১০:৩২ এম
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর মধ্যে রয়েছে বিজিবির ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য।
রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ ছয়টি কারখানা আজও বন্ধ রেখেছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, "রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে সদস্যরা দায়িত্ব পালন করছেন।" বিজিবি ইতিমধ্যে মাঠে রয়েছে এবং অন্যান্য বাহিনীগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল
বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন। এই সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন