ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী রেলস্টেশনে হামলাকারীদের রাষ্ট্রের শত্রু বললেন ভূমিমন্ত্রী


রাজশাহী রেলস্টেশনে হামলাকারীদের রাষ্ট্রের শত্রু বললেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে মন্তব্য করেছেন যে, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। যারা অনাকাঙ্ক্ষিতভাবে এই স্থাপনাটি ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেলস্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান পরিদর্শন করেন।

মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর’ তাণ্ডবের তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুমসহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে।

মন্ত্রী আরও জানান, রেলস্টেশনের ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে।

যারা এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করে তিনি জানান, প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও, ১ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

আজ বিকেলে সদর উপজেলার নারগুন ইউনিয়নের নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে ঠাকুরগাঁও সদর ও রুহিয়া এলাকার ২ হাজার ৫১৭ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার মধ্য দিয়ে জেলায় এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।

এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ হাজার ১৪৮ জন এবং রুহিয়া এলাকার ১ হাজার ৩৬৯ জন কৃষক রয়েছেন।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জরিপের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ১১ হাজার ৬৪৮ জন কৃষকের তালিকা চূড়ান্ত করে ব্যাংকে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে নির্বাচিত কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষিসেবা, কৃষি উপকরণ, প্রণোদনা ও বিভিন্ন সহায়তা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া ব্লকের ৯৬৫ জন কৃষক এবং রুহিয়া এলাকার কুজিশহর ব্লকের ১ হাজার ১৭২ জন কৃষক কৃষি উপকরণ সহায়তা হিসেবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।

কৃষক কার্ড পেয়ে উপকারভোগী কৃষকদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। তারা জানান, কৃষিকাজে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরণের ব্যয় দিন দিন বাড়ছে। এ অবস্থায় সরকারি সহায়তা সরাসরি পাওয়ার সুযোগ তাদের কৃষিকাজে সহায়ক হবে।

উপকারভোগী কৃষকরা বলেন, "কৃষক কার্ড পাওয়ায় আমরা খুশি। কৃষিকাজের জন্য সরকারের কাছ থেকে সহায়তা সরাসরি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সহায়তা আমাদের মতো কৃষকদের জন্য বেশ উপকারি।"

তারা আরো বলেন, "কৃষক হিসেবে সরকারি সুযোগ-সুবিধা সহজে পাওয়ার প্রত্যাশা করছি। কৃষক কার্ডের মাধ্যমে যদি নিয়মিত কৃষি সহায়তা পাওয়া যায়, তাহলে আমাদের উৎপাদন খরচ কিছুটা কমবে এবং কৃষিকাজে উৎসাহ বাড়বে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, কৃষি মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় উপপরিচালক হাতেম আলী, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, "কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের কাছে সরকারি কৃষিসেবা ও প্রণোদনা সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পর্যায়ক্রমে জেলার আরো কৃষককে এই কার্যক্রমের আওতায় আনা হবে।"

সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা আরো সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি খাতে সরকারি সহায়তা কার্যক্রম আরো কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চরাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


কাশফুলের শুভ্রতায় মুগ্ধ করতোয়ার চরাঞ্চল

শরতের কাশফুলের রঙে পরিবর্তন এসেছে রংপুরের পীরগঞ্জের করতোয়া নদীর চরাঞ্চলে। নদীর তীর এবং উঁচু চরে সাদা কাশফুল ফুটে উঠেছে। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বিকেল হলেই পরিবার ও বন্ধুদের নিয়ে মানুষ কাশবনে আসছেন।

সরেজমিনে দেখা গেছে, করতোয়া নদীর জাতের ঘাটে বিস্তীর্ণ চরজুড়ে সবুজ ঘাসের মধ্যে কাশফুল মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বাতাসে দুলতে থাকা সাদা কাশবন দেখতে দূর-দূরান্ত থেকে অনেকে আসছেন। অনেকেই কাশফুলের মধ্যে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলছেন, আবার কেউ নদীর পাড়ে বসে শরতের এই সৌন্দর্য উপভোগ করছেন।

দর্শনার্থীদের ভিড় বিকেলের দিকে সবচেয়ে বেশি দেখা যায়। সূর্যের আলো নরম হয়ে এলে কাশফুলের শুভ্রতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এ সময় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে চরাঞ্চল।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রতিবছর শরৎকালে করতোয়ার চরে কাশফুল ফুটলেও, এবারের ফুল ফোটার পর থেকে মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিকেলে নদীর পাড়ে অনেক মানুষের সমাগম হচ্ছে। কাশবনকে ঘিরে স্থানীয়ভাবে এক ধরনের দর্শনীয় পরিবেশ তৈরি হয়েছে।

কাশফুল দেখতে আসা দর্শনার্থী রাকিবুল ইসলাম বলেন, "কাশফুলের এমন দৃশ্য খুব কাছ থেকে দেখতে ভালো লাগে। পরিবার নিয়ে বিকেলে এখানে এসে সময় কাটাচ্ছি। ছবি তোলার জন্যও জায়গাটি বেশ সুন্দর।"

