আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি
১১:০৬ এম
[১] জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল। ১৪ নভেম্বর ২০২৬ইং (শনিবার) সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমন তথ্য জানিয়েছেন।
[২] সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ২০২৭ সালের জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।
[৩] এর আগে সেপ্টেম্বরের শুরুতে সিলেটে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও পপ্রয়োজনীয় যন্ত্রপাতির টেন্ডার সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্যে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
[৪] নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন এই হাসপাতাল। নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও এতোদিন এটি চালু করা যায়নি। প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঐতিহ্যবাহী আবুসিনা ছাত্রাবাস ভেঙে নির্মাণ করা এ হাসপাতাল। ২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জায়গার ওপর এই জেলা হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত অধিদপ্তর হাসপাতালটির অবকাঠামো নির্মাণের দায়িত্ব দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। ২০২০ সালের জানুয়ারিতে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
[৫] শনিবারের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মন্ত্রী জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।
[৬] তিনি বলেন, সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার পরিসর ও সক্ষমতা বহুলাংশে বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এ স্লোগানকে সামনে রেখে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’।
হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে জমে ওঠে এ আয়োজন। টুর্নামেন্টের সেমিফাইনালে টানটান উত্তেজনার পর টাইব্রেকারে স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বোয়ালমারী ফুটবল একাদশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম।
আয়োজকদের মূল লক্ষ্য, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো আলফাডাঙ্গার আক্রমণ, আবার কখনো বোয়ালমারীর পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বোয়ালমারী ফুটবল একাদশ। অন্যদিকে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম। তিনি বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসমাজের অনুপ্রেরণা, বিশিষ্ট সমাজসেবক ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বেল্লাল হোসাইন। তিনি বলেন, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ায়। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
খেলাটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে সাবলীল ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।
খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক। শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ এবং বিশেষ করে টাইব্রেকারের প্রতিটি শটে দর্শকদের করতালি, উল্লাস আর উত্তেজনায় মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