১১:০০ এম
চট্টগ্রাম মহানগরীতে গত আট মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। ঝটিকা মিছিল, মিছিলের প্রস্তুতি, গোপন বৈঠক এবং রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগে এসব অভিযান চালানো হয়েছে। মিছিলের পরপরই গ্রেপ্তারের পাশাপাশি ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করেছে পুলিশ।
পুলিশের তথ্য পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, নগরীর কোতোয়ালি, খুলশী, পাঁচলাইশ এবং ডবলমুরিং থানা এলাকায় সবচেয়ে বেশি অভিযান ও গ্রেপ্তার হয়েছে। তুলনামূলকভাবে কম অভিযান হয়েছে বন্দর, পতেঙ্গা, আকবরশাহ, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া এবং কর্ণফুলী থানা এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "নাশকতা চালিয়ে জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।" এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে অভিযান আরো জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল
সিএমপি কমিশনার আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাশকতার পরিকল্পনা, প্রস্তুতি কিংবা সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নগর পুলিশের তথ্যানুযায়ী, ১৮ ফেব্রুয়ারি রাতে নগরীর লালদীঘির পাড়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পরদিন পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
এছাড়া ২০ ফেব্রুয়ারি নগরীর রাইফেলস ক্লাবের সামনে ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ২০ এপ্রিল নগরীর কোর্ট হিল এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানায় কোতোয়ালি থানা পুলিশ। ২৪ ও ২৫ এপ্রিল ঝটিকা মিছিলের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে।
১৪ মে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। পরদিন ১৫ মে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত
জুনে পুলিশের অভিযান সবচেয়ে বেশি আলোচনায় আসে। ১ জুন নগরীর জিইসি মোড়ে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।
২ জুন সিএমপি জানায়, আগের ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মিছিলে অংশ নেওয়া, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
থানাভিত্তিক হিসাবে খুলশীতে সবচেয়ে বেশি ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি ও বায়েজিদ বোস্তামীতে ১২ জন করে, পাঁচলাইশে ১০ জন এবং ডবলমুরিংয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ইপিজেডে তিনজন, বাকলিয়া ও কর্ণফুলীতে দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গায় একজন করে গ্রেপ্তার করা হয়। ৬ জুন মিছিলের ঘটনায় ডবলমুরিং থানা পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানায়।
আরও পড়ুন: ৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী
আগস্টে পাঁচলাইশ ও ডবলমুরিংয়ে অভিযান
২৮ আগস্ট নগরীর মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
একই মাসে ডবলমুরিং থানা এলাকাতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সেপ্টেম্বরেও নগর ও জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল হয়। ২৫ সেপ্টেম্বর পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে ২০-৩০ জন অংশ নেন। এর আগে নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকাতেও মিছিল হয়। বায়েজিদ বোস্তামী ও সীতাকুণ্ডের দুটি ঘটনায় ছয়জন করে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
২৭ সেপ্টেম্বর রাতে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দুটি কেক জব্দের কথাও জানায়।
২৯ সেপ্টেম্বর নগরীর খুলশী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ঝটিকা মিছিল ঠেকাতে নজরদারি
আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা
সিএমপির সহকারী কমিশনার বলেন, সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাই তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি জানান, অনেক সময় নেতাকর্মীরা ফাঁকা রাস্তা বা জনশূন্য এলাকায় মিছিল করে দ্রুত সরে যান। এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কোতোয়ালি, খুলশী, পাঁচলাইশ এবং ডবলমুরিং থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এক অভিযানে সর্বোচ্চসংখ্যক গ্রেপ্তারের হিসাবে এগিয়ে খুলশী। ২ জুনের বিশেষ অভিযানে সেখানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ১৯ বছরেও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন