১০:৩২ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীমা আক্তার এবং তার স্বামী ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী ইয়াছিন আলী ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া, বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরত জাহান এবং জুনিয়র লাইব্রেরিয়ান মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭৫ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্কুলের গভর্নিং বডির দুর্নীতিতে জড়ানো অনাকাঙ্ক্ষিত: জোনায়েদ সাকি
বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২৪১০১০৪ রোলধারী শিক্ষার্থী শামীমা আক্তার জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে রেজাল্ট তৈরি করার সময় প্রশাসন প্রদত্ত সফটওয়্যারে শিক্ষার্থীর রোল নাম্বার না থাকার কারণে বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে।
গত ১১ জুলাই, বিষয়টি নিয়ে বৈঠক করে পরীক্ষা কমিটি। এরপর বিভাগীয় সভাপতিকে জানালে একইদিনে জরুরি মিটিং ডাকা হয়। উক্ত সভায় অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত কোনো নথি একাডেমিক শাখায় না পাওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভাগের সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করা হয়।
এ ঘটনায়, গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির অন্য দুই সদস্য ছিলেন— বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন এবং শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার মো. বদিউজ্জামান। সর্বশেষ সিন্ডিকেটে তদন্ত কমিটির সুপারিশ গেলে এই সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯০ জন কোর ট্রেইনারের অ্যাপ্লায়েড আইসিটি প্রশিক্ষণের সমাপনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন