ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে নতুন কোডিং পদ্ধতি চালু


নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে নতুন কোডিং পদ্ধতি চালু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নওগাঁর সচেতন মহল।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা: হাছানাত আলী জানিয়েছেন, ১৫ নভেম্বর থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে। তিনি উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি মেধা, যোগ্যতা, ন্যায়বিচার এবং নৈতিকতার মূল্যায়নকারী প্রতিষ্ঠান। পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় সেই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কেবল শ্রেণিকক্ষে পাঠদান, আধুনিক অবকাঠামো কিংবা শিক্ষার্থীদের ফলাফলের ওপর নির্ভর করে না। বরং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা শিক্ষার মান নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।

তিনি আরও জানান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত এই পদ্ধতিতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর কিংবা ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে উত্তরপত্রে একটি নির্দিষ্ট গোপন কোড ব্যবহার করা হবে। ওই কোডের মাধ্যমে পরীক্ষকের কাছে উত্তরপত্র পাঠানো হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর ব্যক্তিগত পরিচয় জানবেন না। এতে স্বজনপ্রীতি, পরিচিতির প্রভাব কিংবা ব্যক্তিগত অনুরাগ-বিরাগের ভিত্তিতে নম্বর দেওয়ার সুযোগ থাকবে না। মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীর মেধা, যোগ্যতা এবং উত্তরপত্রে দেওয়া উত্তরের মানই প্রাধান্য পাবে। বিশ্ববিদ্যালয়টির বয়স এক বছর হলেও প্রতিষ্ঠার শুরু থেকেই একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং নৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয়েরই বহিঃপ্রকাশ। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতায় নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আরো আধুনিকায়নে এই ধরনের নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন আজ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মহাসড়কে ডাকাতির ৩১ ব্ল্যাক স্পট, অপরাধ মোকাবিলায় সংকটে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


দুই মহাসড়কে ডাকাতির ৩১ ব্ল্যাক স্পট, অপরাধ মোকাবিলায় সংকটে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ডাকাতদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। পুলিশের তালিকায় ৩১টি ব্ল্যাক স্পট অন্তর্ভুক্ত রয়েছে, তবে বাস্তবতা বলছে সংখ্যা আরও বেশি। এই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের কাছে পর্যাপ্ত জনবল ও যানবাহনের অভাব রয়েছে। বেশিরভাগ থানার কার্যক্রম চলছে ভাড়া করা বা রিকুইজিশন করা লেগুনায়, যা দিয়ে অপরাধীদের ধাওয়া করাও কঠিন হয়ে পড়েছে।

চট্টগ্রামের মিরসরাই হাইওয়ে এলাকায় ২৭ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশকে লেগুনা দিয়ে টহল দিতে দেখা যায়। অন্যান্য যানবাহন দ্রুতগতিতে চললেও টহল টিমের গতি ছিল ধীর। টহল টিমের ইনচার্জ জানিয়েছেন, থানার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় তারা রিকুইজিশন করা লেগুনা ব্যবহার করছেন।

হাইওয়ে পুলিশের কার্যক্রমের অনুসন্ধান শুরু হয়েছে। কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাত ১০টার দিকে টহল টিমকে মহাসড়কে ডিউটির জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। এখানে অবস্থাও একই। সরকারি গাড়িটি নষ্ট হওয়ায় ডাকাতদের ধাওয়া করা সম্ভব হচ্ছে না।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানায় ইনচার্জ জানিয়েছেন, ডাকাতপ্রবণ এলাকায় তারা নিয়মিত টহল প্রদান করেন। প্রায় ৩০ মিনিট খোঁজার পর টহল টিমকে পাওয়া যায়। এখানে সমস্যা হচ্ছে গাড়ির নয়, তেলের। টহলের জন্য প্রতিদিন বরাদ্দ মাত্র ৮ লিটার তেল, যা দিয়ে সারারাত টহল দেওয়া সম্ভব নয়।

গরুবোঝাই ট্রাক ডাকাতদের অন্যতম টার্গেট। মেঘনা টোলপ্লাজায় ওঠার আগে মাস খানেক আগে ডাকাতরা একটি ট্রাক থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এই মহাসড়কে একই অভিজ্ঞতা নিয়ে একাধিক চালকের সঙ্গে কথা হয়।

দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে কথা হলে তারা জানান, রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ডাকাতরা আঞ্চলিক মহাসড়কগুলোতে ওত পেতে থাকে। তাদের টার্গেট সাধারণত প্রবাসী ও বিয়ের গাড়ি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি ঘটে কুমিল্লায়, যেখানে অন্তত ৯টি স্পট রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ডাকাতির জন্য অন্তত ৭টি স্পট চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ও রামু উপজেলায় ৮টি স্পটে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। গত ১৬ অক্টোবর ঈদগাঁও এলাকায় ঘটে গণডাকাতির একটি ঘটনা। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, ডাকাতদের গ্রেফতারে তালিকা ধরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

হাইওয়ে পুলিশ জানায়, ডাকাতির ৩১টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। জনবল ও লজিস্টিকের ঘাটতির কথা স্বীকার করেছেন হাইওয়ে পুলিশের (কুমিল্লা অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। তিনি বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কুয়াশার কারণে মহাসড়কে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। গত পাঁচ বছরে যেসব স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, স্থানীয় থানাগুলোর কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করে প্রায় ৩১টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।

তবে জনবল ও লজিস্টিক সংকটের কথা স্বীকার করে তিনি জানান, স্থানীয় থানা ও জেলা পুলিশের সহায়তায় এসব এলাকা ভাগ করে নিয়ে মহাসড়কে অপ্রীতিকর ঘটনা রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ১৬ কিলোমিটার মহাসড়কও ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশকে হতাশ করল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ এম


সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশকে হতাশ করল

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন আজ ভঙ্গ হয়েছে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আবদুল সামাদ শাহজাদ শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দেন। এর ফলে পাকিস্তান প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল।

আগামী ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবেলা করবে।

দিনের প্রথম সেমিফাইনালে ভারত ভুটানকে ২-১ গোলে পরাজিত করে দশমবারের মতো ফাইনালে উঠেছে।

এই পরাজয়ের ফলে বাংলাদেশের জন্য সাফের ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০০৫ সালে লাল-সবুজের প্রতিনিধিরা শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিয়েছিল।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে ছিল। যদিও তারা একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল, ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে পারেনি।

সপ্তম মিনিটে বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করে। রাকিব হোসেনের পাস পেয়ে সৈয়দ কাজেম কিরমানী বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন, কিন্তু পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ সহজেই বলটি আটকে দেন।

২২ মিনিটে বাংলাদেশ আবারও গোলের কাছাকাছি পৌঁছায়। ডান দিক থেকে ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নারে রাকিব শট নেন, তবে পাকিস্তানের গোলরক্ষক তা প্রতিহত করেন।

৩২ মিনিটে পাকিস্তান এগিয়ে যাওয়ার সুযোগ পায়। মাঝমাঠ থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে আবদুল্লাহ শট নেন। গোলরক্ষক শ্রাবনকে পরাস্ত করলেও বলটি পোস্টে লেগে বাইরে চলে যায়।

প্রথমার্ধে বাংলাদেশের বলের দখল ছিল ৫৯ শতাংশ, পাকিস্তানের ৪১ শতাংশ। বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী মাঝমাঠে দারুণ প্রভাব বিস্তার করেন। তিনি খেলার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আক্রমণে সুযোগ তৈরি এবং রক্ষণে সহায়তা করেন। অন্যদিকে, পাকিস্তান পাল্টা আক্রমণের ওপর বেশি নির্ভরশীল ছিল।

বিরতির পর সফরকারীরা আরও গোছানো ফুটবল খেলতে শুরু করে। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে, দুই দলই গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে।

৭৫ মিনিটে আদিল বানি দুর্দান্ত একটি ফ্রি-কিক নেন। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ চমৎকার দক্ষতায় বলটি কর্ণারের মাধ্যমে বিপদমুক্ত করেন।

ছয় মিনিট পর বদলি খেলোয়াড় নাজিব উল্লাহ শ্রাবণের পরীক্ষা নেন। তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন। এবার ডান দিকে ঝাঁপিয়ে বলটি প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক।

তবে ৮৬ মিনিটে পাকিস্তান আর শেষ রক্ষা করতে পারেনি। শ্রাবন গোলকিক করার পরিবর্তে সামনে ছুঁড়ে দেন বল। সেই বল বক্সের কাছে পেয়ে শাহজাদের দিকে বাড়িয়ে দেন সতীর্থ ফরোয়ার্ড। শাহজাদ সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে শ্রাবণকে পরাস্ত করেন। তার এই গোলেই পাকিস্তান প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায়।

