ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী


৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী

চট্টগ্রামের রাউজানে রহস্যজনকভাবে রিমা দে নামে এক নারীর মৃত্যু ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টায় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দির সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিমা ফটিকছড়ি উপজেলার ২ নং কাঞ্চন নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেক বাড়িয়া চা বাগান সংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে–র কন্যা।

পরিবারের সূত্রে জানা যায়, ৪ মাস ৪ দিন আগে রিমা দে এর সঙ্গে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে (২৬) এর বিয়ে হয়েছিল।

আরও পড়ুন: জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল

প্রভা রাণী দে জানান, শনিবার বিকাল ৩টায় সিঁড়ি থেকে পড়ে আমার মেয়ে আঘাত পেয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে আমাকে ফোন করা হয়েছিল। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরী হাট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে গিয়েও তাদের খুঁজে পাইনি। পরে রাউজানে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মরদেহ পাই। মরদেহ পাওয়ার পর আমাদের জানানো হয় যে, মেয়ে আত্মহত্যা করেছে। তিনি জানান, মেয়ের নাকের পাশে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তাই তিনি দাবি করেন যে, তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনার পর রিমার স্বামী পালিয়ে গেছে বলেও তিনি জানান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী শ্রুতি হাসান মুম্বাইয়ের বাড়িতে অদ্ভুত আতঙ্কে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ এম


অভিনেত্রী শ্রুতি হাসান মুম্বাইয়ের বাড়িতে অদ্ভুত আতঙ্কে

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইয়ের আবাসস্থলে একসময় অদ্ভুত আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। সেখানে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন মাঝে মাঝে নিজে থেকেই স্থান পরিবর্তন করত। প্রথম দিকে বিষয়টি খুব একটা গুরুত্ব না পেলেও, একসময় তা অভিনেত্রীর কাছে ভীতিকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আতঙ্কের অবসান ঘটাতে তিনি ম্যানিকুইনটি খুলে ফেলেন। শুধু তাই নয়, বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে তিনি বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।

সম্প্রতি শ্রুতি এক সাক্ষাৎকারে এই অস্বাভাবিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রীর দাবি, কিছু জায়গার পরিবেশে অদ্ভুত কিছু অনুভব করার ক্ষমতা তার রয়েছে। চেন্নাইয়ের বাড়িতে এমন অভিজ্ঞতা না হলেও, মুম্বাইয়ের বাসায় মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে।

শ্রুতির বাড়িতে মানুষের আকৃতির একটি ম্যানিকুইন ছিল, যার নাম তিনি আদর করে রেখেছিলেন ‘ফিওনা’। আলমারিতে জায়গা সংকুলান না হওয়ায়, একটি বাড়তি পোশাকও ম্যানিকুইনটির গায়ে পরানো ছিল। বন্ধুরা যখন বাড়িতে আসতেন, তখন ফিওনাকে নিয়ে তারা হাসি-ঠাট্টা করতেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই ম্যানিকুইনই হয়ে ওঠে তার অস্বস্তির কারণ।

শ্রুতির ভাষ্য, একসময় তিনি লক্ষ্য করেন, ম্যানিকুইনটি মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। কীভাবে বা কেন সেটির অবস্থান পরিবর্তন হচ্ছে, তা বুঝতে পারছিলেন না তিনি। বিষয়টি ক্রমেই তার কাছে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তিনি আর সেটি বাড়িতে রাখার সাহস পাননি এবং ম্যানিকুইনটি খুলে ফেলার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘ওটাকে খুলে ফেলি। একেবারে ফেলে দিই।’

তবে এর মাধ্যমে তার অস্বস্তির অবসান হয়নি। বাড়ির পরিবেশ শান্ত করার জন্য তিনি হনুমান চালিসা শুনতে শুরু করেন। পাশাপাশি হাতে লবণ নিয়ে কিছু ধর্মীয় আচারও পালন করেন। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে রাখেন। শ্রুতির দাবি, এসবের পর থেকে বাড়ির পরিবেশ আগের চেয়ে শান্ত হয়ে উঠেছে।

সাক্ষাৎকারে শ্রুতি তার ধর্মীয় বিশ্বাস নিয়েও খোলামেলা কথা বলেন। তিনি জানান, পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবারে বেড়ে উঠেছেন, যেখানে ধর্মীয় আচার কিংবা ঈশ্বরের উপাসনার তেমন প্রচলন ছিল না। বাবা অভিনেতা কমল হাসানসহ পরিবারের অন্যান্যদের বিশ্বাসের সঙ্গে তার নিজস্ব ধর্মীয় চিন্তার পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন শ্রুতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সরকারি কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার হলো আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


ভারতের সরকারি কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার হলো আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

ভারতের একটি সরকারি কর্মকর্তার বাসায় তল্লাশি চালিয়ে আড়াই কেজি স্বর্ণ, এক দশমিক ৬ কেজি রুপা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে লোকায়ুক্তের একাধিক দল ওই কর্মকর্তার সরকারি বাসভবন, অফিস এবং ব্যক্তিগত আবাসে অভিযান পরিচালনা করে।

সঞ্জীব কুমার শর্মা পাঁচমারির সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।

এই অভিযানে ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি নগদ, ২ দশমিক ৫২৮ কেজি স্বর্ণ (যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৫০ লাখ রুপি) এবং ১ দশমিক ৬৫৬ কেজি রুপা উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি গাড়ি, প্রায় ৫০ লাখ রুপির আসবাব ও গৃহস্থালি সামগ্রী এবং জমি কেনাবেচার ২৮টি নথি পাওয়া গেছে।

তদন্তকারীরা শর্মার সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্থাপনার সন্ধানও পেয়েছেন। এর মধ্যে একটি ইকোটেল রিসোর্টের মূল্য প্রায় দুই কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় এক কোটি রুপি।

লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, শর্মার সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে উদ্ধার হওয়া সম্পদের মূল্যায়ন ও নথিপত্র যাচাই এখনো সম্পন্ন হয়নি। অভিযান অব্যাহত রয়েছে, ফলে সম্পদের পরিমাণ আরো বাড়তে পারে।

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: হাসিনার ফেরানোর শর্তাবলী নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: হাসিনার ফেরানোর শর্তাবলী নিয়ে আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, বিশেষ করে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনার আইনজীবীরা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্য চেয়ে আবেদন করার পর এই বিষয়টি নতুন করে সামনে এসেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তিই একমাত্র উপায়। তবে ভারত বরাবরই আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে আসছে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, "হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

অন্যদিকে, ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, প্রত্যর্পণ চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোন পরিস্থিতিতে কাউকে প্রত্যর্পণ করা যাবে এবং কোন পরিস্থিতিতে তা সম্ভব নয়। তিনি বলেন, "বাংলাদেশ সরকার যখন হাসিনাকে ফেরানোর জন্য প্রত্যর্পণ চুক্তির কথা বলছে, তখন চুক্তির শর্তগুলোও বিবেচনায় নিতে হবে।"

এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী বলা হয়েছে? কোন অপরাধের কারণে কাউকে ফেরত পাঠানো যাবে, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে কী বিধান রয়েছে এবং কোন পরিস্থিতিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব?

প্রত্যর্পণ কী

মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি প্রত্যর্পণ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।"

বাংলাদেশে পলাতক অপরাধীদের ফেরত আনার জন্য ‘বন্দি প্রত্যর্পণ আইন-১৯৭৪’ নামে একটি আইন রয়েছে। এই আইনের আওতায় পলাতক অপরাধীদের ফিরিয়ে আনতে অন্যান্য দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়। বর্তমানে বাংলাদেশের সঙ্গে দুটি দেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেগুলি হলো ভারত ও থাইল্যান্ড। হাসিনাকে ফেরানোর ক্ষেত্রেও বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি ২০১৩ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছে অনুপ চেটিয়াকে ফেরত পেয়েছিল। অপরদিকে, ভারত বাংলাদেশের কাছ থেকে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে ফেরত নেয়। ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। এর ফলে কোনো অভিযুক্তকে ফেরত চাওয়ার সময় অনুরোধকারী দেশকে অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দিতে হয় না। সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জমা দিলেই সেটিকে বৈধ প্রত্যর্পণ অনুরোধ হিসেবে বিবেচনা করা হয়।

শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বললেও ভারত সরকার বিষয়টিকে আইনি প্রক্রিয়ার মধ্যে রেখেছে। তার ভাষ্য, চুক্তির শর্তগুলোই নির্ধারণ করবে, ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব কি না। তিনি বলেন, "সব দিক বিবেচনায় ভারতের পক্ষে হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব হবে না বলেই তার মনে হয়। তবে হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।"

চুক্তিতে কী আছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তির একটি অনুলিপি প্রকাশ করা হয়েছে। চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে কোন কোন অপরাধকে প্রত্যর্পণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে, তা উল্লেখ রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কর্মকাণ্ডকে বোঝাবে, যা উভয় দেশের আইনেই অন্তত এক বছর কারাদণ্ডযোগ্য। অর্থাৎ, কোনো ব্যক্তি এমন অপরাধ করলে, যার শাস্তি বাংলাদেশ ও ভারত—দুই দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ড, সে ক্ষেত্রে তাকে প্রত্যর্পণের অনুরোধ করা যাবে।

কোনো অপরাধ কর বা রাজস্বসংক্রান্ত হলেও তা প্রত্যর্পণযোগ্য হতে পারে। এমনকি অপরাধটি পুরোপুরি আর্থিক বা রাজস্বগত প্রকৃতির হলেও এই বিধান প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে দুই দেশের আইনে অপরাধটির নাম বা শ্রেণিবিভাগ একই হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অপরাধ সংঘটনের জন্য কোনো কাজ করা হয়েছে, নাকি কোনো কাজ করা থেকে বিরত থাকা হয়েছে, সেটিও বিবেচ্য নয়। মূল বিষয় হলো, সংশ্লিষ্ট কাজটি উভয় দেশের আইনেই শাস্তিযোগ্য কি না।

এ ছাড়া কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, অপরাধে সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশ নেওয়ার ক্ষেত্রেও প্রত্যর্পণ করা যাবে। চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়ে বিধান রয়েছে। এতে বলা হয়েছে, কোনো অপরাধের অংশবিশেষ বা পুরো কার্যক্রম অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও প্রত্যর্পণ মঞ্জুর করা যেতে পারে। তবে শর্ত হলো, সংশ্লিষ্ট কাজ ও এর ফলাফল অথবা প্রত্যাশিত ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে অনুরোধকারী রাষ্ট্রের আইন অনুযায়ী সেটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হতে হবে।

রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে কী হবে

হাসিনার সমর্থকদের অনেকে প্রত্যর্পণ চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদকে সামনে আনছেন। তাদের দাবি, এই অনুচ্ছেদের কারণে হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত পাঠানোর আইনি সুযোগ নেই। চুক্তির এই অনুচ্ছেদের শিরোনাম ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’। এতে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে সংশ্লিষ্ট রাষ্ট্র প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রকৃতির বলে বিবেচিত হলে তাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে।

তবে চুক্তিতে কিছু অপরাধের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেগুলো রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য হবে না। এর মধ্যে রয়েছে, দুই দেশের স্বাক্ষর করা বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তির অধীনে যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য। এ ছাড়া হত্যা, অনিচ্ছাকৃত হত্যা ও অপরাধমূলক নরহত্যাও এই তালিকায় রয়েছে। তালিকায় আরো রয়েছে, মানুষের জীবন বিপন্ন করতে পারে বা সম্পত্তির গুরুতর ক্ষতি করতে পারে—এমন বিস্ফোরণ ঘটানো। মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরক তৈরি বা নিজের দখলে রাখাও এর অন্তর্ভুক্ত।

নিজের বা অন্য কারো মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নিজের দখলে রাখা এবং কাউকে গ্রেপ্তার বা আটক করা ঠেকাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করাও এ ধরনের অপরাধের মধ্যে পড়বে। এ ছাড়া জনসাধারণের সেবায় ব্যবহৃত হয় বা অন্য কোনো কাজে ব্যবহৃত হয়—এমন সম্পত্তির ক্ষতিসাধন, যদি তার উদ্দেশ্য মানুষের জীবন বিপন্ন করা হয়, সেটিও এই তালিকায় রয়েছে। অন্য কারো জীবন বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়াভাবে এমন কাজ করাও এর অন্তর্ভুক্ত। অপহরণ, বলপূর্বক তুলে নেওয়া, বেআইনিভাবে আটক রাখা, স্বাধীনতাবঞ্চিত করা এবং কাউকে জিম্মি করার মতো অপরাধও রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে বিবেচিত হবে না। হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়াসহ আরো কিছু অপরাধ এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও চুক্তিতে রাখা হয়েছে। চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিভিন্ন ভিত্তি উল্লেখ করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

এ ছাড়া যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে বা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেটি খুবই তুচ্ছ বা লঘু প্রকৃতির হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। অপরাধ সংঘটনের পর কিংবা বেআইনিভাবে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিষয়টি বিবেচনায় নেওয়া যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলে প্রতীয়মান হলেও প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানান তিনি।

ওই রায়ের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে বিএনপি সরকারের পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। সম্প্রতি হাসিনার পক্ষে তার আইনি পরামর্শকেরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ফলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন ধারা এবং সেগুলোর আইনি প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে সবজি উৎপাদন থেকে বছরে আয় ২,৬৫৫ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


যশোরে সবজি উৎপাদন থেকে বছরে আয় ২,৬৫৫ কোটি টাকা

॥ মো. সাইফুল ইসলাম ॥

যশোর, ১৫ নভেম্বর ২০২৬ : যশোর জেলার অন্যতম অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। প্রতিবছর এই জেলায় প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এ হিসাবে, সবজি থেকে বছরে আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা হয়।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সবজি চাষে জেলার ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক যুক্ত রয়েছেন। গত এক বছরে যশোর জেলায় ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। এ সময়ে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে।

