ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রামের জন্য সমঝোতা স্বাক্ষর


ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রামের জন্য সমঝোতা স্বাক্ষর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির (বিএনইউ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা চীনা ভাষায় যৌথ পিএইচডি প্রোগ্রাম চালুর উদ্দেশ্যে। এই সমঝোতার মাধ্যমে ঢাবির চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীরা বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি করার সুযোগ লাভ করবেন।

শনিবার (১৪ নভেম্বর) বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাবির পক্ষে প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. আবদুস সালাম এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটির কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ঝৌ জুয়ু স্বাক্ষর করেন।

এ সময় ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মোহাম্মদ আবছার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবির সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব গড়তে এডিবির শিগগিরই সমঝোতা স্মারক

সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে কাজ করবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম সপ্তাহজুড়ে নিম্নমুখী, ব্রেন্ট ক্রুড ৯৫.৮৪ ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


জ্বালানি তেলের দাম সপ্তাহজুড়ে নিম্নমুখী, ব্রেন্ট ক্রুড ৯৫.৮৪ ডলারে

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেল ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম কমে প্রতি ব্যারেল ৯৫.৮৪ ডলারে পৌঁছেছে।

চলতি সপ্তাহজুড়ে বাজারে অব্যাহত দাম পতনের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার টানা দ্বিতীয় সপ্তাহের জন্য ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি এবং বৈশ্বিক চাহিদার তুলনায় জোগানের আধিক্য এই নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থাসহ (IEA) বিভিন্ন পরাশক্তি বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা প্রকাশ করায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা সীমিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা এই সপ্তাহের জন্য তেলের দামের বুলিশ (বাজার ঊর্ধ্বমুখী হওয়ার) এবং বেয়ারিশ (বাজার নিম্নমুখী হওয়ার) সূচক বা রেঞ্জ যথাক্রমে ৯৮ ডলার এবং ৯১ ডলার নির্ধারণ করেছেন। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং রপ্তানি পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনে তেলের বাজার কোন দিকে মোড় নেবে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাজার বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


ভোলার পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা

বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটন শিল্প একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে। একটি দেশের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য এই খাত অপরিহার্য।

বাংলাদেশের প্রেক্ষাপটে, সমৃদ্ধ অর্থনীতি গঠনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইতিবাচক পরিচয় তুলে ধরতে পর্যটন খাতের পরিকল্পিত বিকাশ অত্যন্ত প্রয়োজন। দেশের দক্ষিণাঞ্চলের অনন্য সৌন্দর্যের নিদর্শন চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ও তারুয়া দ্বীপ। ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচরের দক্ষিণে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।

বঙ্গোপসাগরের কোলে প্রায় চার দশক আগে জেগে ওঠা এই দ্বীপের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণপিয়াসু পর্যটকদের আকৃষ্ট করে। সবুজ বনভূমি, সোনালী সৈকত, বালুর ঝলকানি এবং লাল কাঁকড়ার বিচরণ—এ সব মিলিয়ে এই দ্বীপ প্রকৃতির এক অনন্য উপহার।

বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিশাল জলরাশি, অন্যদিকে বঙ্গোপসাগরের মোহনা, বিস্তীর্ণ চরাঞ্চল, সবুজ ম্যানগ্রোভ বন, নির্জন সমুদ্র সৈকত এবং পাখির কলকাকলি—সবকিছু মিলিয়ে এই জনপদ পর্যটনের জন্য এক অনন্য সম্ভাবনার জায়গা।

বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সাগরের জলরাশি, নদী, খাল, দীর্ঘ সমুদ্র সৈকত এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ চর কুকরি-মুকরি। কোলাহলমুক্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে প্রকৃতির সান্নিধ্য পেতে দিন দিন পর্যটকের আগমন বাড়ছে। পরিকল্পিত এবং পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে চর কুকরি-মুকরি দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৪৫ কিমি দক্ষিণে চরফ্যাশন উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিমি দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত চর কুকরি-মুকরি। তারও পরে একেবারে সাগরের কোল ঘেঁষে অবস্থিত তারুয়া দ্বীপ।

স্থানীয়দের কাছে ‘দ্বীপকন্যা’ হিসেবে পরিচিত এই এলাকায় রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নদী-খাল, সমুদ্র সৈকত এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য। সবুজ প্রকৃতি এবং নিরিবিলি পরিবেশের কারণে প্রকৃতিপ্রেমীদের কাছে স্থানটি ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। চর কুকরি-মুকরির ম্যানগ্রোভ বনাঞ্চলে সুন্দরী, গেওয়া, পশুর এবং কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। বন ও আশপাশের এলাকায় চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বনবিড়াল এবং বনমোরগসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে। শীত মৌসুমে অতিথি পাখির আগমন এ অঞ্চলের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে। এখানকার অন্যতম আকর্ষণ নারকেল বাগান। ম্যানগ্রোভ বন পেরিয়ে নারকেল বাগানে পৌঁছালে চোখে পড়ে বিস্তৃত জলরাশি এবং খোলা আকাশ। প্রকৃতির মাঝে সময় কাটানো, ছবি তোলা এবং ক্যাম্পিংয়ের জন্য স্থানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

চর কুকরি-মুকরির আরেকটি বড় আকর্ষণ প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ তারুয়া সৈকত। দিগন্তবিস্তৃত সমুদ্র, নির্জন সৈকত এবং সবুজ বন একসঙ্গে উপভোগের সুযোগ থাকায় দিন দিন দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যও পর্যটকদের আকৃষ্ট করছে।

পর্যটকদের জন্য একটি উঁচু ওয়াচ টাওয়ার রয়েছে। সেখান থেকে চারপাশের বন, নদী এবং বিস্তীর্ণ চরাঞ্চলের সৌন্দর্য উপভোগ করা যায়। পাশাপাশি কালিরচর, তারুয়া এবং ঢালচরের প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। অনেকে রাত কাটাতে সাগরপাড়ে তাঁবু টানিয়ে ক্যাম্পিংও করেন।

পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২৫ জানুয়ারি চর কুকরি-মুকরিতে ইকোপার্ক স্থাপন করা হয়। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনও পর্যাপ্ত নয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ নৌযান, আবাসন, খাবারের ব্যবস্থা, পর্যটনবান্ধব অবকাঠামো এবং বিনোদন সুবিধার ঘাটতি রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আল আমিন বলেন, "চর কুকরি-মুকরির প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। চারদিকে সবুজ বন, নদী এবং সাগর। সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। তবে পর্যটকদের জন্য যাতায়াত এবং থাকার ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন।"

বরিশাল থেকে আসা পর্যটক মোজাম্মেল হক বলেন, "অনেক পর্যটনকেন্দ্রে ঘুরেছি। কিন্তু চর কুকরি-মুকরির সৌন্দর্য আলাদা। বিশেষ করে ম্যানগ্রোভ বন এবং তারুয়া সৈকতের পরিবেশ খুবই ভালো লেগেছে। সুযোগ পেলে আবারও এখানে আসতে চাই।"

চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফরিদ উদ্দিন বলেন, "এখানে এসে মনে হয়েছে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে প্রকৃতির কাছে চলে এসেছি। সূর্যাস্ত, সৈকত এবং বনের পরিবেশ উপভোগ করার মতো। নিরাপদ নৌযান এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে আরও বেশি পর্যটক আসবেন।"

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক স্থাপনা, দৃষ্টিনন্দন পার্ক এবং বিনোদনকেন্দ্র গড়ে ওঠায় চরফ্যাশন এখন ভোলার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।

পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবার বেতুয়া প্রশান্তি পার্কে যুক্ত হয়েছে নতুন নান্দনিক স্থাপনা ‘ভালোবাসার চরফ্যাশন’। আলোকসজ্জিত ‘আই লাভ সাইন’ বা সেলফি পয়েন্টটি গত ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। আধুনিক নকশা, ঝলমলে এলইডি লাইট এবং হৃদয়াকৃতির লাল প্রতীকে সাজানো স্থাপনাটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় স্থাপনাটি নতুন রূপ ধারণ করে। এর সামনে ছবি এবং ভিডিও ধারণ করতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চরফ্যাশনের সৌন্দর্য তুলে ধরতে অনেক কনটেন্ট ক্রিয়েটরেরও উপস্থিতি দেখা যাচ্ছে।

নান্দনিক এই সেলফি পয়েন্টের উদ্যোক্তা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। স্থাপনাটির সার্বিক পরিকল্পনায় রয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই আয়োজন বেতুয়া প্রশান্তি পার্কের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি চরফ্যাশনের পর্যটন পরিচিতি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। নদীর তীরে প্রশান্তির ঠিকানা বেতুয়া চরফ্যাশনের পর্যটন আকর্ষণের অন্যতম স্থান বেতুয়া প্রশান্তি পার্ক। মেঘনা নদীর তীরঘেঁষে বেতুয়া লঞ্চঘাটের পাশে গড়ে ওঠা এই পার্কে প্রতিদিনই ঘুরতে আসেন স্থানীয় মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস, নৌযানের চলাচল এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য এখানে বাড়তি আকর্ষণ তৈরি করে।

বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। নদীর পাড়ে বসে সময় কাটানো, পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি এবং ছবি তোলার জন্য জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। এর সঙ্গে ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট যুক্ত হওয়ায় পার্কটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

বেতুয়া লঞ্চঘাট চরফ্যাশনের যোগাযোগব্যবস্থারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঢাকা-চরফ্যাশন নৌপথে লঞ্চ চলাচলের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের জন্য এই এলাকা পরিচিত প্রবেশদ্বার। ফলে পর্যটন কেন্দ্র হিসেবে বেতুয়ার গুরুত্ব আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

চরফ্যাশন টাওয়ারে দাঁড়িয়ে দেখা যায় নদী-চরের সৌন্দর্য। চরফ্যাশনের পর্যটন পরিচিতির অন্যতম প্রতীক জ্যাকব টাওয়ার (চরফ্যাশন টাওয়ার)। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার স্থানীয় পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে। উঁচু টাওয়ার থেকে আশপাশের বিস্তীর্ণ জনপদ, নদী এবং সবুজ প্রকৃতির দৃশ্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা। বিশেষ করে পর্যটকদের কাছে এটি ছবি তোলা এবং চরফ্যাশনের সৌন্দর্য অবলোকনের অন্যতম আকর্ষণ।

চরফ্যাশন টাওয়ারের পাশাপাশি চরফ্যাশন শহরের ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং শহীদ মিনার চত্বরও দর্শনার্থীদের বিনোদনের সুযোগ তৈরি করেছে। শিশুদের জন্য পার্কের বিভিন্ন বিনোদনব্যবস্থা এবং শহরের নান্দনিক স্থাপনাগুলো স্থানীয় পর্যায়ে পর্যটন এবং অবসর বিনোদনের পরিসর বাড়িয়েছে। কুকরি-মুকরি যেন প্রকৃতির এক সবুজ রাজ্য।

চরফ্যাশন দীর বুক চিরে বিলাসবহুল জাহাজে যাত্রা, চারপাশে জলরাশি, সবুজ বনাঞ্চল, বিস্তীর্ণ বালুচর এবং সমুদ্রঘেঁষা প্রকৃতি—সব মিলিয়ে পর্যটকদের জন্য তৈরি হয়েছে ভিন্নধর্মী এক ভ্রমণ অভিজ্ঞতা। চর কুকরি-মুকরি ভোলার চরফ্যাশন উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার সবুজ বনাঞ্চল, নদী-খাল, নারিকেল বাগান এবং প্রাকৃতিক পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। পাশাপাশি তারুয়া সমুদ্র সৈকতের বিস্তীর্ণ বালুচর এবং নির্জন পরিবেশও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। পর্যটন সম্ভাবনার সবচেয়ে বড় সম্পদগুলোর একটি চর কুকরি-মুকরি। মেঘনা নদীর অববাহিকা এবং বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা এই দ্বীপে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নদীর শাখা-প্রশাখা, সবুজ বৃক্ষরাজি, নির্জন চর এবং প্রাকৃতিক বন্যপ্রাণীর আবাসস্থল। স্থানীয়ভাবে এটি ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত।

কুকরি-মুকরির বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খাল, নদীর পাড়ের সারি সারি গাছ, মাছ ধরার নৌকা, জেলেদের জীবনযাত্রা এবং শীত মৌসুমে অতিথি পাখির উপস্থিতি পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণীয়। এখানে বন এবং নদীকে ঘিরে নৌভ্রমণ, প্রকৃতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।

কুকরি-মুকরিতে পর্যটকদের জন্য সীমিত আবাসন এবং হোমস সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ, নিরাপদ নৌযান, মানসম্মত আবাসন, খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে।

তারুয়া সমুদ্র সৈকতে প্রকৃতি এবং সাগরের মিতালি। চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত পর্যটনের আরেক অনন্য আকর্ষণ। বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত এই সৈকতে রয়েছে বিস্তীর্ণ বালুকাবেলা, ম্যানগ্রোভ বন, নদী-সমুদ্রের মিলনস্থলের সৌন্দর্য এবং নির্জন প্রাকৃতিক পরিবেশ। সৈকতের একদিকে সমুদ্রের বিশাল জলরাশি, অন্যদিকে সবুজ বনভূমি—প্রকৃতির এমন বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে।

তারুয়ার আশপাশের চরাঞ্চলে শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির বিচরণ দেখা যায়। বন্যপ্রাণী এবং পাখির উপস্থিতি এই এলাকাকে পরিবেশ এবং প্রকৃতিনির্ভর পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে দুর্গম যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত আবাসন, নিরাপদ নৌযান এবং পর্যটকসেবার সীমাবদ্ধতা এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

খেজুর গাছিয়া সৈকত এবং দক্ষিণাঞ্চলের নতুন পর্যটন সম্ভাবনা। চরফ্যাশনের দক্ষিণাঞ্চলে খেজুরগাছিয়া সৈকতসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এসব স্থানকে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত করার প্রচেষ্টা রয়েছে। বিস্তীর্ণ বালুচর, নদী এবং সাগরের জলরাশি, খোলা আকাশ এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করতে পারে।

এ ছাড়া ঢালচর, চর নিজাম, চর পাতিলা এবং আশপাশের বিচ্ছিন্ন চরাঞ্চলেও রয়েছে নদী, সমুদ্র, বনভূমি এবং জীববৈচিত্র্যকেন্দ্রিক পর্যটনের সুযোগ। এসব এলাকায় পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে ভোলার চরফ্যাশনকে একাধিক গন্তব্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন অঞ্চলে পরিণত করা সম্ভব।

পর্যটন ঘিরে বদলাতে পারে স্থানীয় এবং দেশের অর্থনীতি। চরফ্যাশনের পর্যটনশিল্পের বিকাশ কেবল বিনোদনের সুযোগ সৃষ্টি করবে না, স্থানীয় এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পর্যটকের আগমন বাড়লে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, নৌযান, স্থানীয় খাবার, হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং আবাসন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

স্থানীয় জেলে, নৌযানচালক, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং তরুণদের জন্যও পর্যটন হতে পারে আয়ের নতুন উৎস। পর্যটকদের কাছে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, খাবার এবং জীবনযাত্রা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে কুকরি-মুকরি এবং তারুয়ার মতো প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় জনগণের অংশগ্রহণে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ সম্ভব।

সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন আকর্ষণ থাকলেও চরফ্যাশনের পর্যটনশিল্প এখনো পূর্ণাঙ্গভাবে বিকশিত হয়নি। অনেক দর্শনীয় স্থানে যাতায়াতের জন্য পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য পরিবহন নেই। কোথাও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা, কোথাও নৌপথে যাতায়াতের অনিশ্চয়তা পর্যটকদের ভোগান্তিতে ফেলে।

এ ছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে মানসম্মত আবাসন, পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিরাপদ খাবার, পর্যাপ্ত বসার স্থান, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা এবং পর্যটক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দুর্গম দ্বীপ এবং সমুদ্র সৈকত এলাকায় আবহাওয়া, জোয়ার-ভাটা এবং নৌযান চলাচলের বিষয়ে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য এবং সতর্কতা দেওয়ার ব্যবস্থাও থাকা প্রয়োজন।

বিশেষ করে কুকরি-মুকরি এবং তারুয়ার মতো জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকায় পর্যটন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বনভূমি, বন্যপ্রাণী এবং অতিথি পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত করে পর্যটন সম্প্রসারণ করলে দীর্ঘমেয়াদে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদই হুমকির মুখে পড়বে।

প্রয়োজন সমন্বিত পর্যটন পরিকল্পনা

পর্যটন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চরফ্যাশনের দর্শনীয় স্থানগুলোকে একটি সমন্বিত পর্যটন পরিকল্পনার আওতায় আনা প্রয়োজন। বেতুয়া প্রশান্তি পার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শিশু পার্ক, কুকরি-মুকরি, তারুয়া এবং খেজুরগাছিয়া সৈকতকে কেন্দ্র করে পৃথক পর্যটন রুট তৈরি করা যেতে পারে।

একই সঙ্গে ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে পর্যটকদের সহজ যাতায়াত নিশ্চিত করতে নৌ এবং সড়ক যোগাযোগের উন্নয়ন, নিরাপদ পরিবহন, পর্যাপ্ত আবাসন, পর্যটক তথ্যকেন্দ্র এবং প্রশিক্ষিত গাইডের ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয় তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটনসেবায় যুক্ত করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি পর্যটকদের সেবার মানও উন্নত হবে।

এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিনিয়োগ, স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে নদী, সমুদ্র, বন, দ্বীপ এবং আধুনিক স্থাপনার অপূর্ব সমন্বয়ে ভোলার চরফ্যাশন হতে পারে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্টের মতো নতুন উদ্যোগ পর্যটনের প্রচার এবং পরিচিতি বাড়ানোর পাশাপাশি এই সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। এখন প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটকসেবার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে চরফ্যাশনের পর্যটনশিল্প স্থানীয় এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে চরফ্যাশনের চর কুকরি মুকরি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সীমান্ত উপজেলা নয়, সঠিক ব্যবস্থাপনায় এটি বাংলাদেশের পর্যটন অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে উন্নয়নের সঙ্গে প্রকৃতি সংরক্ষণ, নিরাপত্তা এবং স্থানীয় মানুষের স্বার্থের ভারসাম্য বজায় রাখতে হবে।

পরিকল্পিত, দায়িত্বশীল এবং টেকসই উদ্যোগই পারে ভোলার চরফ্যাশন উপজেলা দেশীয় পর্যটনের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে সুপরিচিত করে তুলতে।

পর্যটন কেবল বিনোদন বা ভ্রমণের মাধ্যম নয়, এটি একটি দেশের অর্থনৈতিক রূপান্তর এবং বিশ্বমঞ্চে ইতিবাচক পরিচয় গড়ার শক্তিশালী হাতিয়ার। সরকারি এবং বেসরকারি উদ্যোগের সমন্বয়ে ভোলায় টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভোলার পর্যটন শিল্পই হতে পারে আগামী বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তোলা গেলে ভোলার চরফ্যাশন চর কুকরি-মুকরি, তারুয়া দ্বীপ হয়ে উঠতে পারে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি নিরাপদ, আকর্ষণীয় এবং টেকসই পর্যটন কেন্দ্র এবং অর্থনৈতিক অঞ্চল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ মুসলিম দেশের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


১৮ মুসলিম দেশের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা করেছে ১৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার মধ্যে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক এবং পাকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে।

একটি যৌথ বিবৃতিতে, দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, এই হামলায় একজন চিকিৎসক (সার্জন) এবং এক শিশুসহ অন্তত ছয়জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হাসপাতালের মতো একটি চিকিৎসাকেন্দ্রে এমন হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় এবং এর ফলে রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে সতর্ক করা হয়েছে যে, এ ধরনের সামরিক অভিযান গাজায় চলমান যুদ্ধবিরতিকে নস্যাৎ করে দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীরা আরও অভিযোগ করেছেন যে, ইসরায়েল গাজায় চিকিৎসা সরঞ্জাম ও শীতকালীন আশ্রয় সামগ্রীসহ জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করছে। তারা সতর্ক করে বলেন, আসন্ন শীতের আগে পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার চরম অবনতি গাজার শিশু ও নবজাতকদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলবে।

যৌথ বিবৃতিতে, ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং যুদ্ধবিরতি চুক্তির অধীনে গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হয়। একইসঙ্গে, গাজার ত্রাণ প্রবেশের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন) ও 'বোর্ড অব পিস'-এর প্রতি ১৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জোর দাবি জানিয়েছেন। সূত্র: আল আরাবিয়া, ডন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


পিরোজপুরে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা
 
পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কিছু গণমাধ্যমে কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র এবং দেশের আইন মেনে গঠিত হয়েছে। 
 
 আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত কোটি টাকার বেশি তহবিল আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে তিনি কুচক্রী মহলের সহায়তায় এসব অপপ্রচার চালাচ্ছেন।
 রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত এবং বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রাক্তন সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 
 
 আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মা দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে। উৎসব সুষ্ঠু করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানালেও ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। 
 
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়ে আশ্রম কর্তৃপক্ষ বলেন, শ্রীগুরু সঙ্ঘ একটি ঐতিহ্যবাহী, অরাজনৈতিক ও দেশব্যাপী বিস্তৃত ধর্মীয় প্রতিষ্ঠান। তাই আশ্রমের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সব পক্ষের বক্তব্য শুনে প্রকৃত অবস্থা বিবেচনার আহ্বান জানান তাঁরা। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ এবং সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%