শেষ সময়ে বাংলাদেশ সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে। তারা কয়েকটি সুযোগও তৈরি করে, কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি।

এর আগে, ইনজুরির কারণে সাদ উদ্দিনের পরিবর্তে রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় সুকি ইতোফুসাকে একাদশে রাখা হয়।

গোলরক্ষক হিসেবে শুরু করেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে ছিলেন জায়ান আহমেদ, তারিক রায়হান কাজী ও জিদান ইউসুফ। তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ ছিলেন শুরুর একাদশের বাইরে।

মাঝমাঠ সামলান হামজা চৌধুরী, শমিত সোম ও শাহ কাজেম কিরমানী। আক্রমণভাগে ছিলেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি।

প্রধান কোচ থমাস ডুলি আজ শুরুর একাদশে আটজন প্রবাসী ফুটবলারকে খেলান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচে খেলা জামাল ভূঁইয়াকে এদিন একাদশে রাখা হয়নি।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রহমত মিয়া, সুকি ইতোফুসা, রাকিব হোসেন, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, শাহ কাজেম কিরমানী ও শমিত সোম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল রোববার থেকে স্বাভাবিক হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ এম


যুক্তরাষ্ট্রে বিমান চলাচল রোববার থেকে স্বাভাবিক হচ্ছে

রোববার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ। টানা দুই দিনের বিপর্যয়ের পর, দেশজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশের ফলে হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

শনিবার (১৪ নভেম্বর) কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, যুক্তরাষ্ট্রের পরিস্থিতির সবচেয়ে খারাপ সময় পেরিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করেন যে, রোববার (১৫ নভেম্বর) দিনের শেষ নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক সূচিতে ফিরে আসবে।

পুরোনো তামার তারের পরিবর্তে আধুনিক তার স্থাপনের সময় যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার কারণে এই বিপর্যয়ের সূত্রপাত ঘটে। পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কাজের সময় ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয়। এর ফলে বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ও রাডার ব্যবস্থায় বিঘ্ন ঘটে, যা দেশের বিমান চলাচল চার ঘণ্টার বেশি সময় বন্ধ রাখতে বাধ্য করে।

শুধু শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের মধ্যে অনেকে হোটেল, বাস ও ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। কিছু যাত্রী বিমানবন্দরেই রাত কাটান।

কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কাজ সম্পন্ন করতে আরও ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে পরিবহন বিভাগ জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও আকাশে থাকা কোনো যাত্রীর নিরাপত্তা ঝুঁকিতে পড়েনি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেসএক্সের রকেট পুনর্ব্যবহারে নতুন যুগান্তকারী সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


স্পেসএক্সের রকেট পুনর্ব্যবহারে নতুন যুগান্তকারী সাফল্য

মহাকাশ গবেষণার ইতিহাসে একটি অসাধারণ মুহূর্ত সৃষ্টি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠিত স্পেসএক্স। এটি প্রথমবারের মতো একটি বিশাল রকেট সফলভাবে মহাকাশ থেকে ফিরে এসে উৎক্ষেপণ কেন্দ্রের মেকানিক্যাল বাহুতে খাড়াভাবে ধরা পড়েছে। রকেটের পুনর্ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম ফ্লাইট সফলভাবে উড্ডয়ন করে। মহাশূন্যে কক্ষপথে সফলভাবে ঘুরে আসার পর এটি নির্দিষ্ট স্যাটেলাইট স্থাপন করে এবং পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আবার তার উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে। প্রায় ২০ ঘণ্টারও বেশি সময় মহাকাশে কাটানোর পর, মেঘের আড়াল থেকে নেমে এসে রকেটটি বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে নিরাপদে আটকা পড়ে।

এই ঐতিহাসিক সাফল্যের জন্য স্পেসএক্স টিমকে অভিনন্দন জানিয়েছেন নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান এবং স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। আইজ্যাকম্যান এই ঘটনাকে ‘প্রায় জাদুর মতো’ বলে অভিহিত করেছেন।

সাধারণত রকেটের ক্ষেত্রে মিশন শেষ হওয়ার পর ওপরের অংশগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়। তবে স্পেসএক্স তাদের স্টারশিপের প্রতিটি অংশই পুনরায় ব্যবহারের জন্য নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই সফল কৌশলটির ফলে ভবিষ্যতে মহাকাশ অভিযানের খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%