ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির


মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।

এছাড়া, মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর সেবার মান বৃদ্ধি করার জন্য উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, এমপির সভাপতিত্বে এই সুপারিশ করা হয়।

আরও পড়ুন: মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতা রুবেল জোমাদ্দারের মৃত্যু

বৈঠকে সম্প্রতি সৌদি আরবে দুইজন বাংলাদেশি নাগরিকের শিরচ্ছেদের বিষয়ে কমিটি মন্ত্রণালয়ের কাছে জানতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে অবহিত করে জানায় যে, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নিকট বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কমিটি তথ্য প্রাপ্তির পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের কার্যক্রম ও জনবল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির নিকট বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, মিশনসমূহের প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করে।

বৈঠকে কমিটির সদস্য ও সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী এবং সানজিদা ইসলাম অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: বটিয়াঘাটায় মোটরসাইকেলে এসে যুবদল নেতা সোহেল পারভেজকে গুলিবর্ষণ, আহত

১৫৩তম আইপিইউ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতির আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য কমিটির সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া সম্প্রতি কমিটি কর্তৃক কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনুষঙ্গিক সহযোগিতার জন্যও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ রোববার, হংকং সফরের সময় প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। সভার পর, প্রতিমন্ত্রী বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, সরকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ গ্রহণ করা প্রয়োজন।

এই সফরের অংশ হিসেবে, প্রতিমন্ত্রী হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণ করবেন। একই সফরে চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তি বিষয়ক ফোরাম এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে এবং রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। তিনি পাহাড় কাটা ও বনভূমি দখল রোধ এবং দখলকৃত বনভূমি উদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।

বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর দূষণ প্রসঙ্গে তিনি জানান, ৪শ ২৪টি পয়েন্ট থেকে এসব নদীতে দূষণ হচ্ছে। নদীদূষণ রোধের পাশাপাশি, ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের কথা উল্লেখ করে, তিনি কার্বন ক্রেডিট এবং প্রকৃতিনির্ভর সমাধানের সম্ভাবনাও আলোচনা করেন।

মতবিনিময়ে মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, সবুজ অর্থায়ন ও রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া ২৫ কোটি বৃক্ষরোপণ, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, নোয়াখালীতে ভূমিহীনদের বসতি ও বন বিভাগের জমিসংক্রান্ত সমস্যা এবং সদরঘাটের পরিচ্ছন্নতার বিষয়ও আলোচনায় উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন

সরকার আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন প্রদান করেছে। এই অনুমোদন রোববার জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির দুটি আলাদা সভায় প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে দেওয়া হয়।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুমোদিত বইগুলো হলো ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগামী শিক্ষাবর্ষ থেকে এই চারটি বই চালু করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র সভায় চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ বইয়ের অনুমোদন প্রয়োজনীয় পরিমার্জনের শর্তে দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

এছাড়া, ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র আরেকটি সভায় মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক দুটি নতুন পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের হামলার মধ্যে তাইফ ও জাজান অঞ্চলে সতর্কতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


হুথিদের হামলার মধ্যে তাইফ ও জাজান অঞ্চলে সতর্কতা প্রত্যাহার

সৌদি আরবের তাইফ ও জাজান অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কার কারণে জারি করা সতর্কতা তুলে নিয়েছে দেশের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। তবে হুথিদের হামলা অব্যাহত থাকায়, বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৩ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে বাসিন্দাদের জন্য সতর্কবার্তা পাঠানো হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয়।

একটি বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উল্লেখ করে, ‘বিপদ কেটে গেছে।’ তবে নিরাপত্তার স্বার্থে সংস্থাটির দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।

হুথিদের হামলার ধারাবাহিকতার মধ্যে সৌদির গুরুত্বপূর্ণ দুটি অঞ্চলে সতর্কতা জারি করা হয় এবং পরে তা প্রত্যাহার করা হয়। তবে সতর্কতা জারির পেছনে নির্দিষ্ট কী ধরনের হুমকি ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানজিন তিশার মামলার অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


তানজিন তিশার মামলার অধিকতর তদন্তের নির্দেশ সিআইডিকে

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ প্রদান করেন।

এদিন আদালতে বাদীপক্ষের আইনজীবী নারাজি আবেদন দাখিল করেন এবং পরে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেয় এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজির দরখাস্ত দাখিল করেছিলেন। বিচারক নারাজির বিষয়বস্তু শুনে এবং সাক্ষীদের পরীক্ষা করে নারাজি আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বছর (২০২৫ সালের) ১০ মে পিবিআই এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদী পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং তাঁর গুলশানের ১২৭ নম্বর রোডে একটি ফ্যাশন হাউজ ও স্টুডিও রয়েছে। অন্যদিকে তানজিন তিশা একজন মডেল ও অভিনেত্রী। বিভিন্ন ফ্যাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সূত্রে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তানজিন তিশা একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর সাবেক ড্রাইভারের মাধ্যমে বাদীর কাছ থেকে একটি শাড়ি নেন। বাদীপক্ষের দাবি, শাড়িটির মূল্য ছিল ৭৫ হাজার টাকা এবং অনুষ্ঠান শেষে পরদিনই সেটি ফেরত দেওয়ার কথা ছিল। তবে শাড়িটি নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া হয়নি বলে এজাহারে অভিযোগ করা হয়।

