১০:৫৬ এম
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন আজ ভঙ্গ হয়েছে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আবদুল সামাদ শাহজাদ শেষ মুহূর্তে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় উপহার দেন। এর ফলে পাকিস্তান প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল।
আগামী ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবেলা করবে।
দিনের প্রথম সেমিফাইনালে ভারত ভুটানকে ২-১ গোলে পরাজিত করে দশমবারের মতো ফাইনালে উঠেছে।
আরও পড়ুন: জিম্বাবুয়ের প্রধান কোচের পদ ছাড়লেন জাস্টিন স্যামন্স
এই পরাজয়ের ফলে বাংলাদেশের জন্য সাফের ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০০৫ সালে লাল-সবুজের প্রতিনিধিরা শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিয়েছিল।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে ছিল। যদিও তারা একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল, ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে পারেনি।
সপ্তম মিনিটে বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করে। রাকিব হোসেনের পাস পেয়ে সৈয়দ কাজেম কিরমানী বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন, কিন্তু পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ সহজেই বলটি আটকে দেন।
২২ মিনিটে বাংলাদেশ আবারও গোলের কাছাকাছি পৌঁছায়। ডান দিক থেকে ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নারে রাকিব শট নেন, তবে পাকিস্তানের গোলরক্ষক তা প্রতিহত করেন।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি
৩২ মিনিটে পাকিস্তান এগিয়ে যাওয়ার সুযোগ পায়। মাঝমাঠ থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে আবদুল্লাহ শট নেন। গোলরক্ষক শ্রাবনকে পরাস্ত করলেও বলটি পোস্টে লেগে বাইরে চলে যায়।
প্রথমার্ধে বাংলাদেশের বলের দখল ছিল ৫৯ শতাংশ, পাকিস্তানের ৪১ শতাংশ। বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী মাঝমাঠে দারুণ প্রভাব বিস্তার করেন। তিনি খেলার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আক্রমণে সুযোগ তৈরি এবং রক্ষণে সহায়তা করেন। অন্যদিকে, পাকিস্তান পাল্টা আক্রমণের ওপর বেশি নির্ভরশীল ছিল।
বিরতির পর সফরকারীরা আরও গোছানো ফুটবল খেলতে শুরু করে। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে, দুই দলই গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে।
৭৫ মিনিটে আদিল বানি দুর্দান্ত একটি ফ্রি-কিক নেন। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ চমৎকার দক্ষতায় বলটি কর্ণারের মাধ্যমে বিপদমুক্ত করেন।
আরও পড়ুন: আজকের খেলা: ১৫ নভেম্বর ২০২৬
ছয় মিনিট পর বদলি খেলোয়াড় নাজিব উল্লাহ শ্রাবণের পরীক্ষা নেন। তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন। এবার ডান দিকে ঝাঁপিয়ে বলটি প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক।
তবে ৮৬ মিনিটে পাকিস্তান আর শেষ রক্ষা করতে পারেনি। শ্রাবন গোলকিক করার পরিবর্তে সামনে ছুঁড়ে দেন বল। সেই বল বক্সের কাছে পেয়ে শাহজাদের দিকে বাড়িয়ে দেন সতীর্থ ফরোয়ার্ড। শাহজাদ সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে শ্রাবণকে পরাস্ত করেন। তার এই গোলেই পাকিস্তান প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায়।
শেষ সময়ে বাংলাদেশ সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে। তারা কয়েকটি সুযোগও তৈরি করে, কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি।
এর আগে, ইনজুরির কারণে সাদ উদ্দিনের পরিবর্তে রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় সুকি ইতোফুসাকে একাদশে রাখা হয়।
আরও পড়ুন: টুখেলকে বলে দিন, স্পেনে বর্ণবাদ নেই: কোচ ফুয়েন্তে
গোলরক্ষক হিসেবে শুরু করেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে ছিলেন জায়ান আহমেদ, তারিক রায়হান কাজী ও জিদান ইউসুফ। তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ ছিলেন শুরুর একাদশের বাইরে।
মাঝমাঠ সামলান হামজা চৌধুরী, শমিত সোম ও শাহ কাজেম কিরমানী। আক্রমণভাগে ছিলেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি।
প্রধান কোচ থমাস ডুলি আজ শুরুর একাদশে আটজন প্রবাসী ফুটবলারকে খেলান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচে খেলা জামাল ভূঁইয়াকে এদিন একাদশে রাখা হয়নি।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রহমত মিয়া, সুকি ইতোফুসা, রাকিব হোসেন, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, শাহ কাজেম কিরমানী ও শমিত সোম।
আরও পড়ুন: হালান্ডের গোল-অ্যাসিস্টে নরওয়ের জয়ে আলোচনায় ইসাবেল হাউসেং ইয়োহানসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন