ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ জেলা পুলিশের ঝটিকা অভিযান গত সন্ধ্যায় মহাদেবপুরের ০৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতের মধ্যেই ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত ০৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার


নওগাঁ জেলা পুলিশের ঝটিকা অভিযান গত সন্ধ্যায় মহাদেবপুরের ০৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতের মধ্যেই ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত ০৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মেসার্স সোহাগ আয়রন স্টোরের ভাঙারি মাল বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার কম সময়ে রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এক ঝটিকা অভিযানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া মোট টাকার একটি বড় অংশসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মুন্না (২৪), পিতা: সিরাজুল ইসলাম, গ্রাম: রামচন্দ্রপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ; ২. রবিন (২৫), পিতা: মৃত ইয়াদ আলী, গ্রাম: ঈশ্বর লক্ষ্মীপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ এবং ৩. ভুক্তভোগী সাজানো পিকআপ চালক সোহেল রানা (২৫), পিতা: আমজাদ হোসেন, গ্রাম: ডিম জাওন, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মেসার্স সোহাগ আয়রন স্টোরের মালিক আব্দুল আলিম (৩৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে তার ব্যবসা প্রতিষ্ঠানের পিকআপে করে বগুড়ায় লোহালক্কড় ও ভাঙারি মাল বিক্রি করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে

গত ৩ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পিকআপটি মহাদেবপুর উত্তর গ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশের ফাঁকা রাস্তায় পৌঁছালে আকস্মিকভাবে বিকল হয়ে যায়। এই সুযোগে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত দুষ্কৃতকারীরা পিকআপের ড্রাইভার সোহেল রানাকে হালকা এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব জয় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসিবের নেতৃত্বে একটি চৌকস টিম এবং মহাদেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে।

তথ্যপ্রযুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও ডাটা বিশ্লেষণ করে ডিবি পুলিশ দ্রুত আসামিদের শনাক্ত করে। এরপর সারারাতব্যাপী চলা সাঁড়াশি অভিযানে প্রথমে রামচন্দ্রপুরের নিজ বাড়ি থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মুন্নার দেওয়া তথ্যে মহাদেবপুরের একটি ভাড়া বাসা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। রবিনের হেফাজত থেকে আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন: নওগাঁ সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নব-আদাতলা বিওপি উদ্বোধন

অভিযানের শেষ পর্যায়ে এই দুই আসামির দেওয়া তথ্য ও অধিকতর জিজ্ঞাসাবাদে থলের বেড়াল বেরিয়ে আসে। জানা যায়, পুরো ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন পিকআপের ড্রাইভার সোহেল রানা ও মুন্না এবং প্রধান ভূমিকায় ছিলেন রবিন। গত এক সপ্তাহ ধরে তারা এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। পুলিশ নাটকীয়ভাবে নওগাঁ সদর হাসপাতাল থেকে ড্রাইভার সোহেল রানাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই এবং ডাকাতির মতো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইন অনুযায়ী কঠোর হস্তে এসব অপরাধ দমন করা হবে।”

ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও টাকা উদ্ধারে জেলা পুলিশের এই পেশাদারিত্বকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মানবিক উদ্যোগে তার অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার প্রকাশিত একটি প্রেসিডেনশিয়াল ডিক্রিতে মেলানিয়ার এই সম্মাননার বিষয়টি উল্লেখ করা হয়। ডিক্রিতে ইউক্রেনের মানবিক সহায়তায় তার ‘উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদান’ এবং রাশিয়া দখলকৃত এলাকা থেকে নির্বাসিত বা জোরপূর্বক সরিয়ে নেওয়া শিশুদের সহায়তায় তার ভূমিকার কথা বলা হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মেলানিয়াকে ‘অর্ডার অব প্রিন্সেস ওলগা’ সম্মাননার প্রথম শ্রেণি প্রদান করা হয়েছে। এই সম্মাননা বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি এবং দাতব্য কাজসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা নারীদের জন্য দেওয়া হয়।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ছয় দিনের যুদ্ধবিরতি আয়োজনের ক্ষেত্রে মেলানিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত রোববার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এটি ছিল স্থানীয় পর্যায়ে সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি। মেলানিয়া ট্রাম্পের ভাষ্যমতে, এই সময়ে প্রায় ৮০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের গ্যাস আমদানির সুযোগ পাচ্ছে ভারত, ২০২৮ সালে চুক্তির আলোচনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