তদন্তে জানা যায়, শাড়িটি ফেরত চেয়ে বাদী ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান। তবে উভয় পক্ষের মেসেঞ্জার স্ক্রিনশট পর্যালোচনা করে তদন্ত কর্মকর্তা দেখতে পান, তিশা ওই বার্তাগুলো ‘সিন’ করেননি; কারণ তিনি ব্যস্ততার কারণে নিয়মিত ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেন না। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ এপ্রিল বাদী তিশাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এবং ১৮ মে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের দেখা ও কুশল বিনিময় হয়। এরপর থেকে ফ্যাশন হাউজের ট্রায়াল রুম ও ব্যক্তিগত বিষয় নিয়ে দুই জনের মধ্যে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য তৈরি হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৫ নভেম্বর বাদী আবার তিশাকে মেসেঞ্জারে শাড়িটি ফেরত দেওয়ার জন্য তাগিদ দেন। সেখানে প্রায় এক বছর ধরে শাড়িটি ফেরত না পাওয়ার কথা উল্লেখ করে লোক পাঠিয়ে তা ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি। জবাবে তিশা শাড়িটির বিষয়ে জানতে চাইলে বাদী ছবি পাঠান। পরবর্তী কথোপকথনে তিশা শাড়িটির বিষয়টি তৎক্ষণাৎ মনে করতে পারছেন না এবং খুঁজে দেখে তা জানিয়ে দেবেন বলে জানান।

তিশা জানান, তাঁর সাবেক ড্রাইভার শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেননি এবং ওই ড্রাইভার পরে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ৭ নভেম্বর বাদী তিশাকে মেসেঞ্জারে ইংরেজিতে বার্তা পাঠিয়ে আগের বার্তাগুলো দেখতে এবং শাড়িটি ফেরত দিতে বলেন। একই সঙ্গে হুমকি না দেওয়ার কথাও উল্লেখ করেন।

এর জবাবে ১০ নভেম্বর তিশা মেসেঞ্জারে বাদীকে ব্যক্তিগত সমস্যা ও পেশাগত বিষয় আলাদা রাখার অনুরোধ জানান। পাশাপাশি তাদের একসময়ের ভালো সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান যে, শাড়ির বিষয়ে তাঁর লোকজন ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে এবং বাদীর লোকজন যেন তাদের সঙ্গে যোগাযোগ করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই বার্তার পর বাদী ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানতে পেরে তিশা গুলশান থানা পুলিশের মাধ্যমে শাড়িটি ফেরত দিতে চাইলেও বাদী তা গ্রহণ না করে আদালতে মামলা করেন।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকালে তানজিন তিশাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাদীর সঙ্গে তাঁর একসময় ভালো সম্পর্ক ছিল এবং এর আগেও বাদীর কাছ থেকে আরও শাড়ি নিয়ে পরার পর তিনি সেগুলো ফেরত দিয়েছেন। এসব শাড়ির বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক বা অর্থ নেননি।

দীর্ঘদিন বিষয়টি নিয়ে কথা না হওয়ায় তিনি শাড়িটির কথা ভুলে গিয়েছিলেন বলে জানান তিশা। তাঁর সাবেক ড্রাইভার শাড়িটি ফেরত না দিয়ে চলে যাওয়ায় বিষয়টি জটিল হয়। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে বাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ঠিকানা পাওয়া যায়নি বলে তিনি তদন্ত কর্মকর্তাকে জানান।

মামলার বিষয়টি জানার পর তিশা ডাকযোগেই শাড়িটি ফেরত পাঠান। নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ তিনি শাড়িটি ডাকযোগে বাদীর ঠিকানায় পাঠিয়ে দেন। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, বাদীকে নোটিশ দিয়ে এবং তদন্তকালে সরাসরি ও মোবাইল ফোনে মামলার অভিযোগের সপক্ষে দালিলিক সাক্ষ্যপ্রমাণ দিতে বলা হলেও তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে বিবাদী তিশা শাড়িটি ফেরত দিয়েছেন। ফলে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়নি।

হুমকির অভিযোগের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১০ নভেম্বর তিশার পাঠানো বার্তার শেষাংশে শাড়িটি ফেরত দেওয়ার ঠিকানা চাওয়া এবং বাদীর সুন্দর জীবন কামনা করা হয়েছিল। ফলে ওই বার্তার মাধ্যমে হুমকি দেওয়ার কোনো অপরাধও প্রমাণিত হয়নি।

সবশেষে তদন্ত কর্মকর্তা জানান, বাদী ও বিবাদীকে জিজ্ঞাসাবাদ এবং প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে বাদীর আনীত অভিযোগের সপক্ষে কোনো আইনি ভিত্তি বা অপরাধের সত্যতা পাওয়া যায়নি। তবে আদালত এই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি গ্রহণ করে মামলাটি সিআইডিকে দিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%