ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আলফাডাঙ্গায় শয়তানের নিশ্বাসে’অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ


আলফাডাঙ্গায় শয়তানের নিশ্বাসে’অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখিয়ে কথিত ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে এক গৃহবধূর কাছ থেকে প্রায় ৭ আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার হয়ে ওই নারী নিজের পরিহিত স্বর্ণের চেইন, কানের দুল ও লকেটসহ প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ২০০ টাকা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড ও গোপালপুর রোডের দীপক স্বর্ণকারের বাড়ির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মরিয়ম খানম (২৬) আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রামের আবুল কালামের মেয়ে এবং উপজেলার পানাইল গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।

আরও পড়ুন: আলফাডাঙ্গার ফলিয়া বাজারে আগুনের লেলিহান শিখায় ছাই ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা

অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়মের ছেলে গোলাম রাব্বি আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুপুরে স্কুল ছুটি শেষে ছেলেকে সঙ্গে নিয়ে মরিয়ম পানাইল গ্রামের বাড়ির উদ্দেশ্যে বিদ্যালয়ের সামনে থেকে গোপালপুরগামী একটি ইজিবাইকে ওঠেন।
ইজিবাইকটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে যাত্রীবেশে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাতে ওঠেন। পরে ইজিবাইকটি গোপালপুর রোডে দীপক স্বর্ণকারের বাড়ির সামনে পৌঁছালে ওই ব্যক্তি রাস্তার ওপর একটি ছোট ব্যাগ পড়ে থাকার কথা জানান। এরপর ব্যাগটি হাতে নিয়ে মরিয়মকে দেখানো হয়।

অভিযোগ অনুযায়ী, ব্যাগের ভেতরে বোনের বিয়ের জন্য ৪ আনা ওজনের একটি স্বর্ণের বার এবং স্বর্ণকারের উদ্দেশে লেখা একটি চিঠি রয়েছে বলে তাকে জানানো হয়। চিঠিতে ওই স্বর্ণের বারের মূল্য ৬ লাখ টাকা উল্লেখ রয়েছে বলেও তাকে বলা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি দেখিয়ে তাকে নানা ধরনের প্রলোভন ও কথাবার্তায় ফাঁসানো হয়। একপর্যায়ে কথিত ‘শয়তানের নিশ্বাস’ বা কোনো ধরনের গন্ধযুক্ত পদার্থের প্রভাবে তিনি স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলেন। পরে নিজের কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা প্রতারকদের হাতে তুলে দেন বলে অভিযোগ করেন তিনি।

মরিয়মের অভিযোগ অনুযায়ী, তাঁর গলায় থাকা প্রায় ৪ আনা ওজনের স্বর্ণের চেইন, প্রায় ৩ আনা ওজনের কানের দুল ও লকেটসহ মোট প্রায় ৭ আনা স্বর্ণালংকার নিয়ে যায় প্রতারকরা। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। একই সঙ্গে তাঁর ব্যাগে থাকা নগদ ২০০ টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

অভিযোগে আরও বলা হয়, পরে বাঁকাইল কামারবাড়ি এলাকায় পৌঁছালে প্রতারকরা মরিয়মকে অন্য একটি ইজিবাইকে তুলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তাঁর স্বাভাবিক জ্ঞান ফিরলে স্বর্ণালংকার ও টাকা না থাকার বিষয়টি বুঝতে পারেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী মরিয়ম খানম আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-পুতিন ফোনালাপের পরপরই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ট্রাম্প-পুতিন ফোনালাপের পরপরই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সাম্প্রতিক ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলাগুলি উভয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয় এবং এতে অন্তত ৬ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

রাশিয়ার পশ্চিম উপকূলীয় শহর নোভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলার ফলে এক শিশুসহ চারজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রেতিয়েভ। শহরের মেয়র আন্দ্রে ক্রাভচেঙ্কো জানান, ড্রোনের ধ্বংসাবশেষ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি আবাসিক ভবনের নিকট এসে পড়ে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা রাতভর ইউক্রেনের ৫৯৬টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনেও রাশিয়ার হামলায় প্রাণহানি ঘটেছে। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন, মলদোভা সীমান্তের স্টারোকোজাচে আন্তর্জাতিক সড়ক চেকপয়েন্টে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হন। এই হামলার পর ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী চেকপয়েন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

যুদ্ধের অবসানে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, ইউরোপের প্রতি রাশিয়ার কোনো আগ্রাসী পরিকল্পনা নেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, ওয়াশিংটন এখন ভূমির বাস্তব পরিস্থিতি স্বীকার করে নিচ্ছে এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করছে। লাভরভের মতে, ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়া অধ্যায় বলে উল্লেখ করেছেন।

এদিকে, শীত মৌসুমের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে নরওয়ে সফর করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় পরিবেশবাদী সংগঠনের উদ্যেগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


কলাপাড়ায় পরিবেশবাদী সংগঠনের উদ্যেগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে  বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্য্যয় নিয়ে লালুয়া ইউনিয়নে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭২ জন শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নদী- খাল রক্ষা অধিকার আন্দোলন সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়।  

বুধবার ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বিদ্যালয় অঙ্গনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।  তিনি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধন শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটার কিপার্স কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্লাটেনিয়ার্স ক্লাব সদস্যবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে আম, কাঠাল, জাম, আমলকি ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

এসময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ জানায়, একটা কাঠাল গাছের চারা পেয়েছে। বাড়িতে যথাযথভাবে রোপণ করব। পরিচর্য্যা করব। গাছটিকে বাঁচিয়ে রাখবো। ফল খেতে পারব। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই বলেও এ শিক্ষার্থীর মতামত। গাছের চারা বিতরণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার কাশিয়ানী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বশার মিনা (৫৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পিংগলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মৃত আবুল বশার মিনা জেলার কাশিয়ানী উপজেলায় পিংগলিয়া গ্রামের বাবু মিনার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বশার মিনা মাঠে কৃষি কাজ শেষ করে বাড়ি ফেরার পর শুকানোর জন্য কাপড় নাড়তে উঠানে টানানো জিআই তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই জিআই তারে বিদ্যুৎ সংযোগের বিষয়টি পরিবারের সদস্যদের অজ্ঞাত ছিল। পরে পরিবারের লোকজন আবুল বশর মিনাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ দিনে প্রাণ নিয়েছে ৪ জনের, ঘুমের ওষুধ দিতেই বাঘিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


২০ দিনে প্রাণ নিয়েছে ৪ জনের, ঘুমের ওষুধ দিতেই বাঘিনির মৃত্যু

ভারতের পশ্চিম ও মধ্য অঞ্চলে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যের অমরাবতী ও বর্ধা জেলায় আতঙ্ক সৃষ্টি করা মানুষখেকো এক বাঘিনির মৃত্যু ঘটেছে। চারজনকে হত্যা করার পর বন দফতরের একটি বিশেষ দল বাঘিনিটিকে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে অচেতন করে ধরে ফেলে। তবে, পরে তার জ্ঞান আর ফিরে আসেনি। বাঘিনিটির মৃত্যুর কারণ নিয়ে এখন রহস্য সৃষ্টি হয়েছে।

বুধবার আনন্দবাজার ডট কমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগস্টের মাঝামাঝি সময় থেকে বাঘিনিটির হামলায় চারজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে ৭৭ বছর বয়সী একজন ব্যক্তি ১৭ আগস্ট, ৫৫ বছর বয়সী আরেক ব্যক্তি ২৭ আগস্ট এবং সেপ্টেম্বরের ৬ ও ৭ তারিখে এক তরুণী ও এক কৃষক মারা যান।

এরপর বাঘিনিটিকে ধরতে বন দফতর ও মহারাষ্ট্র পুলিশ তৎপর হয়ে ওঠে। একটি বিশেষ দল গঠন করে তল্লাশি শুরু করা হয়। ড্রোনের সাহায্যে বাঘিনিটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। অবশেষে সোমবার সিরাজগাঁও কসবায় বাঘিনিটির সন্ধান পাওয়া যায়। বন দফতরের বিশেষ দল সেটিকে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে অচেতন করে। পরিকল্পনা ছিল বাঘিনিটিকে নাগপুরের একটি বন্যপ্রাণী কেন্দ্রে নিয়ে যাওয়ার। তবে, সিরাজগাঁও থেকে নাগপুর যেতে প্রায় তিন ঘণ্টা সময় লাগায়, মাঝপথে বাঘিনিটির জ্ঞান ফেরানোর প্রয়োজন ছিল। এ কারণে প্রথমে কাছাকাছি একটি বন্যপ্রাণী কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেয়ার পরও বাঘিনিটির জ্ঞান ফেরেনি। পরে তার মৃত্যু ঘটে।

বাঘিনির মৃত্যুর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরলেও, কী কারণে সেটির মৃত্যু হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, বাঘিনিটিকে অচেতন অবস্থায় জঙ্গল থেকে উদ্ধারের একটি

ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মধ্যে পড়ে থাকা বাঘিনির মাথায় সাদা রঙের প্লাস্টিকজাতীয় কিছু রয়েছে। পরে বনকর্মীরা সেটিকে তুলে খাঁচায় নিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%