্রিয় টিভি সিরিজ গ্রে’স অ্যানাটমির প্রশংসা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রচারিত চিকিৎসাবিষয়ক নাটক থেকে শেখা বিষয়গুলো তাকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছে।
সেন্ট পল পাবলিক স্কুলস কর্তৃপক্ষ জানায়, বাসটিতে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি চিকিৎসাকর্মীরা পৌঁছান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের অন্য একটি বাসে স্থানান্তর করে বাড়ি পাঠানো হয়। ঘটনার পরদিন মঙ্গলবার কাউন্সেলররা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মানসিক অবস্থার খোঁজ নেন।
সেন্ট পল পাবলিক স্কুলসের এক মুখপাত্র জানান, স্কুলবাসের চালককে পরে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৫১তম বিশেষ বিসিএসের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ১৫ হাজারেরও বেশি চিকিৎসক এই বিসিএসে আবেদন করেছেন। আবেদনের সময়সীমা আগামী ২৫ অক্টোবর শেষ হবে।
যদিও ১৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন, কিন্তু অনেকেই এখনও আবেদন ফি জমা দেননি। এই কারণে প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর সকাল ১০টা থেকে।
আবেদনপত্র পূরণের নিয়ম
http://bpsc.teletalk.com.bd অথবা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
আবেদন প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। ছবিটি অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন হতে হবে। ফাইলের সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি) হতে হবে।
স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। ফাইলের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি) হতে হবে।
আবেদন ফি
আবেদনের ফি বাবদ ২০০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।
আবেদন ফি জমাদানের শেষ তারিখ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ থাকবে, তবে ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় মার্কিন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ল্যান্ডার নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
ল্যান্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, বেথলেহেমের পশ্চিমে জলপাই সংগ্রহের সময় একদল রাব্বি ও স্বেচ্ছাসেবকের সঙ্গে তাকে আটক করা হয়। তিনি এক্সে লেখেন, "আন্তর্জাতিক আইনে দখলদারত্ব একটি অপরাধ। অথচ জলপাই সংগ্রহ করা কোনো আইনেই অপরাধ নয়- অন্তত আমার জানা কোনো আইনে নয়।"
পরে ল্যান্ডার আরেকটি পোস্টে উল্লেখ করেন যে, তার পরিচিতি ও প্রভাবের কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিরা প্রতিদিন এর চেয়ে অনেক ভয়াবহ পরিণতির মুখোমুখি হন।
ফিলিস্তিনি আন্দোলনকারী আমিরা মুসলিম আনাদোলুকে জানান, বেথলেহেমের পশ্চিমে হুসান শহরে জলপাই সংগ্রহের সময় ইসরাইলি বাহিনী ল্যান্ডারসহ ৪৫ জন বিদেশি স্বেচ্ছাসেবক ও ২৫ জন ইসরাইলি আন্দোলনকারীকে আটক করে।
ল্যান্ডারের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘পরিকল্পিত রাজনৈতিক নাটক’ হিসেবে অভিহিত করে। মন্ত্রণালয় জানায়, ল্যান্ডার ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা উপেক্ষা করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি জমির মালিক জলপাই সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতি চাননি। তাদের দাবি, একটি ইসরাইলি বসতির কাছে ‘সমন্বয়হীনভাবে জলপাই সংগ্রহের’ কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে উল্লেখ করে, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের সমন্বয় অপরিহার্য।
জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, বসতি স্থাপনকারীরা প্রতিদিন ফিলিস্তিনিদের ওপর একাধিক হামলা চালাচ্ছেন এবং জলপাই সংগ্রহে বাধা দিচ্ছেন।
ইহুদি বংশোদ্ভূত ল্যান্ডার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ সহযোগী। মামদানি ইসরাইলি নীতির প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত।
গত জুনে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে ল্যান্ডার বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেন। গোল্ডম্যান ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখা অল্প কয়েকজন নেতার একজন।
সূত্র: আনাদোলু
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