যুক্তরাষ্ট্রের গ্যাস আমদানির সুযোগ পাচ্ছে ভারত, ২০২৮ সালে চুক্তির আলোচনা চলছে

ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার পর ভারতের আমদানির উৎসকে বহুমুখী করার অনুরোধ বিবেচনায় নিতে রাজি হয়েছে কাতার। নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের প্রস্তাব কাতার পর্যালোচনা করছে।

ভারতের শীর্ষ গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। প্রতিষ্ঠানটির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল জানান, ২০২৮ সাল থেকে কার্যকর হতে যাওয়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কিছু এলএনজি সংগ্রহের জন্য কাতারের সঙ্গে আলোচনা চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী কাতারের সঙ্গে পেট্রোনেটের ৭৫ লাখ মেট্রিক টন গ্যাস সরবরাহের চুক্তি রয়েছে। ২০২৮ সালের এপ্রিল মাসে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, তা আরও ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে, অর্থাৎ ২০৪৮ সাল পর্যন্ত।

মিত্তাল আরও বলেন, নবায়ন করা চুক্তির আওতায় সরবরাহের উৎস বহুমুখী করার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের অনুরোধের প্রেক্ষিতে কাতার তাদের অন্য উৎস থেকে সংগ্রহ করা গ্যাসের একটি নির্দিষ্ট অংশ সরবরাহ করতে পারে।

গত মাসে কাতারএনার্জি যুক্তরাষ্ট্রের উডসাইডের স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছর মেয়াদি চুক্তি করেছে। ২০৩০ সাল থেকে এ সরবরাহ শুরু হওয়ার কথা। এছাড়া, চেনিয়ার এনার্জির সঙ্গে ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন গ্যাস কেনার দুটি চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।

ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়া এবং রাস লাফান স্থাপনায় হামলার পর গত মার্চে এলএনজি সরবরাহে ফোর্স মেজর ঘোষণা করে কাতারএনার্জি। আপাতত এ স্থগিতাদেশ ডিসেম্বর পর্যন্ত কার্যকর রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংকটের পর ভারত যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। কাতারের সরবরাহ স্থগিত থাকায় পেট্রোনেট তিনটি এলএনজি ট্যাংকারের সময়ভিত্তিক ভাড়া চুক্তিও স্থগিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে আরব নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ মন্তব্যের নিন্দা জানালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


নির্বাচনে আরব নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ মন্তব্যের নিন্দা জানালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ, যিনি দখলদার রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, নির্বাচনের প্রেক্ষাপটে দেশটির সংখ্যালঘু আরব নাগরিকদের বিরুদ্ধে করা ‘বর্ণবাদী’ মন্তব্যের প্রতি কঠোর সমালোচনা ও নিন্দা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে একাধিক জালিয়াতির অভিযোগ উত্থাপনের পর প্রেসিডেন্ট হারজোগ এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর প্রেসিডেন্ট হারজোগ মন্তব্য করেন, "ইসরায়েলের আরব সমাজকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশের প্রতি তাদের অবদান এবং মূলধারায় অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছাকে আমি মূল্যায়ন করি।

এটি এমন একটি বিষয় যাকে স্বাগত জানানো উচিত। সম্প্রতি আমরা যে ধরনের অশালীন আচরণ এবং বর্ণবাদী মন্তব্য শুনেছি, আমি তার তীব্র নিন্দা জানাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভ্যুত্থানের পরদিন কারাগার থেকে পালানো আবু মোকারম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


অভ্যুত্থানের পরদিন কারাগার থেকে পালানো আবু মোকারম গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেফতার করেছে এসআরবি-১১।

মঙ্গলবার রাতের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মেঘনা টোলপ্লাজা এলাকায় তাকে আটক করা হয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর এসআরবি-১১ হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি দক্ষ দল রাতের সময় সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানের ফলস্বরূপ কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল গ্রামের আবু তালেবের পুত্র।

এসআরবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবু মোকারম ২০১৩ সালের ৯ জুলাই থেকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে ৬ আগস্ট সকালে বন্দিরা সংঘবদ্ধভাবে দাঙ্গা ও অগ্নিসংযোগ শুরু করে। এক পর্যায়ে বন্দিরা কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়, যার মধ্যে মোকারমও ছিল। এ ঘটনার পর জেল কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।

এসআরবির ওই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%