ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা


ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা প্রদান করেছে। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অতিথিকে বরণ করার সময় শিশুদের হাতে ফুলের ডালা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ ছিল, যা উপস্থিতদের নজর কাড়ে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের চৌরাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। র‍্যালিতে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন: রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। দীর্ঘ ৪২ বছর ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে মির্জা ফয়সল আমিন নিজেকে ভাগ্যবান মনে করেন। তিনি জানান, এই অর্জন শুধু তার একার নয়, বরং সবার সম্মিলিত অবদানের ফল। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল র‍্যালি ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ
 প্রকৌশল শিক্ষার মান যাচাই, অ্যাক্রেডিটেশনের শর্ত পূরণ এবং নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ছিল বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩: রিকয়ারমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন।

প্রশিক্ষণে নতুন ম্যানুয়ালের বিভিন্ন শর্ত, প্রকৌশল শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন পদ্ধতি, অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণ, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বিএইটিইর আন্তর্জাতিক সম্পর্ক ও শিল্প সংযোগ বিভাগের পরিচালক ড. সাদিদ মুনির। তিনি উপস্থিত ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নতুন ম্যানুয়ালের শর্তাবলি এবং সেগুলো বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও অধ্যাপকরা অংশ নেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক

২০১৭ সালে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকাকে জীবিত অবস্থায় দেশে ফিরতে দেয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, ‘২০১৭ সালে আমার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। কিন্তু খুনি হাসিনা ও তার সরকার তাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’

উল্লেখ্য, সাদেক হোসেন খোকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এই রাজনীতিক। দেশে ফিরতে তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেও আওয়ামী লীগ সরকার তা নাকচ করে।

এদিকে, রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আসন্ন ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার (৯ নভেম্বর) এ আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি কৃষ্ণা এন. দাসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এই আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না বাংলাদেশ থেকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিটি লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের দ্বারা পাঠানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন করে এগুলো দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে।

চিঠিটি ই-মেইলে পাওয়ার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। দিল্লির প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান যুগান্তরকে জানান, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল বাংলাদেশ হাইকমিশন পেয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে ই-মেইলটি পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে।

সাইদুর রহমান আরও জানান, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে, এই আবেদন শেখ হাসিনার পক্ষ থেকেই এসেছে এবং ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার অথোরাইজড করা কোনো প্রতিষ্ঠান।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিশেষ করে গত বেশ কয়েকদিন ধরে ডিসেম্বরে হাসিনা দেশে আসছেন এমন গুঞ্জন থাকায় বিষয়টি আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। তবে সরকারের দিক থেকে ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী হিসাবে হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটি ইস্যু হয়ে উঠেছে, এটি কোনো গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।

ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হবে যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।

ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।

বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই – সেটি নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।

দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো—

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

এর জন্য দিল্লির পক্ষে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও প্রস্তুত রয়েছে।

দ্বিতীয় শর্ত হচ্ছে— শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবিটি যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।

সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানান।

এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, পুলিশ ঘিরে রেখেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, পুলিশ ঘিরে রেখেছে

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে, যা বোমাসদৃশ বলে মনে হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা এই বস্তুটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি জানার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে ফেলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলরত কয়েকজন পথচারী লাল প্লাস্টিকে মোড়ানো সেই বস্তুটি লক্ষ্য করেন। বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় এটি বোমা হতে পারে বলে তাদের ধারণা। এরপর তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই ঘটনার বিষয়ে বলেন, ‘ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনির জোড়া গোলের পরও ব্রাজিলের হার, কোচ আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়ার লাল কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ভিনির জোড়া গোলের পরও ব্রাজিলের হার, কোচ আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়ার লাল কার্ড

ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের পরও ব্রাজিল পরাজয় এড়াতে পারেনি। নাটকীয় প্রত্যাবর্তনের পর জাপান ম্যাচের যোগ করা সময়ের গোলে একটি দারুণ জয় অর্জন করেছে। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে লাল কার্ড পেয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবং ফরোয়ার্ড রাফিনিয়া।

শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ার দলটি বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলকে ৩-২ গোলে পরাজিত করেছে।

জাপান ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করেছে। ১৫তম মিনিটে তাকেফুসা কুবোর গোলে সামুরাই ব্লু এগিয়ে যায়। মাত্র চার মিনিট পর কেইতো নাকামুরা ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলকে চাপে ফেলে দেন।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ব্রাজিল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৩৩তম মিনিটে ব্রুনো গিমারাইসের পাস থেকে দুর্দান্ত এক গোল করে ভিনিসিউস ব্যবধান কমান। প্রথমার্ধ শেষ হয় জাপানের ২-১ গোলের লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণের ধার আরও বাড়ায়। ৭৫তম মিনিটে আবারও গিমারাইসের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করে ভিনিসিউস ম্যাচে সমতা ফেরান। দুই গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরানোর কৃতিত্ব ছিল রিয়াল মাদ্রিদ তারকার।

ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় তাতসুহিরো সাকামোতো জাপানের নায়ক হয়ে ওঠেন। তার গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জাপান, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

শেষ বাঁশির পর ব্রাজিলের হতাশা আরও বাড়ে। অতিরিক্ত সময়ে রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে লাল কার্ড দেখেছেন ব্রাজিলের কোচ আনচেলত্তি এবং ফরোয়ার্ড রাফিনিয়া।

বল দখলে (৫৮ শতাংশ) এবং আক্রমণে এগিয়ে থাকলেও জাপানের কার্যকর ফুটবলের সামনে ব্রাজিল হার মানতে বাধ্য হয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোর পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিজেদের সামর্থ্যের আরেকটি প্রমাণ দিল হাজিকে মোরিয়াসুর দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%