গত এক বছরে রবি মৌসুমে ১৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ মেট্রিক টন, খরিপ-১ মৌসুমে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৯ হাজার ৮২৫ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে ১ লাখ ৫১ হাজার ৫০ মেট্রিক টন সবজি উৎপন্ন হয়েছে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতি কেজি সবজির গড় মূল্য ৩০ টাকা ধরে গত বছর জেলায় ২ হাজার ৬৫৫ কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। যশোরের ৩০ লাখ মানুষের সবজির গড় চাহিদা বছরে ৪ লাখ মেট্রিক টন। বাকি প্রায় ৫ লাখ মেট্রিক টন সবজি রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় চলে যায়।

জেলার ‘সবজি জোন’ হিসেবে পরিচিত সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর, বাগাডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায় মাঠজুড়ে সবজির চাষ হচ্ছে। বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজির চাষ হচ্ছে।

শীতকালেই নয়, আধুনিক পদ্ধতিতে এসব এলাকায় সারা বছর জুড়ে সবজি উৎপাদন হয়। বর্তমানে এসব মাঠে ৩৯ ধরনের সবজির চাষ হচ্ছে। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লাল শাক, সবুজ শাক, লাউ, মিস্টি কুমড়া, বেগুন, চালকুমড়া, টমেটো, মূলা, বরবটি, ডাঁটাশাক, পুঁইশাক, ঢ্যাঁড়স, শিম, চিচিঙ্গা, ঝিঙা, করলা, উচ্ছে, গাজর, শালগম, ওলকচু, ভাতিশাক, শসা, পেঁপে, কাঁচাকলা, মানকচু, মেটে আলু, লতিরাজ, পানিকচু, বিট, কাঁকরোল, ক্যাপসিকাম, সজিনা, বিচিকলা, মটরশুঁটি, গিমাকলমি ও ধনিয়া পাতা।

জেলার সবজি বাজারকে কেন্দ্র করে সদর উপজেলার সাতমাইল-বারিনগরে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির হাট। প্রতিদিন ভোর থেকে এ হাটে কৃষক, ব্যাপারী এবং শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে। ট্রাক ভর্তি করে সবজির চালান ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।

কৃষি অধিদপ্তর জানায়, যশোর সদর উপজেলার আব্দুলপুর ও আশপাশের এলাকায় চলতি মৌসুমে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদিত হচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। তিন শতাধিক কৃষক প্রায় আট হেক্টর জমিতে চারা তৈরি করেন।

জেলা সদরের হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের কৃষক শ্যামল বিশ্বাস (৫৬) ছোটোবেলা থেকেই বাবার সাথে ক্ষেতে কাজ করতেন। তিনি ১৯৯৭ সালে দুই বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। প্রথম দফায় কালো বেগুন চাষ করে ভালো ফলন পান। পরে বিভিন্ন রকমের সবজি চাষ শুরু করেন।

পরে সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চারা তৈরির জন্য নার্সারি গড়ে তোলেন। তিন শতক জমির এ নার্সারিতে তৈরি বিভিন্ন সবজির চারা তিনি নিজে ব্যবহার করেন এবং অন্য কৃষকদের কাছেও বিক্রি করেন। নিজেই তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা জৈব সার। প্রতি মাসে দুই থেকে তিন টন জৈব সার বিক্রি করেন।

চুড়ামনকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলাম (৪৫) এবার এক বিঘা জমিতে পটল, চার বিঘা জমিতে আলু এবং দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। ৫ বিঘা জমিতে মূলার চাষও করেছিলেন। সবজি চাষ করে তার চারজনের পরিবার ভালোভাবেই চলে যাচ্ছে।

দৌলতদীহী গ্রামের বারেক হোসেন (৩৭) এক বিঘা জমিতে সিম, ৫ কাঠা জমিতে পুঁইশাক এবং ১০ কাঠা জমিতে পটলের চাষ করেছেন। তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি।’

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মিজানুর রহমান খান বাসস’কে বলেন, যশোরে বিপুল পরিমাণ সবজি হয়। তাই এখানে সবজিভিত্তিক ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয় চাষিরা লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘সবজি চাষে পুরো দেশের মধ্যে যশোর জেলা দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। এ জেলায় অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস করা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষকদের সংযুক্ত করে দেওয়া হয়। নতুন নতুন জাতের সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আধুনিক সেচ পদ্ধতিও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া সময়ে সময়ে যেসব সমস্যার উদ্ভব হয়, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%