আরেক দর্শনার্থী মন্তব্য করেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে কাশফুলের ছবি দেখে এখানে আসার আগ্রহ তৈরি হয়েছে। এসে দেখলাম, জায়গাটি বেশ সুন্দর। বিকেলে এখানে অনেক মানুষ আসছেন।"

স্থানীয়দের ভাষ্য, করতোয়া নদীর চরাঞ্চলে দর্শনার্থীর সংখ্যা বাড়লেও, এখানে পর্যটনসুবিধা তেমন নেই। যাতায়াতব্যবস্থা, বসার জায়গা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করা গেলে দর্শনার্থীদের জন্য জায়গাটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

শরতের কাশফুল বাংলার প্রকৃতির চিরচেনা সৌন্দর্যের অংশ। করতোয়া নদীর বুকে জেগে ওঠা চর এবং সাদা কাশবন দেখতে এখন প্রতিদিনই মানুষ ছুটে আসছেন। ফলে শরতের মৌসুমে পীরগঞ্জের এই চরাঞ্চল স্থানীয়দের কাছে নতুন এক আকর্ষণের জায়গা হয়ে উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হচ্ছে খাটিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হচ্ছে খাটিয়ায়

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর ঢালীর বাজার থেকে নুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হাঁটুসমান কাদায় পরিণত হয়। ফলে সারা বছরই এই প্রধান সড়কটি চলাচলের জন্য প্রায় অযোগ্য হয়ে পড়ে। এমনকি অসুস্থ রোগীদের হাসপাতাল পর্যন্ত নিতে হয় লাশ বহনের খাটিয়ায়। এর ফলে শিক্ষার্থী, রোগী, কৃষক এবং সাধারণ পথচারীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন।

নলুয়াবাগী গ্রামের বাসিন্দা রাব্বি জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তাটির এই একই অবস্থা দেখা যায়, কিন্তু পাকাকরণের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হলেও এখনো স্থায়ী সমাধান আসেনি।

একই এলাকার আরেক যুবক আবু সাঈদ বলেন, বছরের পর বছর ধরে একই সমস্যার মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। বর্ষা এলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অসুস্থ রোগী, স্কুলগামী শিশু এবং কৃষকদেরও চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়।

পশ্চিম নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শের-ই জাহান রাজিবুল হক জানান, রাস্তাটির অবস্থা এতই করুণ যে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই একটি রাস্তা দিয়েই তাদের স্কুলে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য থাকায় শিক্ষার্থীরা স্কুলে যেতে আগ্রহী হয়ে ওঠে না।

নুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান জানান, বিদ্যালয়ে পৌঁছাতে শিক্ষক ও শিক্ষার্থীদের হাঁটুসমান কাদা মাড়িয়ে আসতে হয়। অনেক সময় শিক্ষার্থীদের বই-খাতা, স্কুলব্যাগ ও পোশাক কাদায় নষ্ট হয়ে যায়। প্রতিদিন এভাবে বিদ্যালয়ে আসা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, কয়েক দিন আগে মাহতাব ফরাজি নামের এক অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তাটিতে এতটাই কাদা ছিল যে, চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ সময় তাকে লাশ বহনকারী খাটিয়ায় করে হাসপাতালে নিতে হয়েছে।

গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের মিয়া বলেন, রাস্তাটি নিয়ে তারা উপজেলার বিভিন্ন সভায় আলোচনা করছেন। এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কয়েক দিন আগে তাদের এলাকার প্রতিমন্ত্রীর এক সভায়ও বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, রাস্তাটি পাকাকরণ করা হবে।

এলজিইডির গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ঢালীর বাজার থেকে নলুয়াবাগী রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, সুফল পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে নির্মাতা হিমেল আশরাফ নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও এই জুটি বড় পর্দায় ফিরছে। নতুন সিনেমাটির নাম ‘মহব্বত’, যা আগামী বছরের কোরবানির ঈদে মুক্তি পাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির নাম এবং প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে কালো ওভারকোট পরা এক যুবকের সঙ্গে এক তরুণীকে দেখা যাচ্ছে। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

‘মহব্বত’ পরিচালনা করছেন হিমেল আশরাফ এবং প্রযোজনায় রয়েছেন আরশাদ আদনান। এর আগে এই ত্রয়ীর ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দর্শকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছিল। এবারও তাদের নতুন সিনেমা নিয়ে আগ্রহ শুরু হয়েছে।

সিনেমাটির গল্প সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে নির্মাতার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভালোবাসার পাশাপাশি প্রতিশ্রুতি, মূল্য এবং লড়াইয়ের গল্প থাকছে ‘মহব্বত’-এ।

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে বেশি দেখা গেলেও এবার প্রেমের গল্পে তাকে দেখা যাবে। ফলে ‘মহব্বত’ দিয়ে নতুন কোনো রূপে শাকিবকে পর্দায় দেখা যাবে কি না, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%