ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পিরোজপুরে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা


পিরোজপুরে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা
 
পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট কমল দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কিছু গণমাধ্যমে কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র এবং দেশের আইন মেনে গঠিত হয়েছে। 
 
 আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত কোটি টাকার বেশি তহবিল আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে তিনি কুচক্রী মহলের সহায়তায় এসব অপপ্রচার চালাচ্ছেন।
 রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত এবং বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রাক্তন সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 
 
 আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মা দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে। উৎসব সুষ্ঠু করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানালেও ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। 
 
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুরের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়ে আশ্রম কর্তৃপক্ষ বলেন, শ্রীগুরু সঙ্ঘ একটি ঐতিহ্যবাহী, অরাজনৈতিক ও দেশব্যাপী বিস্তৃত ধর্মীয় প্রতিষ্ঠান। তাই আশ্রমের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সব পক্ষের বক্তব্য শুনে প্রকৃত অবস্থা বিবেচনার আহ্বান জানান তাঁরা। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ এবং সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবর থেকে যুবদল নেতা সজীব আটক করেছে ডিবি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


আদাবর থেকে যুবদল নেতা সজীব আটক করেছে ডিবি পুলিশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদাবর এলাকা থেকে যুবদল নেতা সজীব আহমেদ রানাকে আটক করেছে। সজীব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য প্রদান করেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি উল্লেখ করেন, সন্ধ্যার সময় তাকে গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নেয়। পরে সজীবকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে, তাকে কেন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র দাসপুর থেকে শুরু হয়ে লক্ষ্মীর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসান। এ সময় তিনি বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে : ভূমিমন্ত্রী মিনু

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে : ভূমিমন্ত্রী মিনু
 
 ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত হতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জীবনে সফল হতে সময়ানুবর্তিতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত সময় মেনে চলার পরামর্শ দেন তিনি।
বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা ডিআইজি মামুন মাহমুদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন।
শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও নৈতিকতার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, বিচারপতি জি এন রায় ও স্থপতি এফ আর খানের অবদানের কথা তুলে ধরেন।
প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য একটি নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পৃথক কমন রুমের ব্যবস্থা থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস বরাদ্দের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন ভূমিমন্ত্রী। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার কথা উল্লেখ করেন তিনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি হলেন বীর মুক্তিযোদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি হলেন বীর মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মৃত এক বীর মুক্তিযোদ্ধাকে আসামি করা হয়েছে।

সামচু ঢালী নামের ওই আওয়ামী লীগ নেতা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগে মারা গেছেন। তার মৃত্যু ২৯ মার্চ ঘটলেও, ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে তার নাম ২১৯ নম্বরে উল্লেখ করা হয়েছে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর সন্তান। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। একইসাথে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে কিছু যানবাহনে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে মৃত সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এজাহারে নাম অন্তর্ভুক্তির আগে আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, "বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাকে একটি মামলার আসামি করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।" তিনি দাবি করেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে মামলার বাদী এসআই আকরাম বলেন, "আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।"

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, "মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%