১০:৩০ এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় মামলা হলে নিজেকে এক নম্বর আসামি করার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার তিনি এ দাবি করেন একটি লিখিত বক্তব্যে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে, তার ব্যক্তিগত সহকারী জাকির হোসাইন শুভর মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে রুমিন ফারহানা তার অবস্থান তুলে ধরেন। থানায় ওসির সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর প্রকাশিত হওয়ার পর তিনি এই বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর তিনি ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি ওই অভিযোগের ভিত্তিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও তিনি জানান।
আরও পড়ুন: জামায়াত-এনসিপির ৯০ এমপির মেধা-যোগ্যতা বনাম স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ খান
পুলিশের জিডি করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, “সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।”
এদিকে, গত বৃহস্পতিবার রাতের ঘটনার উল্লেখ করে জিডি করার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম। তিনি জানান, ওই দিনের ঘটনার উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়; উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গেলে তাকে নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে থানায় গেলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
আরও পড়ুন: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন